>

দুদিন আগেও ব্যস্ত ছিলেন আইপিএল নিয়ে। তাঁর দল পুনে শেষ চারে না ওঠায় আইপিএল-ব্যস্ততা শেষ ২২ মে। আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলতে পরশু সন্ধ্যায়ই তাই ঢাকায় চলে আসেন রজত ভাটিয়া। ৩৬ বছর বয়সী ভারতীয় এই অলরাউন্ডার কাল বললেন বাংলাদেশের ক্রিকেট আর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও
*ভারতের ঘরোয়া লিগের সঙ্গে ঢাকার ক্রিকেটের কী পার্থক্য দেখছেন?
রজত ভাটিয়া: এখানে খেলতে আসাটা সব সময়ই ভালো। এর আগে ২০১১-১২ মৌসুমে এসেছিলাম। তখন প্রিমিয়ার লিগের ম্যাচগুলো লিস্ট ‘এ’ হিসেবে ধরা হতো না। এখন তো লিস্ট ‘এ’ ম্যাচ হিসেবে স্বীকৃত। এখন এখানকার সব রেকর্ড পরিসংখ্যানে যোগ হচ্ছে, ক্রিকইনফোতে পাওয়া যাচ্ছে। ভারত আর এখানে একই মানের খেলা হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগের মান খুবই ভালো।
*সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের চেয়ে বোলিং বেশি করতে দেখা যাচ্ছে। প্রিমিয়ার লিগে কোনটিতে গুরুত্ব দেবেন?
ভাটিয়া: দল আমার কাছে যা চাইবে, সেটাতেই আমার ভূমিকা থাকবে। দলের চাহিদা মেনেই আমাকে খেলতে হবে। যখন প্রয়োজন হবে চাপ নিতে হবে। আমাকে এখানে আনাই হয়েছে এ কারণে। সব সময় যা করি, সেটাই করে যাব।
*বাংলাদেশের খেলোয়াড়দের অনেককে নিশ্চয়ই ভালোভাবে চেনেন...
ভাটিয়া: হ্যাঁ, এখানকার কিছু খেলোয়াড়ের সঙ্গে আমি খেলেছি। সাকিব-তামিমকে খুব ভালোভাবেই চিনি। অবশ্য তামিমের সঙ্গে একই দলে আজই (কাল) প্রথম খেললাম। সাকিবের সঙ্গে আইপিএলে অনেক ম্যাচ খেলেছি। প্রিমিয়ার লিগে এই ক্লাবের হয়ে এ নিয়ে তৃতীয়বারের মতো খেলছি। মাঝে দুই বছর বোর্ডের অনুমতি পাইনি বলে আসিনি।
*আইপিএল শেষে ছুটি কাটাতে পারতেন। তা না করে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চলে এলেন...
ভাটিয়া: যদি কিছু ম্যাচ খেলার সুযোগ থাকে, তবে কেন খেলব না? আগেও এই ক্লাবের হয়ে খেলেছি, অনেককেই চিনি। তাদের অনুরোধেই এসেছি।
*দীর্ঘ দিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলছেন। নিজেকে উদ্বুদ্ধ করেন কীভাবে?
ভাটিয়া: আমি শুধু নিজের খেলাটাই উপভোগ করি। এখানে উদ্বুদ্ধ করার কিছু নেই। যখন আপনি লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন, উদ্বুদ্ধ থাকতেই হবে। খেলাটা উপভোগ না করলে অনুপ্রেরণা খুঁজে পাবেন না। তখন খারাপ করতে শুরু করবেন।
*ভারতীয় দলে খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখেন...
ভাটিয়া: বড় আশা তো থাকতেই হবে। কখনো হতাশ হওয়া যাবে না। তবে এখানে কিছু প্রমাণ করতে নয়, এসেছি শুধু ক্রিকেট উপভোগ করতে।
*এবার আইপিএলে পুনের বোলারদের মধ্যে আপনার ইকোনমি রেট বেশ ভালো ছিল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কোনো ভূমিকা ছিল তাতে?
ভাটিয়া: সব সময়ই অধিনায়কের সমর্থন পেয়েছি। ধোনির মতো অধিনায়ক জানে কার কাছ থেকে কী বের করে নিয়ে আসতে হবে। নেটে তাকে অনেক বোলিং করেছি। কখনো আমাকে সে মেরেছে আবার কখনো আউটও হয়েছে। ধোনিকে বোলিং করে আত্মবিশ্বাস বেড়েছে। অধিনায়ককে কৃতিত্ব দিতেই হবে। কীভাবে, কোথায় বল করতে হবে, এসব নিয়ে নানা পরামর্শ দিয়েছে। অধিনায়কের এ বিষয়গুলো আপনাকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।