'তরুণদের জায়গা করে দিতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসিথ মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা

ব্যতিক্রমী বোলিং অ্যাকশন দিয়ে প্রথম নজর কেড়েছিলেন। সেটির সঙ্গে যোগ হয়েছে বাহারি চুল। ব্যাটসম্যানদের জন্য আততায়ী ইয়র্কারও তাঁর নামের সমার্থক। কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। তবে তার আগে গত পরশু ফতুল্লায় একান্ত সাক্ষাৎকারে লাসিথ মালিঙ্গা কথা বললেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরে নানা বিষয় নিয়ে—
* ২০১৪ সালে বাংলাদেশ সফরে জানুয়ারি থেকে এপ্রিল—চার মাসে পাঁচটা শিরোপা নিয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। এবার শুধু এশিয়া কাপ। শিরোপা জিততে পারবেন?
লাসিথ মালিঙ্গা: সর্বশেষ এশিয়া কাপ ছিল ৫০ ওভারের ক্রিকেট। এবার সেটা টি-টোয়েন্টি। এখানে এক-দুই ওভারে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যেকোনো দলই। শিরোপা জয়ের ব্যাপারটা বলা তাই কঠিন। তবে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি, টুর্নামেন্টে দারুণ কিছু হবে বলেই আশা করি।
* ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজই শুধু জিতেছে শ্রীলঙ্কা। এর পর চারটি টি-টোয়েন্টি সিরিজের জিততে পারেনি একটিতেও...
মালিঙ্গা: অতীতে তাকাতে চাই না। চোখ রাখতে চাই ভবিষ্যতে। এ মুহূর্তে এশিয়া কাপের দিকে মনোযোগ দিচ্ছি। আগের তুলনায় এবার আমাদের দল কিছুটা তরুণ। তরুণ খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে উন্মুখ।
* এটা কি শ্রীলঙ্কা ক্রিকেটের দুই মহিরুহ মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার অবসরের প্রভাব?
মালিঙ্গা: তা তো অবশ্যই। যেহেতু তারা এখন আর নেই, এ নিয়ে কথা বলে লাভও নেই। আমরা এখন তরুণদের দিকে তাকিয়ে। জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে তাদের। সে জন্য কিছুটা সময় দিতে হবে।
* আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ব্যাটসম্যানই আপনাকে খেলতে অস্বচ্ছন্দ বোধ করেন। এমন কোনো ব্যাটসম্যান আছেন, যাঁকে বোলিং করতে আপনি অস্বচ্ছন্দ বোধ করেন?
মালিঙ্গা: নির্দিষ্ট করে নাম বলতে চাই না। সবাই তো দিব্যি খেলছে আমার বল। নইলে প্রতি বলেই উইকেট পেতাম!
* আপনার ক্যারিয়ারে চম্পকা রমানায়েকের বিরাট অবদান। এক প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে আপনাকে তিনি আবিষ্কার করেছিলেন...
মালিঙ্গা: হ্যাঁ ঠিক। পনেরো বছর আগে তাঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তখনো আমি আন্তর্জাতিক ক্রিকেটে আসিনি। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি আমাকে খুব ভালো বুঝতেন। তিনি তো বাংলাদেশ দলের বোলিং কোচও ছিলেন। বাংলাদেশ ক্রিকেটেও তাঁর অবদান আছে।
* আন্তর্জাতিক ক্রিকেটে আপনার অভিষেকে ফিরে যাই। ২০০৪ সালে ডারউইন টেস্টের পর অ্যাডাম গিলক্রিস্ট একটা স্মারক স্টাম্প উপহার দিয়েছিলেন আপনাকে।
মালিঙ্গা: ওই টেস্টে ৬ উইকেট পেয়েছিলাম, কিন্তু দল হেরেছিল। গিলক্রিস্টের মনে হয়েছিল, আমার দারুণ ভবিষ্যৎ রয়েছে। এ কারণে আমাদের ড্রেসিংরুমে এসে একটা স্টাম্প দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, ‘এটা রাখো। দারুণ বোলিং করেছ। ভবিষ্যতে দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করো।’ ভীষণ খুশি হয়েছিলাম এমন উপহারে।
* এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিশ্চয় এমন আরও গল্প যোগ হয়েছে?
