'দলকে জেতাব ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াছিন খান
ইয়াছিন খান

ভুটানের কিংস কাপের ফাইনােল জেতালেন দলকে। ম্যাচের একমাত্র গোলটি তাঁরই। উৎসবের মধ্যমণিও ছিলেন ডিফেন্ডার ইয়াছিন খান। ভুটান থেকে টেলিফোনে বরিশালের তরুণের কণ্ঠে ছিল বাড়তি উচ্ছ্বাস
ম্যাচ শুরুর আগে কি ভেবেছিলেন আপনিই হবেন দিনের হঠাৎ-নায়ক?
ইয়াছিন খান: এটা কি আগে থেকেই ভাবা যায়? তবে মারুফ ভাই (কোচ মারুফুল হক) দু-তিন দিন ধরে সেট পিস থেকে এবং হেড থেকে গোল করার অনুশীলন করিয়েছেন। এসব নিয়ে বিশেষ পরিকল্পনাও ছিল আমাদের। আমরা সেই পরিকল্পনায় সফল হয়েছি। তবে গোল করে দলকে জেতাব এতটা ভাবিনি। যাহোক, জয়ে অবদান রাখতে পেরে খুব খুশি লাগছে।
এটা তো আপনার প্রথম আন্তর্জাতিক গোল?
ইয়াছিন: হ্যাঁ। এর আগে কোনো ম্যাচে গোল পাইনি। কিন্তু কলকাতায় আইএফএ শিল্ডে টাইব্রেকারে একটি গোল করেছিলাম। ওই ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে হারের পর লুকিয়ে লুকিয়ে কেঁদেছিলাম। এবার ভুটানে এসে কিংস কাপের ট্রফি জিতে সেই দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছি। যদিও আইএফএ শিল্ডের সঙ্গে কিংস কাপের তুলনা করতে চাই না। কিন্তু দেশের বাইরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি, এই আনন্দ বলে বোঝাতে পারব না। হোটেলে ফেরার পর জয়টা সেলিব্রেট করব। সবাই মিলে আজ রাতে অনেক মজা করতে চাই।
ফাইনালে জেতার ব্যাপারে কতখানি আত্মবিশ্বাসী ছিলেন?
ইয়াছিন: আমরা এই টুর্নামেন্টের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। এখানে এসেছিলাম টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে। ম্যাচ ধরে ধরে আমরা এগিয়েছি। অনেক কঠিন একটা ফাইনাল খেললাম। একটা হাই-ভোল্টেজ ম্যাচ ছিল এটা। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে পুনে অনেক চেপে ধরে আমাদের। শেষ পর্যন্ত ওরা কোনো গোল দিতে পারেনি। ইনজুরি টাইমে জামাল ভূঁইয়া লাল কার্ড দেখে মাঠ ছেড়েছে। ওই সময়টুকু আমরা একটু হলেও দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি, ভাগ্য ভালোই বলতে হবে আমাদের।
ভুটানে এখন প্রচণ্ড শীত। এত শীতে তো আপনারা খেলে অভ্যস্ত নন?
ইয়াছিন: এটা সত্যি, অনেক ঠান্ডার মধ্যে খেলতে হয়েছে আমাদের। আমরা অবশ্য এই কদিনে শীতের মধ্যে খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছি। বরং শীতটা কাবু করে ফেলেছিল পুনে এফসিকে।
গ্যালারি থেকে দর্শকদের কেমন সমর্থন পেয়েছেন?
ইয়াছিন: ভুটানিরা আমাদের সমর্থন করেছে। হোটেল থেকে আসার পথে আমাদের কাছ থেকে স্থানীয় অনেকেই বাংলাদেশের জাতীয় পতাকা চেয়ে নিয়েছিল। ম্যাচ শুরু হলে ওরা সারাক্ষণ ওই পতাকা উড়িয়েছে।
আপনার ফুটবলার হয়ে ওঠার গল্পটা বলবেন?
ইয়াছিন: আমার বাবা ফরিদ উদ্দিন বরিশালের লিগে খেলেছেন। চাচারাও খেলতেন। বাবা এখন ফুটবল ছেড়ে পুরোদস্তুর ব্যবসায়ী। বাবা চাইতেন আমি বড় ফুটবলার হই। বাবার স্বপ্ন পূরণ করতেই ফুটবলার হয়েছি। বাবার সঙ্গে ফোনে কথা হলেই বলতেন— কলকাতায় পারিসনি, ভুটান থেকে ট্রফি নিয়েই ফিরিস। ভুটানে আসার আগে বাবাকে কথা দিয়েছিলাম, কথাটা রাখতে পেরেছি ভেবে ভালো লাগছে।