>কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন খাদিজাতুল কুবরা। ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশ নারী দলের এই অফ স্পিনার। তবে দল হেরে যাওয়ায় তাঁর অসাধারণ বোলিংটা বৃথা গেছে। ম্যাচ শেষে খাদিজার কথায় থাকল ম্যাচ ও ম্যাচের বাইরের অনেক কিছু।

* ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। কিন্তু দল হেরে গেছে। নিশ্চয়ই মিশ্র অনুভূতি হচ্ছে?
খাদিজাতুল কুবরা: আল্লাহর রহমতে আমার দিনটা আজ (কাল) ভালোই ছিল। তবে দল জিততে পারলে সাফল্যটা অন্যভাবে উদ্যাপন করতাম। আসলে দলের জয়টাই শেষ কথা।
* প্রথম স্পেলে উইকেট পাননি। কিন্তু পরের দুই স্পেলে পেয়েছেন। পরে কি পরিকল্পনায় কোনো পরিবর্তন এনেছেন?
খাদিজা: উইকেট টু উইকেট বোলিং আর সব সময়ই আক্রমণাত্মক থাকার চেষ্টা করেছি।
* ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনার পরিসংখ্যান খুবই ভালো। ক্যারিয়ারের ২০ উইকেটের ১২টিই এই দলের বিপক্ষে। ওদের সঙ্গে ভালো করার রহস্য কী?
খাদিজা: রহস্য কিছুই নয়, শুধু নিজের স্বাভাবিক বোলিংটা ধারাবাহিক করার চেষ্টা করি। পুরোনো ভিডিও দেখি। ওরা কীভাবে খেলে, সেটি খেয়াল করি। সহজাত বোলিংটা যদি নিয়মিত করি, ব্যাটসম্যানরা খেলতে পারবে না, এই আত্মবিশ্বাস আছে।
* ওয়ানডেতে আপনার আগের সেরা বোলিংটা ছিল ৮ রানে ৩ উইকেট, সেটিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচটা কিন্তু আপনারা জিতেছিলেন...
খাদিজা: হ্যাঁ, মনে আছে। সেটা ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে (২০১২ সালের ৬ সেপ্টেম্বর)। আজ (কাল) দুর্ভাগ্য, জিততে পারিনি। এটা খেলার অংশ, স্বাভাবিকভাবেই নিচ্ছি। তবে এই ম্যাচে দারুণ লড়াই হয়েছে। সিরিজের আরও তিনটি ম্যাচ আছে। সেগুলোয় আরও ভালো করার চেষ্টা করব।
* ২০১১ সালে প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছিলেন। এই পাঁচ বছরে কতটা এগোলেন?
খাদিজা: সামনে যত এগোচ্ছি, উন্নতির দিকেই আছি বলে মনে করি।
* কিন্তু মাঝে তো বেশ কিছুদিন খারাপও গেছে।
খাদিজা: দুর্ভাগ্য বলতে পারেন। আসলে ক্রিকেটারদের জীবনটাই এমন, ওঠানামা থাকবে। খারাপ সময় সবার আসে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই হচ্ছে আসল কথা। মাঝে একটু ফিটনেসের সমস্যাও ছিল। তবে এখন সেটা কাটিয়ে উঠেছি।
* বাংলাদেশের প্রথম ওয়ানডে থেকেই (২০১১ সালের নভেম্বর) আপনি খেলছেন। এই কয় বছরে দলের কতটা উন্নতি হয়েছে বলে মনে করেন?
খাদিজা: আমরা অনেকটাই এগিয়েছি। প্রায় সব ঘাটতি পূরণ করে ফেলেছি। যত ম্যাচ খেলব, তত শিখব। আজ দেখেছেন নিশ্চয়ই, একটা রেকর্ড জুটি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয়টিতে অনেক ভালো খেলেছি। এভাবেই এগোব। পরের ম্যাচে নিশ্চয়ই আরও ভালো কিছু হবে।