'দাবা হচ্ছে তারুণ্যের খেলা'
>

দাবার দুর্দশা তাঁকে খুব কষ্ট দেয়। ইদানীং খেলাটা কমিয়ে দিয়েছেন। কিন্তু দাবার টানেই মাঝেমধ্যে খেলে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। গ্র্যান্ডমাস্টাররা কেন আর আগের মতো খেলছেন না, কেনই বা উঠে আসছে না নতুন দাবাড়ু? মালয়েশিয়া থেকে টেলিফোনে কাল এসব প্রসঙ্গেই কথা বললেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ
* দেশের পাঁচজন গ্র্যান্ডমাস্টারের বেশির ভাগই খেলায় অনিয়মিত। কারণ কী মনে হয় আপনার কাছে?
নিয়াজ মোরশেদ: আমাদের সবারই বয়স বাড়ছে। বয়সের সঙ্গে সঙ্গে খেলাটা কমে যাবে এটাই স্বাভাবিক। রিফাত বলতে গেলে অবসরেই চলে গেছে। রাকিব-রাজীবও নিয়মিত খেলছে না। দাবাটা হচ্ছে তারুণ্যের খেলা।
* কিন্তু একই সঙ্গে স্পনসরদের অনাগ্রহও কি দাবাড়ুদের পেশাদার হতে নিরুৎসাহিত করছে?
নিয়াজ: সব ধরনের খেলাধুলাতেই টাকাপয়সা বড় ব্যাপার। টাকা ছাড়াই কেউ যুগের পর যুগ খেলে যাবে, এমনটা ভাবা অবান্তর। তারপরও বলব বয়স একটা বড় বাধা। এ জন্যই গ্র্যান্ডমাস্টাররা নিয়মিত দাবা খেলছে না। আমার বয়স ৬০ বছর। যদিও বয়স নিয়ে খুব বেশি ভাবি না। কিন্তু আমার তো এই বয়সে জাতীয় দাবায় খেলারই কথা না। কিন্তু আমি খেলছি। আমাকে খেলতে হচ্ছে। আর স্পনসরের বিষয়ে বলব, এটা নিয়ে আমাদের আরও ১৫-২০ বছর আগেই ভাবা উচিত ছিল।
* বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার খেতাবটা পেয়েছিলেন এনামুল হোসেন রাজীব, সেই ২০০৮ সালে। এরপর আর কোনো গ্র্যান্ডমাস্টার উঠে আসছে না কেন?
নিয়াজ: এটা দাবার জন্যই দুঃসংবাদ যে রাজীবের পর আর কেউ গ্র্যান্ডমাস্টার হওয়ার পথেও নেই। তখন দাবায় জোয়ার ছিল, ভালো মানের দাবাড়ুও ছিল। এখন সেই মানের দাবাড়ু নেই। সংগঠকদেরও অনেক সমস্যা, দুর্বলতা আছে। এখন ফাহাদ (দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার) একটু একটু করে এগোচ্ছে। কিন্তু ওর তো সবে শুরু। জিএম হতে অনেক সময় লাগবে। আমাদের দুজন আইএম (আন্তর্জাতিক মাস্টার) মিনহাজউদ্দিন আহমেদ ও আবু সুফিয়ান শাকিলকে নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু আগের কথাটাই বলতে হবে, বয়স এ ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। ওদের এখন আর উদীয়মান বলা যাবে না।
* এ মুহূর্তে দাবাকে এগিয়ে নেওয়ার জন্য কী কী পদক্ষেপ জরুরি?
নিয়াজ: আমাদের দাবাড়ুদের রেটিং এখন ঊর্ধ্বমুখী নয়। জিয়া, রিফাত, রাকিব-রাজীব—সবার রেটিং প্রায় কাছাকাছি। আজকাল ৩০-৩৫ বছর বয়স হয়ে গেলে আর কেউ খেলে না। এখন নতুন দাবাড়ু তুলে আনতে হলে সারা দেশে প্রতিভা অন্বেষণ করতে হবে। বেশি বেশি টুর্নামেন্ট রাখতে হবে ফেডারেশনকে। কিন্তু ফেডারেশনের সহযোগিতা ততটা পাইনি। তবে আমরা চেষ্টা করছি। ফাহাদের পর অনেকে উঠে আসছে। বিশেষ করে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) সারা দেশে যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালিয়েছে এটা নতুন দাবাড়ু তুলে আনতে ভূমিকা রাখবে। তবে এদের নিয়ে আরও কাজ করতে হবে।
* তারপরও আপনি দাবা নিয়ে কতটুকু আশাবাদী?
নিয়াজ: ২০ বছর ধরেই তো দেখে আসছি। আশা করার মতো কিছুই পাচ্ছি না। এমনিতেই খেলাটা স্থবির হয়ে পড়েছে, ফেডারেশনে উল্টোপাল্টা লোকজন আগে থেকেই ঢুকেছে। রাজনীতি ঢুকে পড়েছে। হয়তো ভবিষ্যতে কোনো একসময় দাবার উন্নতি হবে। তবে এত দিন যখন হয়নি এখন আবার নতুন করে শুরু করতে হবে। বিদেশে খেলতে গেলে বেশি খারাপ লাগে অন্য দেশের উন্নতি দেখে। এমন অনেক দেশ আছে যারা আগে আমাদের কাছে দাঁড়াতেই পারত না, তারাই এখন অনেক এগিয়ে। এটা খুবই বেদনাদায়ক। দাবায় সরকারের উদাসীনতা বরাবরই ছিল। এ জন্যই এমনটা হয়েছে। তবে এখন স্পনসররা এগিয়ে আসছে বলেই আশা করি দাবা নতুন করে জেগে উঠবে।