'তুমি আর্জেন্টাইন নাকি সুইডিশ?'

বরাবরই লিওনেল মেসিতে মুগ্ধ ডিয়েগো ম্যারাডোনা। সমকালীন ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে সব সময় অন্যদের চেয়ে এগিয়ে রেখেছেন উত্তরসূরিকে। কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির আরও একটি ব্যর্থতায় এবার সেই ম্যারাডোনাও যেন মেসির সমালোচক। আর্জেন্টাইন দৈনিক ওেলরসঙ্গে ১৯৮৬ বিশ্বকাপ-জয়ী অধিনায়কের সাক্ষাৎকারটি পড়ে সেটাই মনে হবে—
* কোপা আমেরিকার ফাইনাল দেখে কী মনে হয়েছে?
ডিয়েগো ম্যারাডোনা: চিলি আমাদের চেয়ে ভালো খেলছে। ওদের শরীরী ভাষা আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আর্জেন্টিনার অনেক খেলোয়াড় তো স্রেফ পায়চারি করেছে। আর মেসিকে নিয়ে কিছু বলবেন না। সে সব সময় কিংবদন্তি হিসেবেই থাকবে। আর্জেন্টিনার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে, তারা আক্রমণ করেনি। আমাদের খেলার ধরনটাই তো আক্রমণাত্মক। এখন যদি আপনি আক্রমণ না করেন তাহলে তো একটা ‘প্ল্যান বি’ থাকতে হবে। আমাদের সেটাও ছিল না।
* এই দল নিয়ে আর্জেন্টিনার কী চিলির কাছে হারা উচিত?
ম্যারাডোনা: না। কখনোই না। এমনকি বোলস খেলায়ও না।
* তাহলে কী হোর্হে সামপাওলির কৌশলের কাছেই হারল আর্জেন্টিনা?
ম্যারাডোনা: সে তাঁর কাজটুকু করেছে। আসলে সমস্যাটা আমাদের খেলোয়াড়দের মানসিকতায়।
* সেটা কী রকম?
ম্যারাডোনা: ইউরোপিয়ান লিগ থেকে আসা খেলোয়াড়েরা জাতীয় দলে সেই ধারটা দেখাতে পারেনি। মাত্র পাঁচ-ছয়জন খেলোয়াড় ছিল যারা ৯০ মিনিট ধরে পুরোদমে সেরাটা দিয়ে খেলেছে। বেশির ভাগই সতীর্থদের সাহায্য করার বদলে হাল ছেড়ে দিয়েছে।
* আর মেসি?
ম্যারাডোনা: বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের দলে, যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চার গোল ঠিকই করে, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে কিছুই করতে পারে না। এরপর তো এটাই বলতে হয়—আরে ভাই, তুমি আর্জেন্টাইন নাকি সুইডিশ? আর মেসিকে আদরে–যত্নে রাখতে হবে, এটা বলা বন্ধ করা উচিত। জাতীয় দলে অন্য সবাইকে যেভাবে দেখা হয়, মেসিকেও সেভাবেই দেখা উচিত। সে বিশ্বসেরা খেলোয়াড় হোক কিংবা ভালো অথবা খারাপ। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, মেসি কাউকে খুন বা ধর্ষণ করেনি। এটা নিয়ে তাই বেশি নাটক করারও দরকার নেই।
* সমালোচনাটা তাহলে মেসির পাওনাই?
ম্যারাডোনা: যারা তার ভালোর জন্য সমালোচনা করে, সেটা ঠিক আছে। কিন্তু যারা জরিপ করছে যে, মেসির জাতীয় দলে খেলা উচিত কি না, ওরা বিষয়টার ধারে কাছেও নেই। এটা ঠিক নয়। এখন আমরা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি পরিবর্তনের কথাও বলছি। দেখুন, এত চরমপন্থী হওয়ার যেমন দরকার নেই, তেমনি বারবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকারও কিছু নেই।
* আর্জেন্টিনা কি রানার্সআপ হওয়াতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে?
ম্যারাডোনা: হ্যাঁ, আমরা সেই ঝুঁকির মধ্যেই আছি। কিন্তু ইতিহাস সেটা হতে দেবে না।