'তৃণমূলে কিন্তু ভালো সাড়া আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সৈয়দ গোলাম জিলানী
সৈয়দ গোলাম জিলানী

ভুটানের সঙ্গে জাতীয় দলের ভরাডুবির বড় কারণ কী? তৃণমূল ফুটবলে জোর না দেওয়া। তাই হারিয়ে যায় একেকটি বয়সভিত্তিক দল। গত বছর সাফজয়ী অনূর্ধ্ব-১৬ দলটি হতে পারে এর বড় উদাহরণ। সেই দলের কোচ সৈয়দ গোলাম জিলানী জানাচ্ছেন তৃণমূল ফুটবলের সর্বশেষ অবস্থা

*আপনি ঢাকার বাইরে কিছু প্রতিভা বাছাই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এটা জাতীয় ক্রীড়া পরিষদের কর্মসূচি। বাফুফের কোনো কর্মসূচি কি আপনারা পাচ্ছেন?

সৈয়দ গোলাম জিলানী: জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের যৌথ উদ্যোগে হচ্ছে। অর্থায়ন করছে ক্রীড়া পরিষদ। বাফুফে কারিগরি সহায়তা দিচ্ছে এবং জেলায় জেলায় কোচ পাঠাচ্ছে। 

*এমন প্রতিভা অন্বেষণের কোনো ধারাবাহিকতা তো থাকে না।

জিলানী: ধারাবাহিকতা থাকা উচিত। তবে মনে রাখা দরকার, স্বাধীনতার পর এই প্রথম সারা দেশে এমন প্রতিভা খোঁজা হচ্ছে। এর আগে ২০০৬-০৮ সালে বাফুফের উদ্যোগে জেলায় জেলায় প্রশিক্ষণ হয়েছে। এরপর গত আট বছরে তৃণমূলে আর প্রশিক্ষণ কর্মসূচি হয়নি।

*আপনারা এই কর্মসূচিটা করছেন অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের জন্য। কতটা ফলপ্রসূ হবে মনে করেন?

জিলানী: ফলপ্রসূ হবে। আমি কুমিল্লায় মাত্রই কাজ শেষ করে ঢাকায় এসেছি। গাজীপুর ও হবিগঞ্জে গিয়েছি। বাফুফের বাকি কোচরা অন্য জেলাগুলোয় যাচ্ছেন। তাঁরা বলছেন, অনেক প্রতিভা আছে তৃণমূলে।

*আপনাদের এই কর্মপরিকল্পনাটা কেমন?

জিলানী: তিন ধাপে এটা হচ্ছে। ২০ তারিখের মধ্যে ৪৬টি জেলায় শেষ হবে আশা করছি। প্রথম ধাপে প্রতিটি উপজেলায় নির্বাচিতদের নিয়ে চার দিনের প্রোগ্রাম হচ্ছে। দ্বিতীয় ধাপে প্রতিটি উপজেলার বাছাই করা খেলোয়াড়েরা আসবে জেলায়। তৃতীয় ধাপে বিভাগীয় পর্যায়ে কাজ হবে।

*ভুটান-ভরাডুবির পর বাংলাদেশের মানুষ আশাহত, সেই আশা ফেরাতে এই কর্মসূচি সত্যি কোনো অবদান রাখতে পারবে?

জিলানী: ভুটানের কাছে হার আমাদের ফুটবলে বড় একটা ধাক্কা। তবে মানুষ এখনো ফুটবল ভালোবাসে। এই কর্মসূচিতে ছেলেদের বিপুল সাড়া সেটাই মনে করিয়ে দিয়েছে। গাজীপুরে রজনীর উপজেলায় প্রায় সাড়ে তিন শ খেলোয়াড় এসেছে ট্রায়াল দিতে। এটা বিরাট ব্যাপার।

*কিন্তু এরপর?

জিলানী: এদের ঠিকমতো পরিচর্যা করা দরকার। সেটা করা গেলে হতাশার কিছু দেখছি না। 

*আপনি আশার কথা বললেও আমাদের একটা একাডেমি পর্যন্ত নেই।

জিলানী: একাডেমির বিকল্প নেই, এটা সবাই জানেন। ভুটানও ১০-১২ বছর আগে একাডেমি করে সুফল পাচ্ছে এখন। তাই আমিও চাই আমাদের স্থায়ী একাডেমি হোক।

*গত বছর আগস্টে সিলেটে সাফজয়ী অনূর্ধ্ব-১৬ দলের কোচ ছিলেন আপনি। কিন্তু এরপর আপনাকে বাফুফের কোনো কাজে আর দেখা যায়নি কেন?

জিলানী: সেই সাফল্যের পর কিছু অফিশিয়াল কাজ করেছি। তবে উন্নয়নমূলক কাজ করেছি এ বছর জুন থেকে।

*সেই দলের ফুটবলাররাই বা এখন কোথায়?

জিলানী: সেই দলের ১০ খেলোয়াড় ছিল সাভার বিকেএসপির। ওরা বিকেএসপিতে চলে গেছে। সাদ ও সজীব আছে ঢাকা আবাহনীতে, নিপু শেখ জামাল, অধিনায়ক শাওন ব্রাদার্স ও আতিক ভিক্টোরিয়ায় খেলছে। বাকিরা ভিন্ন ভিন্ন জায়গায় নিজ উদ্যোগে অনুশীলন করছে। তবে হ্যাঁ, ওরা সবাই এক জায়গায় থাকলে অবশ্যই ভালো হতো।