'নিজেও আশ্চর্য হয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শফিকুল ইসলাম মানিক
শফিকুল ইসলাম মানিক
১৯ বছরের কোচিং ক্যারিয়ারে ঘুরেফিরে মুক্তিযোদ্ধা ও মোহামেডানের কোচ ছিলেন। চলতি মৌসুমে কাজহীন থেকে আগামী মৌসুমের জন্য শফিকুল ইসলাম মানিক চুক্তিবদ্ধ হলেন চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। এই প্রথম ঢাকার বাইরের কোনো দলের স্বপ্নযাত্রার সারথি হওয়া তাঁর কাছে বড় এক চ্যালেঞ্জ

*এত দিন আপনি ছিলেন ঢাকার বড় দলের কোচ। জাতীয় দলের দায়িত্বেও ছিলেন। এবার ঢাকার বাইরে ছোট দলের দায়িত্ব নিলেন কেন?
শফিকুল ইসলাম মানিক: অনেকের মতো আমি নিজেও আশ্চর্য হয়েছি, চট্টগ্রাম আবাহনীতে কেন আমি? উত্তরটা সোজা, আমি সৃজনশীলতা পছন্দ করি। চট্টগ্রাম আবাহনী আমার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারলে মন্দ কী! সাফল্য পেলে আমার এত দিনের কোচিং ক্যারিয়ার সার্থক হবে।
*আপনার কি মনে হয় এত দিন অবনমনের আশপাশে থাকা একটা দল পরাশক্তিদের সঙ্গে টক্কর দিতে পারবে?
মানিক: নিশ্চয়ই সম্ভব। হ্যাঁ, এটা মানছি যে, চ্যাম্পিয়ন হওয়া অনেক কঠিন। তবে ‘ফাইট’ তো করা যাবে। গতবার সাদামাটা দল গড়েও মুক্তিযোদ্ধাকে তৃতীয় করেছিলাম লিগে। শৃঙ্খলা, দায়বদ্ধতা থাকলে তৃতীয় হওয়া যায়। উদাহরণটা এ জন্যই দিলাম, একটু চেষ্টা করলে ভালো করা খুবই সম্ভব। তাই চ্যালেঞ্জটা নিলাম।
*কিন্তু চট্টগ্রাম আবাহনীর মহাসচিব তো বললেন, দলটা সুনামি হয়ে দেখা দিতে চায় ঘরোয়া ফুটবলে...
মানিক: স্বপ্ন থাকা খুবই ভালো। চট্টগ্রাম আবাহনী স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হতে চায়, এটাকে প্রশংসনীয় উদ্যোগই বলব। তবে এটাও সবাইকে বুঝতে হবে, এক দিনেই বড় দল হওয়া যায় না।
*গত লিগে মুক্তিযোদ্ধাকে নিয়ে ভালো ফল করলেও এবার তারা আপনার সঙ্গে চুক্তি করেনি। মাঝের এই সময়টা কীভাবে কাটিয়েছেন?
মানিক: সময়টা আসলে খুব তাড়াতাড়িই চলে গেছে। তবে কোচিংটা মিস করেছি। আমি তো বাসায় বসে থাকার লোক নই, কাজ করতে ভালোবাসি। সত্যি বলতে, একটু লজ্জাও পেয়েছি, মুক্তিযোদ্ধাকে ভালো ফল এনে দিয়েও কেন আমাকে সরে যেতে হলো! অভিমান করে তাই একসময় স্টেডিয়ামে খেলাও দেখতে আসতাম না। টিভিতে দু-চারটা ম্যাচ দেখেছি। তারপর চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কথা বলার পর খেলা দেখতে শুরু করলাম ভালোভাবে।
*শুনেছি, গত রোজার ঈদের দিন নাকি আপনার সঙ্গে কথা হয়েছিল চট্টগ্রাম আবাহনীর। তাহলে তো এবারের ঈদটা আপনার কাছে বাড়তি আনন্দের হয়ে এসেছিল...
মানিক: হ্যাঁ, ঈদের দিন স্থানীয় একটা হোটেলে আমাকে আমন্ত্রণ জানাল চট্টগ্রাম আবাহনী। ওই দিনই আলোচনা অনেক দূর এগিয়ে যায়। দলটির কর্মকর্তা তরফদার রুহুল আমিন সাহেবের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে। দেখলাম তাঁদের একটা ভিশন আছে। এগিয়ে যেতে এটা খুবই প্রয়োজন।
*চট্টগ্রাম আবাহনী চলতি লিগে ১১ দলের মধ্যে দশম স্থানে আছে। মাঠের দুরবস্থার সঙ্গে অবকাঠামোও শক্তিশালী নয়। আপনি দলটার অবকাঠামো সুবিধা নিয়ে কাজ করবেন?
মানিক: অবশ্যই করব। সে রকম কথাই হয়েছে। এখন চট্টগ্রামে ১২-১৩ বিঘা জায়গা আছে ক্লাবের। ক্লাব টেন্ট, মাঠ আছে। আরও সুযোগ-সুবিধা বাড়াতে চান কর্মকর্তারা। আমি মনে করি, কর্মকর্তাদের সদিচ্ছায় অবকাঠামো গড়ে তোলা যাবে।
*কিন্তু আমাদের দেশে তো উৎসাহ বেশি দিন থাকে না। চট্টগ্রাম আবাহনীর এই উৎসাহটা দীর্ঘ মেয়াদে থাকবে মনে করেন?
মানিক: যেমনটা বুঝেছি, দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা আছে তাদের। তবে আস্তে আস্তে শিখরে উঠতে হবে। এ ক্ষেত্রে খেলোয়াড়দেরও অনেক দায়িত্ব। কিন্তু আমাদের দেশে খেলোয়াড়দের সীমাবদ্ধতা অনেক। সেসব জয় করে এগোতে পারলে আশা করি ঘরোয়া ফুটবলে প্রতিষ্ঠিত শক্তি হবে চট্টগ্রাম আবাহনী।