
প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচ বছর আগে। তারপর যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর। তবে পরশু আবারও চ্যাম্পিয়ন হয়ে নৌবাহিনীর দাবাড়ু যেন ঘোষণা দিলেন নতুনভাবে ফেরার
* পাঁচ বছর পর আবার চ্যাম্পিয়ন হলেন। সেবারের সঙ্গে এবারের তুলনা করলে কেমন খেলেছেন?
মিনহাজউদ্দিন সাগর: একটু পার্থক্য তো আছেই। তখন আমি আইএম (আন্তর্জাতিক মাস্টার) হইনি। সেবার শুধু একজন গ্র্যান্ডমাস্টার রিফাত ভাই (রিফাত বিন সাত্তার) খেলেছিলেন। ওই সময়ের চেয়ে এবার একটু কঠিন ছিল খেলা। তবে আমার খেলায় যে দিন দিন উন্নতি ঘটছে এটা তারই প্রমাণ।
* চার গ্র্যান্ডমাস্টারকে টপকে চ্যাম্পিয়ন হয়েছেন। কতটা চ্যালেঞ্জিং ছিল লড়াইটা?
সাগর: অবশ্যই বড় চ্যালেঞ্জ ছিল। কারণ গতবারের চ্যাম্পিয়ন জিয়া ভাই, তার আগের বছরের চ্যাম্পিয়ন রাকিব ভাই, অনেক অভিজ্ঞ নিয়াজ মোরশেদ ভাই—এঁদের সবার সঙ্গে খেলতে হয়েছে। চেয়েছিলাম অন্তত চার জিএমের সঙ্গে ড্র আর অন্যদের বিপক্ষে জয়। হয়েছেও সেটাই। তবে এটা সত্যি, খেলা শুরুর আগে ভাবিইনি যে চ্যাম্পিয়ন হব।
* চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে কার সঙ্গে খেলা সবচেয়ে কঠিন ছিল?
সাগর: রাজীব ভাইয়ের সঙ্গে ম্যাচটা খুব কঠিন ছিল। ম্যাচের মাঝখানেও বোঝা যাচ্ছিল না শেষ পর্যন্ত কী হবে। শিরোপার জন্য ওই ম্যাচের পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ ছিল।
* ২০০৮ সালে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন। পরের সাত বছরে যেখানে থাকার কথা ছিল সেখানে কি যেতে পেরেছেন?
সাগর: কী আর বলব! দেশে তো সেভাবে টুর্নামেন্টই হয় না। নর্ম করতে হলে আমাকে দেশের বাইরেও বেশি বেশি টুর্নামেন্টে খেলতে হবে। সেই হিসেবে তেমন টুর্নামেন্ট খেলতেই পারিনি। অবশ্য নৌবাহিনীতে যোগ দেওয়ার পর অনেক টুর্নামেন্টে খেলার সুযোগ হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আসলে মাথার ওপরে আমার একটা ছাদ দরকার। ওটা না হলে তো খেলা যায় না।
* তিন বছর আগে আইএম হয়েছেন। জিএম নর্ম পেতে আর কত অপেক্ষা করবেন?
সাগর: অনেক দিন পর ছন্দে ফিরেছি। এখন বেশি টুর্নামেন্ট খেলা দরকার। আমার এখন একটাই লক্ষ্য—যেভাবেই হোক দুই বছরের মধ্যে জিএম হতে চাই।
* এবার দাবায় পাঁচ গ্র্যান্ডমাস্টার খেললে জিএম নর্মের একটা সম্ভাবনা ছিল আপনার। কিন্তু খেলেছেন চারজন। এ নিয়ে কি আফসোস আছে?
সাগর: আফসোস তো আছেই, আমার জন্য এটা দুর্ভাগ্যও। নর্ম পেতে এখানকার সেরা নয়জন রেটেড দাবাড়ুর গড় রেটিং ২৩৮০ থাকার দরকার ছিল। কিন্তু আমি বাদে অন্যদের গড় রেটিং ছিল ২৩৭৬। তাই আমি আগেই হাল ছেড়ে দিয়েছিলাম।
* ফেডারেশন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করে না দীর্ঘদিন। ঘরোয়া টুর্নামেন্টও কম হচ্ছে। খেলায় এসবের প্রভাব কতটুক পড়ে?
সাগর: প্রভাব তো অবশ্যই পড়ে। কিছুদিন আগে চট্টগ্রামে শামীম ভাই (সহসভাপতি শাহাবুদ্দিন শামীম) একটা জিএম টুর্নামেন্ট করেছেন। ওখানে ভালো খেলেছিলাম। তবে আরও দুটি ম্যাচ বেশি থাকলে হয়তো হয়েও যেত। এমন টুর্নামেন্ট বেশি দরকার।
* মাঝে নাকি দাবা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন?
সাগর: আসলে তখন আমি কোনো স্পনসর পাচ্ছিলাম না। খেলতেও পারছিলাম না। তখন চাকরিও ছিল না। এখন একটা চাকরি করি। নৌবাহিনী আমাকে চাকরিটা দিয়েছে। এর আগে কঠিন সময় পার করেছি। তখনই হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম।