'দ্রুতগতির হলে কত কী করা যায়!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে বড় তারকা উসাইন বোল্ট যুক্তরাজ্যের স্পোর্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বললেন অ্যাথলেটিকসের
বাইরের জগৎ নিয়েও

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

 খেলাধুলা নিয়ে আপনার প্রথম স্মৃতি কী?
উসাইন বোল্ট: খুব সকালে জেগে উঠে বাবা আমার রুমে ঢুকতেন। টিভিতে ক্রিকেট দেখার জন্য আমাকে জাগিয়ে তুলতেন। ওনার রুমেও একটা টিভি ছিল। টিভি দেখতে গিয়ে মায়ের ঘুম যাতে না ভাঙে, সে জন্য বাবা আমার রুমে চলে আসতেন। ক্রিকেটে আমার ভালো লাগার শুরুটা হয়েছিল এভাবেই।
 অন্য খেলায় পেশাদার খেলোয়াড় হলে সেটি কোন খেলা হতো?
বোল্ট: অবশ্যই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলতাম। উইঙ্গার হতাম। যদিও জানি না, দলটিতে এখন আমার জন্য জায়গা আছে কিনা। নতুন কোচকে তো খুব কঠিন মনে হয় (হাসি)।
 বাকি জীবনে যদি তিনটি খেলা দেখার জন্য বলা হয়, কোন তিনটিকে বেছে নেবেন?
বোল্ট: ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং এনবিএ। এই তিনটিকে বেছে নেব। কেভিন গারনেটের ভক্ত আমি। ও যে দলে খেলে সেই দলকে সমর্থন করি আমি, এখন যেমন তার দল ব্রুকলিন নেটসের সমর্থক আমি। সে কিংবদন্তি। কিন্তু আশা করি ও শিগগিরই খেলা ছেড়ে দেবে, কারণ আমার ভালো একটা দলকে সমর্থন করা দরকার (হাসি)।
 কোন কোন টিভি অনুষ্ঠান দেখেন?
বোল্ট: ‘বিগ ব্যাং থিওরি’ এবং ‘টু অ্যান্ড আ হাফ মেন’ খুবই ভালো লাগে আমার। একজনের প্ররোচনায় ‘দ্য ওয়াকিং ডেড’ নামে একটা সিরিজ দেখার পর থেকে ওটাতেও এখন আসক্ত।
 কোনো বড় তারকায় কখনো আচ্ছন্ন হয়েছেন?
বোল্ট: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শুরুর দিকে আমি ম্যানচেস্টার ইউনাইটেড গিয়েছিলাম। যার বড় ভক্ত ছিলাম, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর সাক্ষাৎ পাই। প্রথমবারের মতো দেখা হয় ওয়েইন রুনি ও দিদিয়ের দ্রগবার সঙ্গেও। খুবই খুশি হয়েছিলাম। যে বিষয়টি আমাকে বিস্মিত করেছিল তা হলো, ওরা জানত আমি কে।
 আপনাকে নিয়ে যেসব গুজব পড়েছেন, তার মধ্যে সবচেয়ে মজার কোনটি?
বোল্ট: কমনওয়েলথ গেমসের আগে শুনতে পেলাম, আমি ব্যক্তিগত বিমানে চড়ে গ্লাসগো যাচ্ছি। ব্যাপারটা মজার ছিল। সত্যি ছিল সেটা? না, সাধারণ ফ্লাইটই ধরেছিলাম। আমার নিজের খুব বেশি পড়া হয় না। আমার এজেন্টই পড়ে। তবে আসলে কী হচ্ছে, সব সময় সে বলে না আমাকে।
 এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিক কোনটি?
বোল্ট: শুনে মানুষজন বিস্মিত হয়। কিন্তু সেটা ছিল ২০০২ সালে কিংস্টনে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়। কারণ ১৫ বছর বয়সে আমি জিতেছিলাম স্বাগতিক সমর্থকদের সামনে (বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে ২০০ মিটারে)। এখন পর্যন্ত এটিই আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। বেইজিং অলিম্পিকে আমাকে উদ্দেশ করে দর্শকের সমস্বরে ‘হ্যাপি বার্থ ডে’ গেয়ে ওঠাটাও ভালো লাগার মতো একটা ঘটনা।
 অতিপ্রাকৃত ক্ষমতা পেলে কী হতেন?
বোল্ট: দ্রুত দৌড়ানোই চাওয়া থাকত, কারণ এটা দারুণ ব্যাপার। কার্টুন দেখে থাকলে বুঝতে পারবেন, দ্রুতগতির হলে কত কী করা যায়!
 আপনাকে নিয়ে ছবি হলে আপনার চরিত্রে কোন অভিনেতাকে পছন্দ করবেন?
বোল্ট: আমার পছন্দের অভিনেতা জেসন স্ট্যাথাম, কাজেই...(হাসি)। কখনো কখনো আমি নিজেও অভিনয় করতে পারি। তবে সে জন্য আমাকে মুডে থাকতে হবে।