'নর্দের মতো নাম করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

.
.

ঢাকার মাঠে কত বিদেশি ফুটবলারই তো খেলেন। তাঁদের ভিড়ে একটু আলাদাই সনি নর্দের দেশের ফুটবলার লিওনেল সেইন্ট প্রিউক্স। টুর্নামেন্ট-সেরা হয়ে পরশু চট্টগ্রাম আবাহনীকে স্বাধীনতা কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন হাইতির ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। সেই আনন্দের মধ্যেই কাল কথা বলছিলেন নানা বিষয়ে
*চট্টগ্রাম আবাহনীর সবার মুখে আপনার কথা। বিশেষ করে স্বাধীনতা কাপের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত খেলেছেন। 
লিওনেল সেইন্ট প্রিউক্স: হ্যাঁ, মাঠে সব সময়ই ভালো খেলার চেষ্টা করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে চট্টগ্রাম আবাহনীর এ সাফল্যে আমার অবদান আছে। ভাবলেই মনটা ভরে যাচ্ছে আনন্দে।
*কিন্তু এখন তো আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল। চট্টগ্রাম আবাহনীর অনেক আশা আপনাকে নিয়ে।

লিওনেল: জানি সেটা। অবশ্যই দলের আশা পূরণ করতে চাইব। সামনে লিগ আছে, এর চেয়েও ভালো কিছু করে দলকে সাফল্য এনে দেওয়াই আমার ধ্যানজ্ঞান এখন।

*স্বাধীনতা কাপে সেরা খেলোয়াড় হলেন। সামনে লক্ষ্য কী?

লিওনেল: নিজেকে এমন জায়গায় দেখতে চাই, যেখানে শুধু আমি একাই থাকব। সামনে আরও ভালো খেলাই লক্ষ্য।

*হাইতি জাতীয় দলে অনেক দিন ধরে খেলছেন। হাইতির কথা উঠলে মনে পড়ে সনি নর্দের কথা। আপনার দেশের এই ফুটবলার ঢাকায় বেশ সাড়া ফেলে গেছেন।

লিওনেল: নর্দের হাত ধরেই প্রথম বাংলাদেশে আসি। আরেকটি তথ্য দিই, হাইতিতে নর্দে যে একাডেমির ছাত্র ছিল আমিও সেখানে বেড়ে উঠেছি। এরপর সনি গেল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স একাডেমিতে, আমি যুক্তরাষ্ট্রে। এখন আমরা একসঙ্গে হাইতি জাতীয় দলে খেলছি। আমি ওর সিনিয়র। হাইতি জাতীয় দলে আমার অভিষেক ২০০৭ সালে।

*হাইতির হয়ে খেলার কোনো স্মরণীয় ম্যাচের কথা মনে পড়ে?

লিওনেল: এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৬৫-৬৬টি ম্যাচ খেলেছি। গোল আছে ২২-২৫টি। তবে একটা স্মরণীয় গোলের কথা বলতে পারি। ২০০৮ বেইজিং অলিম্পিকের বাছাইয়ে আমরা কানাডার সঙ্গে ২-১ গোলে জিতলাম, ওই ম্যাচে ৪০ গজ দূর থেকে আমার একটা গোল আছে। যেটি আজীবন মনে রাখার মতো। সতীর্থরা আজও ওই গোলটির কথা বলে।

*ঢাকায় আসার আগে কোথায় খেলেছেন?

লিওনেল: যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে খেলেছি। মালয়েশিয়ার ক্লাব ফেলদা ইউনাইটেডে কাটানো সময়টার কথা আলাদা করে বলতে পারি। তারপর শেখ জামালের প্রথম এসেছিলাম বছর দুয়েক আগে। তবে থিতু হতে পারিনি। জামালের হয়ে খেলেছিলাম একটি ম্যাচ।

*বাংলাদেশের ফুটবল সম্পর্কে কেমন ধারণা হলো?

লিওনেল: ধারণাটা ভালোই। এ দেশে প্রতিভাবান খেলোয়াড় আছে অনেক। প্রয়োজন তাদের বড় ম্যাচ খেলার সুযোগ। তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের ফুটবলাররাও দেশের বাইরে গিয়ে খেলতে পারবেন।

*একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ করেছেন। টুর্নামেন্টের বেশির ভাগ গোলই বিদেশিদের। সর্বোচ্চ ছয়টি করে গোল শেখ রাসেলের ফিকরু, ঢাকা আবাহনীর সানডে ও শেখ জামালের এমেকা ডার্লিংটন। বাংলাদেশের খেলোয়াড়দের পিছিয়ে থাকার কারণ কী মনে হয় আপনার?

লিওনেল: প্রায় সব দলেরই ফরোয়ার্ড লাইনে বিদেশিরা খেলছে। আমি খেলছি চট্টগ্রাম আবাহনীতে। আমাকে কিন্তু গোল বানিয়ে দেয় জাহিদ। এভাবে স্থানীয়রা গোল বানিয়েও দিচ্ছে। এটা কম নয়।

*আপনার কী মনে হয় এ দলটি বাংলাদেশের ফুটবলে প্রতিষ্ঠিত হতে পারবে?

লিওনেল: আমার বিশ্বাস পারবে। কারণ দলটির কর্মকর্তারা অনেক আন্তরিক। তাঁরা অনেক টাকা খরচ করছেন। বলতে পারেন, এখানে আমি ভালোই আছি। ক্লাব ম্যানেজার শাকিল সাহেব আমার কথা শুনেছেন তারিক আল জানাবির কাছে। তারপর এই দলে এলাম, আস্তে আস্তে দলের একজন হয়ে দেখলাম, চট্টগ্রাম আবাহনী প্রতিষ্ঠা পেতে কতটা সাধনা করছে। তাদের সাধুবাদ জানাতেই হয়।