
গত বছর দলবদলের দাবিতে আন্দোলন করায় নিষেধাজ্ঞার খড়্গ ঝুলেছিল। কিন্তু এবার আন্দোলনে সফল হয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হকির গোলরক্ষক জাহিদ হোসেন। পেছনের হতাশা ভুলে এবার সামনে তাকাতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক
* প্রায় এক বছর পর জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন। কেমন লাগছে?
জাহিদ হোসেন: একটু আগেই ক্যাম্পে উঠলাম। খুবই ভালো লাগছে। আসলে বাড়ির চেয়ে অনুশীলন ক্যাম্প, খেলার মাঠ—এসবই বেশি উপভোগ করি।
* খেলার বাইরে থাকার সময়টায় আপনি নাকি জুতার দোকান দিয়েছেন?
জাহিদ: খেলতে না পেরে এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে কোনো কিছুই ভালো লাগত না। নিষেধাজ্ঞার খবরে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। পরিবারের অন্যদের সঙ্গে ঠিকমতো কথা বলতাম না। এমনকি আমার তিন বছরের মেয়ে আফিয়ার সঙ্গেও সারাক্ষণ রাগারাগি করতাম। লালবাগে আমার এলাকার বড় ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব দেখা হলেই জানতে চাইত, কবে মাঠে ফিরব। প্রশ্নের উত্তর দিতে পারতাম না। একটা সময় মনে হতো হকি খেলা শিখে মনে হয় ভুলই করেছি।
* তারপর...?
জাহিদ: ভাবলাম, এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি সাভারের বাইপাইলে চলে যাই। সেখানেও একই উৎপাত। সবাই আমাকে চেনে। চায়ের দোকানে গেলেও শান্তি নেই। দলবদল নেই। টাকা-পয়সাও হাতে ছিল না। তখন আমার বোনজামাইয়ের পরামর্শে বাইপাইলে একটা জুতা-স্যান্ডেলের দোকান দিই।
* অনুশীলনটা করার সুযোগ পেতেন ওই সময়?
জাহিদ: দোকানদারি করলেও নিজেকে ফিট রাখতে অনুশীলন করতাম নিয়মিত। প্রতিদিন ভোরে স্টিক নিয়ে সাভার স্মৃতিসৌধে চলে যেতাম। সেখানে একা একাই অনুশীলন করে শরীর ফিট রেখেছি।
* জুতার ব্যবসা কেমন চলছে?
জাহিদ: ব্যবসা ভালোই চলছে। এলাকাটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ভরা। এখানে বার্মিজ স্যান্ডেল ভালো চলে। তা ছাড়া আমার ছোট ভাই আমাকে মার্কেটিংটাও বুঝিয়েছে। সমস্যা হচ্ছে না।
* হকির সমস্যা তো আর নেই। এবার আপনার লক্ষ্য কী?
জাহিদ: নতুন করে সবকিছু শুরু করেছি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলাম। আগামী মৌসুমে লিগে ভালো পারফর্ম করতে চাই। আর কোনো হতাশা যেন হকি খেলোয়াড়দের ঘিরে না ধরে। সারা বছর মাঠে খেলা থাকবে, সেটাই চাই। আমরা শুধুই খেলব। ফেডারেশনে কে এলেন, কে গেলেন, তা নিয়ে আমাদের ভাবার কিছু নেই। আমরা চাই মাঠে সারা বছর খেলা থাকুক, ক্যাম্প চলুক। বারো মাস টুর্নামেন্ট থাকুক। আগের বিজয় দিবস, স্বাধীনতা কাপ, শহীদ স্মৃতি... কত টুর্নামেন্ট হতো। গত তিন-চার বছরের মধ্যে এসবের নামই শুনি না।
* ক্যাম্পের পরিবেশ কেমন লাগছে?
জাহিদ: সবে যোগ দিয়েছি। আশা করি দু-এক দিনের মধ্যে মানিয়ে নিতে পারব। গত ২০১০ এসএ গেমসের সময় আমরা একটা দল হয়ে খেলেছি। আমাদের সবার মধ্যে ঐক্য ছিল, কমিটমেন্ট ছিল। আশা করি এবারও প্রত্যেকের মধ্যে সেটা থাকবে।
* গতবারের মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না প্রস্তুতিতে। এসএ গেমসে ব্রোঞ্জ ধরে রাখা সম্ভব হবে?
জাহিদ: গতবার ভারতের সঙ্গে জিততে জিততে হেরেছিলাম। পাকিস্তানের সঙ্গে ড্র করেছিলাম। এখনো চার মাস সময় আছে। যদি সবাই মিলে আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন করতে পারি, তাহলে ভালো ফলই হবে। আসলে এবার আমাদের লক্ষ্যই থাকবে ভারত-পাকিস্তানের যেকোনো একটা দেশকে হারিয়ে দেওয়া।
* মাহবুব হারুন আবারও দলের কোচ। এটাও নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা?
জাহিদ: অবশ্যই। হারুন ভাই ইতিবাচক একজন কোচ, যিনি খেলোয়াড়দের সহজেই পড়তে পারেন। কেন খেলোয়াড়েরা পারফর্ম করতে পারে না, তা জেনে তার কাছ থেকে সেটা বের করে আনতে পারেন।