
আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের গোলরক্ষকের দিকেই চোখটা থাকে বেশি। সাম্প্রতিক সময়ে বেশি দৃষ্টি কেড়েছেন শহীদুল আলম সোহেল। জাতীয় দলের কোচ ফাবিও লোপেজ গোলরক্ষক হওয়ায় নিজেকে আরও শাণিত করার সুযোগই সামনে। এসব নিয়েই পরশু অনুশীলনের পর কথা বললেন এই গোলরক্ষক
* অস্ট্রেলিয়া ম্যাচে ৫ গোল হজম করলেও আপনি প্রশংসিত হয়েছেন সবার কাছে। জর্ডানের সঙ্গে চোটের কারণে খেলতে পারলেন না। এখন চোটের কী অবস্থা?
শহীদুল আলম সোহেল: এখনো পুরো ফিট হতে পারিনি। সমস্যাটা গোড়ালিতে। সাধারণত এ ধরনের চোট ১৪-১৫ দিনে সেরে যায়। ৮ সেপ্টেম্বর জর্ডান ম্যাচের পর আমারও প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। আশা করি, কয়েক দিনের মধ্যে পুরো ফিট হয়ে উঠব।
* সেদিন তো দেখা গেল বাফুফের টার্ফে অনুশীলন ম্যাচ হচ্ছে, কিন্তু কোচ আপনাকে আগেই ছুটি দিয়েছেন। কোচের বিবেচনায় কি নেই আপনি?
সোহেল: বিবেচনায় আছি। তবে কোচ বলেছেন, এক শ ভাগ ফিট না হলে ১৩ অক্টোবর কিরগিজস্তান ম্যাচের জন্য নেবেন না আমাকে। কোচ অবশ্য এও বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ফিট হয়ে উঠতে। সেই চেষ্টাই করছি।
* ইতালিয়ান এই কোচ নিজেও একজন গোলরক্ষক ছিলেন। এটা নিশ্চয়ই আপনাকে বা অন্য গোলরক্ষকদের জন্য বড় সুবিধা?
সোহেল: অবশ্যই। কোচ গোলরক্ষক হলে দলের গোলরক্ষকেরা বাড়তি সুবিধা পেতেই পারে। এখনো কোচ সরাসরি গোলরক্ষকদের নিয়ে কাজ করেননি। হয়তো কদিন পর করবেন, তখন তাঁর কাছে কিছু শিখতে চাই। তবে এখন গোলকিপারদের নিয়ে কাজ করছেন গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। আমাদের যদি কিছু উন্নতি হয়ে থাকে সেটা এই ক্রিস্টিয়ানের জন্যই।
* এই কথাটা অনেকেই বলেন। ক্রিস্টিয়ানকে পাওয়ায় আপনাদের বেশ উন্নতি হয়েছে। নির্দিষ্ট করে যদি বলেন, কোন দিকটিতে বেশি অগ্রগতি হয়েছে এই সময়ে?
সোহেল: ক্রিস্টিয়ান আসার পর আমরা পোস্টের নিচে অনেক টেকনিক্যাল বিষয় জেনেছি। কোন বলে কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে রক্ষণের সঙ্গে নিজেকে সমন্বিত করে পরিস্থিতি সামলাতে হবে—অনেক কিছুই জানার আছে। ক্রিস্টিয়ানকে পেয়ে এই দিকগুলোতে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে।
* নতুন কোচকে তো কয়েক দিন ধরে দেখলেন। তাঁকে কেমন মনে হলো?
সোহেল: সবে তো শুরু করলেন। তাই এখনই কিছু বলা যাবে না। তবে আমি যেটা বুঝলাম, কোচ ভালোই হবেন। আসলে একেক কোচের একেক ধরন। ক্রুইফ ছিলেন এ রকম, লোপেজ আরেক রকম হবেন স্বাভাবিক। ইতালিয়ান এই কোচ সব খেলোয়াড়কে দেখছেন এখন, পরোক্ষে বলতে পারেন সবার পরীক্ষা নিচ্ছেন। আজ তো ম্যাচ খেলালেন। মনে হলো এটা দল নির্বাচনী ম্যাচ। সবাই খুব সিরিয়াস খেলল। আশা করি, আমাদের নিয়ে অনেক দূর যেতে পারবেন।
* তারপরও যদি বলেন, এই কদিনে ঠিক কী নিয়ে বেশি কাজ করেছেন কোচ?
সোহেল: এই কদিনে ডিফেন্সের ওপরই জোর দিয়েছেন বেশি। তাঁর কথা হলো, রক্ষণে কভারিংটা খুব গুরুত্বপূর্ণ। কে কীভাবে তার দায়িত্ব পালন করবে, সেটা বুঝিয়ে দিচ্ছেন। কীভাবে ভালো রক্ষণ করা যায় সেই দিকটা সবকিছুর আগে প্রাধান্য পাচ্ছে তাঁর কাছে।
* এটা তো আপনার জন্যই ভালো! রক্ষণ জমাট হলে গোলরক্ষক একটু স্বস্তিতে থাকেন...
সোহেল: (হাসি) তা তো অবশ্যই। আমি চাই আমাদের ডিফেন্সটা অনেক শক্ত হোক, যা সহজ ভাঙবে না। কিন্তু শক্তিশালী দলের সঙ্গে আমরা পেরে উঠছি না। বাজে গোল খেয়ে যাচ্ছি। তবে আমার বিশ্বাস, বাংলাদেশ দল অনেক উন্নতি করবে। মাঝমাঠ, আক্রমণভাগসহ আমাদের রক্ষণ ও গোলকিপিং অনেক শক্তিশালী হবে।