>

নবীন শ্যুটার তুলে আনতে যুব টুর্নামেন্ট আয়োজন করল শ্যুটিং ফেডারেশন। গতকাল শেষ হওয়া এই টুর্নামেন্টকে আগামীর সম্ভাবনা দেখছেন আবদুল্লাহ হেল বাকি। নবীনদের দেখে নিজের উঠে আসার সঙ্গে বর্তমান সময়ের তুলনাও করলেন কমনওয়েলথ গেমসের রুপাজয়ী শ্যুটার
* যুব টুর্নামেন্টটি আপনার চোখে কেমন হলো?
আবদুল্লাহ হেল বাকি: যুব শব্দটার ব্যাপ্তি অনেক। যুব মানে আগামীর সম্ভাবনা, তা যেকোনো খেলাতেই হতে পারে। শ্যুটিংয়ে তো আরও বেশি। তাই এই যুব টুর্নামেন্টটিকে নবীনদের জন্য অনেক বড় মঞ্চই বলব।
* কয়েক বছর আগে আপনি নবীন ছিলেন, সে সময় কী অবস্থা ছিল?
বাকি: আমি এ ধরনের প্রতিযোগিতা পাইনি। বাংলাদেশে এটাই প্রথম যুব টুর্নামেন্ট। সেদিক থেকে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
* নবীনদের মধ্যে কতটা সম্ভাবনা দেখলেন?
বাকি: সম্ভাবনা অনেক আছে। এই নবীনদের দেখে তো আমি খানিকটা অবাকই। ওদের বয়সে আমার এত আগ্রহ ছিল না শ্যুটিং নিয়ে। আমার চেয়েও ওদের আগ্রহই বেশি দেখছি। এই টুর্নামেন্টে অনেকের স্কোর ভালো। ওই সময়ে আমার স্কোর এত ভালো ছিল না (হাসি)।
* আপনাকে দেখে এখন অনেক তরুণই শ্যুটিংয়ে আসছে। তা এদের কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে?
বাকি: এদের আগ্রহটা। অনেকে আমার কাছে এসে বলল, “ভাই, আমার একটা ভালো রাইফেল দরকার। ইশ্, অনুশীলন করার জন্য যদি একটা ভালো রেঞ্জ পেতাম।” সবারই দেখলাম অভিন্ন দাহিদা। এ ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে।
* শ্যুটিং ব্যয়বহুল খেলা। এটিও তো নবীনদের উঠে আসার পথে বড় বাধা...
বাকি: হ্যাঁ, কথাটা এক শ ভাগ ঠিক। তবু সব বাধা পেরিয়ে নবীনেরা ভালো করতে চায়। অনেকগুলো ছেলে ব্যক্তিগতভাবে আমাকে বলে, “টাকা যা লাগে লাগুক, অনুশীলন-সুবিধা পেলে আমরা শ্যুটিং করব।” কিন্তু বাস্তবে আমাদের দেশে শ্যুটিংয়ের অনুশীলন-সুবিধা খুবই সীমিত।
* শ্যুটারদের তো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে আসতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে উঠে আসার ধাপগুলো কেমন?
বাকি: খেলোয়াড় তুলে আনে আসলে ক্লাব। কিন্তু দেখুন, বাংলাদেশে কয়টি শ্যুটিং ক্লাবের শক্ত ভিত্তি আছে? হাতে গোনা কয়েকটি বাদে বাকিগুলো খুবই নড়বড়ে। খেলোয়াড় তৈরি করার মতো অবস্থায় তারা নেই। কিন্তু ক্লাবকে খেলোয়াড় তুলে আনতে হবে, এর কোনো বিকল্প নেই।
* আপনি তো দেশের বাইরেও অনুশীলনের জন্য গিয়ে বিভিন্ন দেশের যুব কর্মসূচি দেখেছেন। সেই অভিজ্ঞতা কেমন?
বাকি: কিছুদিন আগে এক মাস দক্ষিণ কোরিয়ায় ট্রেনিং করেছি। ওখানে বিশাল রেঞ্জে ১০০টি লেন, আমার জন্য একটা লেন বরাদ্দ ছিল। বাকিগুলোতে দেখতাম সারা দিনই স্কুলের ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে। যখন যাদের স্কুল ছুটি হচ্ছে, তারা আসছে। এভাবে স্কুলপর্যায়ে নিতে হবে খেলাটাকে, তাহলে নবীন খেলোয়াড়ের সংখ্যা বাড়বে।
* এই যুব শ্যুটিংয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশের ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বিকেএসপিতে আপনারা ব্যাচমেট ছিলেন। মুশফিক আপনার খেলার খোঁজটোজ রাখেন?
বাকি: রাখে মানে! বেশ ভালো রাখে। মুশফিকের সঙ্গে আমার ‘তুই-তুকারি’ সম্পর্ক। আমি কোথায় কোন প্রতিযোগিতায় কী করলাম, সব খবরই ও পায়। মাঝেমধ্যে ফোন করে বলে, “দেশের জন্য ভালো করিস”, বিদেশে গেলে কী হয়—নানা পরামর্শও দেয়। বন্ধুর পরামর্শ মেনে চলারও চেষ্টা করি (হাসি)।
* সব প্রস্তুতি নিয়েও ভিসা না পাওয়ায় আজারবাইজানে বিশ্বকাপে যেতে পারলেন না। একটু কি হতাশ?
বাকি: হতাশ নই। এখানে আজারবাইজানের ভিসা সেন্টার নেই, এ কারণেই সমস্যাটা হয়েছে। তবে সামনে কুয়েতে বিশ্বকাপ আছে। আশা করি, সেখানে যাব এবং অলিম্পিকের জন্য ‘কোটা প্লেস’ পাব।