
পানির ওপর টং ঘরে ১৫ বছর কাটিয়েছেন। সেই কষ্টের জীবন পেরিয়ে কাল ফ্ল্যাটে উঠলেন মাবিয়া আক্তার সীমান্ত। খেলা নিয়ে হতাশা থাকলেও এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক নতুন জীবন নিয়ে একটু রোমাঞ্চিতই
* শুনলাম নতুন বাসায় উঠেছেন। জীবনে আরেকটু এগোলেন আপনি। অনুভূতি কেমন?
মাবিয়া আক্তার সীমান্ত: অনেক সমস্যা আছে, তবু আজ আমার আনন্দের দিন। ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগে সেই পানির ওপর বাঁশের তৈরি টং ঘর ছেড়ে আজ পাশেই এক ফ্ল্যাটে উঠলাম। মনে হচ্ছে এ এক নতুন জীবন।
* নিশ্চয়ই আপনার বাবা-মা খুব খুশি। আপনার জন্য তাঁদের জীবনেও তো বড় একটা পরিবর্তন হলো...
মাবিয়া: বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি গর্বিত। তাঁরা অনেক কষ্ট করেছেন। ঢাকায় আমাদের থাকার জায়গা ছিল না। মামার জায়গায় একটা অস্থায়ী বাসা করে আমরা এত দিন ছিলাম। সেই জীবন ছেড়ে ফ্ল্যাটে ওঠার তৃপ্তিটা বলে বোঝাতে পারব না।
* নতুন এই ভাড়া বাসাটা কেমন?
মাবিয়া: এটি তিন রুমের। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সরকার এটির ভাড়া দেবে। সব মিলিয়ে ২২ হাজার টাকা ভাড়া আসবে।
* কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএ গেমসে সোনাজয়ীদের বাড়ি দেওয়ার কথা বলেছিলেন। এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে?
মাবিয়া: আমি যত দূর জানি, উত্তরায় আমাদের জন্য বাড়ি তৈরি করছে সরকার। ওই বাড়ি না হওয়া পর্যন্ত এই ভাড়া বাসায় থাকত। আশা করি, খুব দ্রুতই বাড়ির কাজ শেষ হবে।
* কষ্টের জীবন পেছনে ফেলেছেন। তবে আপনার খেলার কী অবস্থা?
মাবিয়া: এসএ গেমসে সোনা জেতার পর আমার জীবনে বাহ্যিক পরিবর্তন এসেছে। কিন্ত খেলাটা হারিয়ে যেতে বসেছে। ছয় মাস আগে দায়িত্ব নেওয়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি আমাকে কোথাও পাঠাচ্ছে না। তবে আমি নিজের পারফরম্যান্সটা ধরে রাখার চেষ্টা করছি।
* কোথাও খেলতে না পারলে আপনার পারফরম্যান্স একসময় অনেকে নিচে নেমে যাবে। যেটা আপনার জন্য অশনিসংকেতই। অাপনার নিজের কী মনে হচ্ছে?
মাবিয়া: মনে হচ্ছে, আমার সামনে অন্ধকার অপেক্ষা করছে। আমি ফেডারেশনের নতুন কমিটির রোষানলে পড়েছি। ফেডারেশনের সভাপতি সাহেব আমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছেন। আপত্তিকর ভাষায় গালাগাল পর্যন্ত করা হয়েছে। এমন অবস্থার মধ্যে পড়ব আমি ভাবিনি।
* ফেডারেশনে নতুন কমিটি আপনার অভিযোগ অস্বীকার করছে। আসলে দ্বন্দ্বটা কী নিয়ে?
মাবিয়া: এসএ গেমসে আমি সোনা জয়ের সময় ফেডারেশন সভাপতি ওখানে ছিলেন না। তার আগেই চলে আসেন। তিনি আসার পর কেন সোনা জিতলাম, এটাই তাঁর ক্ষোভের কারণ। তাই আমাকে গত চারটি টুর্নামেন্টে পাঠানো হয়নি। এসব নিয়ে আমি খুব হতাশ, ব্যথিত। পরশু ফেডারেশনের সভায় নাকি সিদ্ধান্ত হয়েছে, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে মারবে!
* এ তো খুবই দুশ্চিন্তার কথা। তা আপনি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন?
মাবিয়া: আমি আর কার কাছে যাব। কাকে বলব! এই ফেডারেশনের কাছে আমি কিছু আশা করি না। এরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঠিকমতো দল পাঠাতে পারছে না। কখন কোন খেলা জানে না। মেইল আসে, সেটাও তাদের অজানা থাকে। তারা দল পাঠায় খেলা শুরু হয়ে যাওয়ার পর। এভাবে একটা ফেডারেশন চলতে পারে না। এই অবস্থার দ্রুত পরিবর্তন দরকার।