
২০০৮ সালে সিঙ্গাপুরে এএইচএফ কাপে অভিষেক। এর পর থেকেই লাল-সবুজের আক্রমণভাগে ধারাবাহিক। তারই পুরস্কার হিসেবে পেলেন জাতীয় দলের অধিনায়কত্ব। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ভালো কিছু করেই সেই আস্থার প্রতিদান দিতে চান কৃষ্ণ কুমার
সহ-অধিনায়ক থেকে অধিনায়কের আর্মব্যান্ড পেলেন। কেমন লাগছে?
কৃষ্ণ কুমার: খুবই ভালো লাগছে। জাতীয় দলে যখন থেকে ধারাবাহিক খেলতে শুরু করি, তখন থেকেই স্বপ্ন দেখতাম এক দিনের জন্য হলেও জাতীয় দলের অধিনায়কত্ব করব। এত দিন পর স্বপ্ন পূরণ হয়েছে বলে একটু বেশিই আনন্দিত।
এখন তো নিশ্চয়ই দায়িত্ব আরও বেড়ে গেল?
কৃষ্ণ: অবশ্যই দায়িত্ব বেড়েছে। নিজের কাঁধে বেশি দায়িত্ব নিয়ে আরও ভালো খেলতে চাই। মাঠে সবাই আমাকে সহযোগিতা করবে আশা করি।
সিঙ্গাপুরে আপনাদের লক্ষ্য কী থাকবে?
কৃষ্ণ: সেমিফাইনাল খেলতে পারলে সেটা বড় পাওয়াই হবে। পোল্যান্ডের সঙ্গে ১ পয়েন্ট হলেও নিতে চাই। জাপান ম্যাচে আগের চেয়ে ভালো খেলার প্রত্যাশা রাখি। ইনচন এশিয়ান গেমসে জাপানের সঙ্গে আমরা খুবই খারাপ খেলেছিলাম। সিঙ্গাপুরের সঙ্গে জিতব সেই আত্মবিশ্বাস আছে।
আপনাদের অনুশীলন কেমন হচ্ছে?
কৃষ্ণ: এর আগে আমরা অনুশীলনে কখনো এমন কঠোর পরিশ্রম করিনি। নিজেদের ভুল শুধরে নিয়েছি অনেক। পুরোনো সমস্যাগুলো নেই। টিমওয়ার্ক গড়ে উঠেছে। এই টুর্নামেন্টে আমরা সবাইকে একটা চমক দিতে চাই।
ক্যাম্প শুরু হয়েছিল ২৭ ডিসেম্বর। এত অল্প সময়ে প্রস্তুতি কি যথেষ্ট?
কৃষ্ণ: যথেষ্ট নয় জানি। কিন্তু যেটুকু সময় পেয়েছি, তাতে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ফিটনেসের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। আজও (কাল) স্পিড ট্রেনিং করেছি। অল্প সময়ের মধ্যে বিকেএসপি ও আর্মির সঙ্গে ম্যাচ খেলেছি। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলব। ফেডারেশন চেষ্টা করছে জাতীয় দলের সঙ্গে খেলানোর। তাহলে তো আরও ভালো হয়।
এবার আপনার নিজের কথা বলুন। হকিতে কীভাবে এলেন?
কৃষ্ণ: আমার বাড়ি রাজশাহী সদরের কাজীহাটায়। আমাদের বাড়ির পাশেই বৈকালি সংঘ। মওলানা ভাসানী স্টেডিয়ামের প্রধান গেট যে রবিউদ্দিনের নামে, উনি আমার চাচা। উনি আমাদের ক্লাবের সদস্য ছিলেন। এ ছাড়া শামীম রেজা, আশরাফুল ইসলাম শিশু, জাহিদুল ইসলাম রাজনও এখানে খেলেছেন। তো ওই ক্লাবে আমার বন্ধুরা খেলত। ওদের দেখে আমারও খেলতে ইচ্ছা হলো। এভাবেই শুরু।
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন জিমি, রানা, পিন্টু। এই খেলোয়াড়দের পেয়ে দলের শক্তি কতটা বাড়ল?
কৃষ্ণ: অনেক বেড়েছে। এমনিতেই জিমি ভাই অনেক ভালো খেলোয়াড়। আমি সবার চেয়ে বেশি খুশি ওনাকে দলে পেয়ে। প্রথম দিকে ওনার ফিটনেসের সমস্যা ছিল। তবে আস্তে আস্তে আগের ফর্মে ফিরে পেয়েছেন। এটা আমাদের জন্যই ভালো। অন্যরাও অভিজ্ঞ খেলোয়াড়। সিঙ্গাপুরে ওরাও ভালো করবে আশা করি।
মালয়েশিয়ান কোচ গোবিনাথানকে কেমন মনে হলো?
কৃষ্ণ: উনি বেশ ভালো কোচ। খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো মেশেন, ভুলগুলো সুন্দরভাবে শুধরে দেন। ডাইনিংয়ে গিয়েও খেলার ভিডিও দেখান। সবার আলাদা ভিডিও করেন। আশা করি তাঁর অধীনে আমরা ভালো করব।