>

ফুটবলারদের দলবদলের সময় প্রতিবছরই নাটক হয়। একাধিক ক্লাব খেলোয়াড়দের টাকা দেয়। এ নিয়ে বাধে গোলমাল। যেমনটা এবারও হলো। বাফুফে তাহলে কী করছে? এ বিষয়েই বললেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী
* প্রতিবছরই একই বিতর্ক দেখা যাচ্ছে। নিয়ম ভেঙে খেলোয়াড়দের নিয়ে কাড়াকাড়ি করে ক্লাবগুলো। বাফুফে এ নিয়ে কী করছে?
সালাম মুর্শেদী: ক্লাবগুলো নিয়ম ভাঙলে আমাদের কমিটি আছে। তারাই বিষয়টা দেখবে। আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না।
* কিন্তু বাফুফে তো স্পষ্ট করে বলতে পারছে না একজন খেলোয়াড় আসলে কখন ক্লাব থেকে মুক্ত হবেন?
সালাম: আগে তো আমরা জানতাম মৌসুম টু মৌসুম। মৌসুম শেষ হয়ে গেলে খেলোয়াড় মুক্ত। তবে লিগ কমিটির সভায় সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, দলবদলের ফরম ছাড়ার পরই খেলোয়াড় মুক্ত হবেন। এখনো সেই অবস্থানেই আছি আমরা।
* খেলোয়াড়েরা বলছেন ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তি শেষ। সে দলবদলের ফরমেই লেখাটা আছে। এটা কি আপনারা দেখেননি?
সালাম: দেখেছি। এটা আসলে খেলোয়াড় আর ক্লাবের ব্যাপার। তারাই ভালো বলতে পারবে। তবে হ্যাঁ, এটা সত্য, নিবন্ধন ফরমে চুক্তির সময়সীমা থাকে। খেলোয়াড় কীভাবে তার ক্লাবের সঙ্গে চুক্তিতে সই করেছে, সেটা তো আমরা জানি না। এসব দেখে বলতে পারব।
* তাহলে বাফুফে কীভাবে বলছে এখনো খেলোয়াড়েরা তাঁর নিজ নিজ ক্লাবের খেলোয়াড়ই? শেখ জামালের খেলোয়াড়েরা অভিযোগ করেছেন, বাফুফে নাকি সাফের পর তাদের ওই দলটিতে যোগ দিতে বলেছে। এটা কীভাবে সম্ভব?
সালাম: এটা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জেনেছি এমন কথা ফেডারেশন থেকে কেউ বলেনি। সাফের পর আমরা সব ক্লাবকেই চিঠি দিয়ে বলেছিলাম বঙ্গবন্ধু কাপের জন্য খেলোয়াড় ছাড়তে। শুধু শেখ জামাল নয়।
* এই বিষয়গুলো নিয়ে ফেডারেশনের অবস্থান সময় সময় বদলে যায়। কোনো কোনো ক্লাবকে খুশি করার চেষ্টাও থাকে। বাফুফে নিজস্ব একটা শক্ত অবস্থান কবে করতে পারবে?
সালাম: কাউকে খুশি করার কিছু নেই। আমরা চাই নিয়মের মধ্যে থাকতে। তবে হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও ভাবতে হবে। অনেক কাজ করা দরকার। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় সে ব্যাপারে সতর্ক থাকব।
* শেখ জামালের কয়েকজন খেলোয়াড়ের অভিযোগ, জোর করে নাকি তাঁদের সই করিয়েছে ক্লাবটি। এ ব্যাপারে বাফুফে কী ভাবছে?
সালাম: আমরা এটা শুনেছি। কেউ লিখিত অভিযোগ করলে হয়তো বিষয়টা খতিয়ে দেখা যেতে পারে।
* এই যে খেলোয়াড়দের নিয়ে টানাহেঁচড়া ক্লাবগুলোর, এই জায়গায় শৃঙ্খলা আনার জন্য বাফুফের কোনো উদ্যোগই তো দেখা যায় না। এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে?
সালাম: আসলে খেলোয়াড় কম, ক্লাবগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি। এ জন্যই টানাটানিটা হচ্ছে। এ ক্ষেত্রে খেলোয়াড়দের নৈতিকতার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তারা কোনো ক্লাব থেকে টাকা নিয়ে থাকলে প্রতিশ্রুতি রক্ষা করবে আশা করি। খেলোয়াড়দের এমন কিছু করা উচিত নয়, যাতে ক্লাব নিরুৎসাহিত হয়।
* কিন্তু ক্লাবগুলোর কি দায়িত্ব নেই? তারা জেনেবুঝেও তো অনৈতিক কাজ করে। এ ব্যাপারে বাফুফে কখনো তো কিছু করেনি...
সালাম: ক্লাবগুলোর নিজস্ব একটা লক্ষ্য থাকে। ভালো করার তাগিদেই তারা খেলোয়াড় নিয়ে কাড়াকাড়ি করছে। এটা নিয়ম ভেঙে কেউ করলে আমরা অবশ্যই শাস্তির ব্যবস্থা রেখেছি। আসলে খেলোয়াড়-ক্লাব দুই পক্ষকেই দায়িত্বশীল হতে হবে।