'দরকার শুধু দু-তিনটি ডায়মন্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত এসএ গেমসে সাঁতার থেকে দুটি সোনা উপহার দেওয়ার নেপথ্য কারিগর। জাতীয় সাঁতার কোচ পার্ক তে গুনের চোখে এবার বড় স্বপ্ন। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’—রিয়েলিটি শোয়ের আদলে গড়া কর্মসূচির প্রধান কোচও এই কোরিয়ান। এখান থেকেই তিনি বের করতে চান ভবিষ্যতের শিলা-সাগরদের

* সাঁতারু অন্বেষণ কর্মসূচির প্রধান কোচের দায়িত্ব পেয়ে কেমন লাগছে?

পার্ক তে গুন: প্রথমেই বলব এটা একটা চমৎকার আইডিয়া। বাংলাদেশের সাঁতারে অবদান রাখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। কোরিয়ায় ২০০১ সালে এমন প্রতিভা বাছাইয়ের কর্মসূচি হাতে নেয় আমাদের সরকার। সারা দেশ থেকে সেবার ১০০ প্রতিভাবান সাঁতারু বের করে অনুশীলন করানো হয়েছিল ৫-৬ বছর ধরে। এরপরই এশিয়ান গেমস ও বেইজিং অলিম্পিকে প্রথমবারের মতো সাঁতারে সোনা জেতে কোরিয়া।
* ফেডারেশনের এই কার্যক্রম নিয়ে আপনি কতটা আশাবাদী?
পার্ক: এই দেশে ১৬ কোটি মানুষ। এখান থেকে কি ১০০ জন সাঁতারু পাওয়া যাবে না? আমি আশাবাদী মানুষ। আমি জানি না কতজন ভালো সাঁতারু পাব। তবে আমার দরকার শুধু দু-তিনটি ‘ডায়মন্ড’। জানি ডায়মন্ড খুব মূল্যবান। এবং সব জায়গায় পাওয়াও যায় না। কিন্তু এখানে যদি দু-একটি ডায়মন্ড খুঁজে পাওয়া যায় তাহলে আগামী এশিয়ান গেমসে হয়তো সোনা জিততে পারি আমরা। অথবা পরের অলিম্পিক, কমনওয়েলথ গেমস বা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিততে পারি। আমি শুধু ওদেরই খুঁজতে চাই।
* সম্প্রতি আপনার কক্ষে চুরি হয়েছে। বাংলাদেশে কাজ করা কি কঠিন মনে হচ্ছে?
পার্ক: আসলে আমার হৃদয়জুড়ে আছে বাংলাদেশ। আমি এই দেশকে ভালোবেসে ফেলেছি। তাই এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাঙালি হওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন চমৎকার একটা পাঞ্জাবি পরেছি। এখন বাঙালিদের মতো তৈলমর্দন শিখতে হবে (হাসি)! চুরি শিখতে হবে (হাসি)!
* আপনার চুরি যাওয়া ল্যাপটপ, মুঠোফোনসহ, টাকাপয়সা উদ্ধারের কত দূর?
পার্ক: এগুলোর কোনো অগ্রগতি নেই। দুই দফা চুরি যাওয়ার পর আমাকে নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক স্থানীয় থানায় গিয়েছিলেন। ওই পর্যন্তই...।
* কোনো ক্ষতিপূরণ দেবে ফেডারেশন?
পার্ক: ঠিক জানি না। তবে যত দূর শুনেছি বিওএর (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) মাধ্যমে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও গেছে। হয়তো কিছু ক্ষতিপূরণ পেতেও পারি।
* ল্যাপটপ-মুঠোফোন ছাড়া কাজ করছেন কীভাবে?
পার্ক: আমার একটা কোচিং ম্যানুয়াল আছে যেটি ইংরেজি থেকে কোরিয়ান ভাষায় অনুবাদ করা। ওটি দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। আর মুঠোফোন আমার তিনটি। একটি চুরি হয়েছে। তাই সমস্যা হচ্ছে না।
* নৌবাহিনী-প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ নিজে আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন...
পার্ক: আমি শুনেছি সিদ্ধান্তটা। আমি ব্যক্তিগতভাবে নৌবাহিনী-প্রধানের প্রতি অনেক কৃতজ্ঞ। উনি অমায়িক, উদারমনের মানুষ। সবচেয়ে বড় কথা, উনি একজন ‘ডাইনামিক’ ব্যক্তিত্ব। আমি ওনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলছি, নৌবাহিনীর ভেতরে থাকতে ইচ্ছুক নই।
* কিন্তু কেন?
পার্ক: ওখান থেকে সুইমিংপুলে যাতায়াতের একটা সমস্যা আছে। সবচেয়ে বড় কথা আমি সাঁতারুদের কাছাকাছি থাকতে চাই। এ জন্য সুইমিং কমপ্লেক্সের ভেতরে আবাসনব্যবস্থা করে দিলে আমার জন্য ভালো হয়।