মালিঙ্গা: না, এমন গল্প খুব বেশি নেই। তবে কখনো কখনো কেউ কেউ বলেছে, দারুণ করছি। আমার অবশ্য কখনো মনে হয়নি, অতটা ভালো করেছি।
* আপনি আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরই শ্রীলঙ্কা পর পর দুবার ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে। কিন্তু জিততে পারেনি একবারও। এটা নিশ্চয়ই বড় একটা আক্ষেপ হয়ে আছে...
মালিঙ্গা: সব সময় সেরা দল দুটি ফাইনালে ওঠে। মনে করি, শিরোপা জেতার সামর্থ্য ছিল আমাদের। গত সাত বছরে আমরা পাঁচটি বৈশ্বিক ফাইনালে উঠেছি। কোনো দল মনে হয় না এই সময় এতবার ফাইনালে উঠেছে, এমন ধারাবাহিক ক্রিকেট খেলেছে। হয়তো ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু জিতেছি। আশা করি, ২০১৯ বিশ্বকাপে দারুণ কিছু হবে।
* সীমিত ওভারের ক্রিকেটে আপনার পারফরম্যান্স দুর্দান্ত। সে তুলনায় টেস্ট ক্যারিয়ারকে উজ্জ্বল বলা যায় কি?
মালিঙ্গা: আমি কিন্তু ৩০ টেস্টে ১০১ উইকেট নিয়েছি।
* সেটি কি আপনার নামের প্রতি সুবিচার করছে?
মালিঙ্গা: দেখুন, আমার হাঁটুর চোটের কারণেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম (পাঁচ বছর আগে)। আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে এর পর মনোযোগ দিয়েছি শুধু সীমিত ওভারের ক্রিকেটে।
* সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ বলা যায়?
মালিঙ্গা: এখন আমার বয়স ৩২। মনে করি না, আন্তর্জাতিক ক্রিকেটে আমার আর বেশি কিছু দেওয়ার আছে। আশা করি, আমার জায়গায় কেউ একজন আসবে, যে আমার চেয়ে ভালো হবে। তরুণদের জায়গা করে দিতে চাই। যে আমার জায়গায় আসবে, আশা করি অন্তত ১২ বছর দলকে অনেক কিছু দিতে পারবে।
* ডেথ বোলিংয়ে আপনার ধারাবাহিক সাফল্যের রহস্যটা কী?
মালিঙ্গা: (হাসি) রহস্য কিছুই নয়। কঠোর অনুশীলন করি এবং সেটা কাজে লাগানোর চেষ্টা করি—এই তো!
* এশিয়া কাপের ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আপনার সঙ্গে ভীষণ মজা করলেন। ব্যক্তিগতভাবে নিশ্চয় বাংলাদেশের অনেক খেলোয়াড়ের সঙ্গে চেনা-পরিচয় আছে?
মালিঙ্গা: সব খেলোয়াড়ই আমার ভালো বন্ধু। তবে মাঠে সেটা প্রকাশের সুযোগ নেই। কারণ আমরা যাঁর যাঁর দেশের হয়ে খেলি। তবে মাঠের বাইরে তাদের সঙ্গে আমার খুবই ভালো বন্ধুত্ব। ওরা সবাই খুবই দারুণ।
* আপনি ভীষণ ফ্যাশন-সচেতন। কেশসজ্জায় বোধ হয় অনেক সময় ব্যয় করেন। এবার আপনার সেই বিখ্যাত রঙিন কেশবিন্যাস দেখছি না যে!
মালিঙ্গা: (হাসি) এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের পর হয়তো নতুন কিছু করার চেষ্টা করব!