'দিন শেষে জয় জয়ই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কামুনগোজি। সঙ্গে সঙ্গেই রেকর্ড বইয়ে নাম উঠে গেল তাইজুলের। টেস্টে বাংলাদেশের ইনিংস-সেরা বোলিং এখন এই বাঁহাতি স্পিনারের l প্রথম আলো
তাঁর বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কামুনগোজি। সঙ্গে সঙ্গেই রেকর্ড বইয়ে নাম উঠে গেল তাইজুলের। টেস্টে বাংলাদেশের ইনিংস-সেরা বোলিং এখন এই বাঁহাতি স্পিনারের l প্রথম আলো

গত প্রায় এক বছরে জয় বলতে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান আর নেপালকে হারানো। টেস্টে তো বটেই, জয় কী—সেটা ওয়ানডে ক্রিকেটেও ভুলে যাচ্ছিল বাংলাদেশ দল। অবশেষে কাল এল কাঙ্ক্ষিত সেই জয় এবং তা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে। সহজ জয় নয়, তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে সেটাও কম আনন্দের নয়। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাঁর প্রায় পুরো বক্তব্যটাই তুলে ধরা হলো এখানে
অনেক দিন পর টেস্ট জয় আনন্দদায়কই হওয়ার কথা। কিন্তু যেভাবে জিতলেন, তাতে কি জয়টাকে আসলেই আনন্দদায়ক লাগছে?
মুশফিকুর রহিম: টেস্ট জয় একটা বিশাল ব্যাপার। বিশেষ করে আমাদের মতো দলের জন্য। সব সময় এ রকম সুযোগ আসে না। এই বছর অনেকগুলো ম্যাচ আমরা খুব কাছে গিয়ে হেরে গেছি। কিন্তু আজ (গতকাল) আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মনঃসংযোগ ধরে রাখতে পেরেছি। আগের সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। খারাপ সময়টা কাটিয়ে ওঠার জন্য আমাদের একটা জয় প্রয়োজন ছিল। সেটা হয়েছে। হয়তো এভাবে হবে, সেটা আমরা প্রত্যাশা করিনি। কিন্তু এটা ক্রিকেট। ওরা অনেক ভালো বল করেছে। তার পরও আমার মনে হয় ব্যাটসম্যানরা কিছু জায়গায় উন্নতি করলে জয়টা সহজ হতে পারত। তবে দিন শেষে জয় জয়ই। আমরা এই জয় নিয়েই অনেক আত্মবিশ্বাসী।
এত ছোট লক্ষ্যের সামনেও যদি ব্যাটসম্যানরা ব্যর্থ হয়, তাহলে বড় লক্ষ্যের সামনে কী হবে?
মুশফিক: এটা যে খুব বেশি চিন্তার বিষয়, তা নয়। তবে একটু চিন্তার বিষয়। কারণ আমরা জানতাম আমাদের স্পিনের সামনে ওদের খেলতে অনেক সমস্যা হবে। আমি বারবারই বলছিলাম, টেস্ট ম্যাচ জিততে গেলে অবশ্যই ২০ উইকেট নিতে হবে। সে ক্ষেত্রে স্কোর বোর্ডেও একটা রান দরকার, যেটা ব্যাটসম্যানদেরই দায়িত্ব। সেদিক থেকে বলব প্রথম ইনিংসে আমাদের এমন কিছু রানআউট ছিল, এই পর্যায়ে এসে যেগুলো হওয়া একদমই উচিত হয়নি। দ্বিতীয় ইনিংসে ওদের কিছু বল ভালো হয়েছে। আশা করি, পরের ম্যাচগুলোয় ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগী হবে, আত্মবিশ্বাসী থাকবে। আরেকটু দায়িত্ব নিয়ে খেলবে।
সিনিয়র ব্যাটসম্যানরা ক্রিজে থাকলে সাধারণত টেলএন্ডারদের বাঁচিয়ে খেলার চেষ্টা করে। কিন্তু আপনি উইকেটে থাকার পরও প্রায় অর্ধেক বলই টেলএন্ডার ব্যাটসম্যানদের খেলতে হলো। এ ক্ষেত্রে আপনার পরিকল্পনা কী ছিল?
