'নতুন করে শুরু করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলর
ব্রেন্ডন টেলর

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৪ বছর পূর্তি হলো কাল। এরই মধ্যে সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ চট্টগ্রামে আগামীকাল শুরু তৃতীয় ও শেষ টেস্টটিও জিতে পূর্ণতা দিতে চাইবে চতুর্দশ বর্ষপূর্তির উদ্যাপনকে। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর সেটি জানেন, তবু শেষ টেস্টে জয়ের জন্য তিনি করে দেখবেন শেষ চেষ্টা
বাংলাদেশের জন্য আজ ঐতিহাসিক দিন। টেস্ট ক্রিকেটে ১৪ বছর উদ্যাপন করছে বাংলাদেশ। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
ব্রেন্ডন টেলর: বাংলাদেশ দলকে স্বাগত ও অভিনন্দন। আমার মনে হয় ওদের অর্জনটা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেটপাগল জাতি। এখানকার অবকাঠামোও ভালো।
সিরিজের শেষ টেস্ট নিয়ে কিছু বলুন...
টেলর: যেহেতু বাংলাদেশ দল এ সিরিজে ভালো শুরু করেছে, তাই তাদের মধ্যে উত্তেজনাটা বেশি থাকবেই। জিততে চাইবে শেষ টেস্টও। বাংলাদেশ দলটি তারুণ্যনির্ভর। ওরা খুব ভালো একটি সিরিজ জয় দিয়ে ১৪ বছর উদ্যাপন করতে পারবে।
প্রথম দুই টেস্ট হেরে গেছেন। তৃতীয় টেস্ট নিয়ে আপনার পরিকল্পনা কী?
টেলর: তৃতীয় টেস্ট নিয়ে আমার পরিকল্পনা হলো, প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা ভালো শুরু করিনি। এবার ভালো শুরু করা চাই। প্রথম টেস্টটি জিততে জিততে হেরেছি। সে জন্য পরের ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা খুলনা টেস্টেও হেরেছি। যে কারণে সিরিজ হাতছাড়া হয়ে গেছে আমাদের। বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে প্রথম দুই টেস্টে জয় তুলে। এখন সিরিজের নিয়ন্ত্রণ ওদের হাতে। তার পরও আমরা জেতার জন্যই নামব। জিতলে ব্যবধানটা তো কমবে। এ জন্য আমরা আবার নতুন করে শুরু করব। টসটা গুরুত্বপূর্ণ হবে।
এ জন্য তৃতীয় টেস্ট নিয়ে আপনারা কি চাপ অনুভব করছেন?
টেলর: আমাদের ওপর এখন কোনো চাপ নেই। আমরা জানি, বাংলাদেশ দল এই ম্যাচেও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা দেশের মাটিতে খেলছে। আর দেশের মাটিতে খেলার একটা বাড়তি সুবিধা তো থাকেই। সেটা আমরা ভুলে যাচ্ছি না। তবে এ ম্যাচে আমরা ক্রিকেটকে ক্রিকেটের মতো উদ্যাপন করে খেলার চেষ্টা করব। তাহলে হয়তো ফল পাব আশা করছি। ভালো কিছু করতে আমরা মুখিয়ে আছি। সত্যি কথা বলতে, শেষ টেস্টটা জিতে আমরা ওয়ানডে সিরিজে যেতে চাই। সেটি হবে ওয়ানডেতে আমাদের জন্য প্রেরণা।
ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে আপনি কী বলবেন?
টেলর: তার বিষয়ে আপত্তি উঠেছে। এখনো তো সে নিষিদ্ধ হয়নি, তাই সিরিজের বাকি অংশেও সে থাকবে।