মুশফিক: উইকেটে স্বীকৃত শেষ ব্যাটসম্যান আমিই ছিলাম। এই উইকেট কিছু করা খুব সহজ ছিল না। নইলে আমি হয়তো আক্রমণাত্মক ব্যাটিং করতাম, রান বের করার চিন্তা করতাম। ওটাই ওরা চাচ্ছিল। শেষ দুই বলে হয়তো আমি আক্রমণ করব। আমার উইকেট পড়ে গেলে খেলা শেষ হয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাস ছিল তাদের (শাহাদাত ও তাইজুল) ওপর। রাজীব (শাহাদাত) আর তাইজুল এসে বলল, ভাই আপনি একদিকে থাকেন। আমরা শেষ পর্যন্ত আছি। আমার তাদের ওপর আস্থা ছিল। এ জন্য আমি এটা করেছি। প্রথম ইনিংসে হলে হয়তো ভিন্ন চিন্তা করতাম। উইকেটও আরও ভালো থাকত তখন। কিন্তু এই উইকেটে রান করা কঠিন ছিল। আমি মারতে গিয়ে আউট হয়ে গেলে দল আরও চাপে পড়ত। রান খুব যে বেশি লাগত, সেটাও না। সে জন্য চেয়েছিলাম ৮ উইকেট পর্যন্ত আমি আমার স্বাভাবিক খেলা খেলব।
জিম্বাবুয়ের পেস আক্রমণ কি খুব বেশি ভালো? নাকি ব্যাটসম্যানরাই বাজে খেলেছেন?
মুশফিক: আমার মনে হয় দুটোই। ওরা কিন্তু বাজে বল খুব বেশি দেয় না। একই উইকেটে আমাদের স্পিনাররা উইকেট পায়, আবার ওদের পেস বোলাররা উইকেট পাচ্ছে। তা ছাড়া আমাদের ব্যাটসম্যানদের ধৈর্যের একটু ঘাটতি আছে। আশা করি, পরবর্তী ম্যাচ থেকে বিষয়গুলো আমরা মাথায় রাখব। নয়তো সব সময় এ রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা জিততে পারব না।
কখনো কি মনে হয়েছিল ম্য্যাচটা আপনারা হেরে যেতে পারেন?
মুশফিক: সত্যি বলতে, আমার কখনো মনে হয়নি ম্যাচটা আমরা হারতে পারি। প্রথম দিকে হয়তো কঠিন ছিল। কিন্তু রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের পর আমিও যখন খেলছিলাম, তখনো পরিকল্পনা একটাই ছিল, অন্তত ২০ রানের জুটি হলে আর ১৫-১৬ রানই লাগবে। আমাদের মূল লক্ষ্য ছিল ১৫-২০ রানের একটা জুটি গড়া। তারপর দ্রুত দুটি উইকেট পড়ার পর শাহাদাত এসে আত্মবিশ্বাসের সঙ্গে কয়েকটা ভালো বল ঠেকাল, বল ছাড়ল, রান করল। তখনো আমার বিশ্বাস ছিল ও আউট হলেও তাইজুল আছে। সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তাইজুল যখন এসে আমাকে বলল, ভাই এই উইকেটে ইনশা আল্লাহ আমি পারব শেষ পর্যন্ত থাকতে। তার আত্মবিশ্বাস দেখে আমারও মনে হয়নি হারব। আমার মাথায় ছিল, আমি যদি শেষ পর্যন্ত থাকি, এ ম্যাচ আমরা কোনোমতেই হারব না।
টেস্ট ম্যাচ আপনারা কম জেতেন, সেটাও কি শেষ দিকে এসে সংগ্রাম করার একটা কারণ?
মুশফিক: এটা ঠিক। আমাদের সব সময় এ রকম সুযোগ হয় না। আমি নিজেও ভুলে গেছি শেষ কবে চতুর্থ ইনিংসে রান তাড়া করেছি। এটা একটা অভ্যাসের ব্যাপার। আশা করব, এই অভিজ্ঞতাটা মনে থাকবে। ভবিষ্যতে এমন সুযোগ এলে যেন আরও ভালোভাবে রান তাড়া করতে পারি।