'নিজের কাজে স্বচ্ছ থাকতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম (কামাল)
রফিকুল ইসলাম (কামাল)

জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড়। এখন একই সঙ্গে ঊষা ক্লাব ও হকি ফেডারেশনের কর্মকর্তা। গত পরশু মালয়েশিয়া যাওয়ার আগে রফিকুল ইসলাম (কামাল) জানালেন ভবিষ্যতে কোচিংয়ে আসার ইচ্ছার কথাও
 খেলোয়াড় ছিলেন, এখন কর্মকর্তা, এরপর কোচ হিসেবেও তাহলে দেখা যাবে আপনাকে?
রফিকুল ইসলাম (কামাল): সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড চলার সময় কোচিংয়ের ওপর একটা কোর্স করব। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) হাইপ্রোফাইল কোচিং কর্মসূচির আওতায় বিশ্বের সব অ্যাফিলিয়েটড দেশের কোচরা এখানে আসবেন।
 হঠাৎ কেন কোচিংয়ে আগ্রহী হলেন?
কামাল: আমি একজন সাবেক খেলোয়াড়। ফেডারেশনেও সদস্য হিসেবে আছি। ঊষা ক্লাবেরও কর্মকর্তা। ক্লাব ও ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকায় মাঠে এবং মাঠের বাইরে অনেক দায়িত্বই পালন করতে হয়। এখন খেলার নিয়ম-কানুনও অনেক বদলে গেছে। নতুন এসব বিষয় যদি শিখে মাঠে খেলোয়াড়দের শেখাতে পারি তাহলে ওদেরই ভালো। তা ছাড়া ভাবলাম মন্দ কি, কোচিংটা শিখে রাখি। ভবিষ্যতে কাজে লাগবে।
 ক্লাব ও ফেডারেশন কর্মকর্তা হয়েও কোচের দায়িত্ব নিলে সেটা সাংঘর্ষিক হবে না?
কামাল: সে সুযোগ কখনো দেব না। আমি নিজের কাজে সব সময় স্বচ্ছ থাকতে চাই। ক্লাব বা ফেডারেশনে যেখানেই কাজ করেছি, একটা বিষয় বুঝেছি যে মাঠের খেলোয়াড়েরা এখনো অনেক কিছুর সুযোগ পায় না। কোচ সেটা আদায়ও করতে পারেন না। আমি সেটা পারব আশা করি।
 কবে নাগাদ ডাগ-আউটে কোচ কামালকে দেখা যেতে পারে?
কামাল: সেটা ভবিষ্যৎই বলবে। মাত্র পাঁচ দিনের কোর্স করে তো সব শেখা যাবে না। আমি এটা উপভোগ করলে কোচিংয়ে আসব। যদিও কর্মকর্তা হিসেবেই কাজ করতে এখন বেশি ভালো লাগে।
 এর আগে কি কোচিং কোর্স করেছেন কখনো?
কামাল: হ্যাঁ। কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন এফআইএইচের কোচ বেলজিয়ামের মিশেল কিনান। তাঁর অধীনে তিন দিনের একটি কোচিং কোর্স করেছিলাম।
 কোচিং পেশায় স্থানীয়দের মধ্যে তো চেনামুখগুলোই ঘুরেফিরে কাজ করছেন।
কামাল: এটা সত্যিই, আমাদের দেশের কোচদের মধ্যে জাতীয় দলে কাজ করার মতো কোচ একেবারে হাতে গোনা। আবাহনী, মোহামেডান, ঊষা বা মেরিনার্সের যদি ভালো মানের দেশি কোচ থাকত, সবার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠত। প্রতিদ্বন্দ্বিতা বাড়লে জাতীয় দলে কাজ করারও সুযোগ বাড়ত। একটা দলে মাত্র একজন কোচ দিয়ে ভালো কিছু হয় না। ভালোভাবে কাজ করতে অন্তত ৩-৪ জন কোচিং স্টাফ লাগে। এসব দিকেই আমাদের বেশি জোর দেওয়া উচিত। আমি নিজেও ফেডারেশনের কোচিং কমিটির সেক্রেটারি। আমার নিজেরও এসব জানা উচিত।
 ফেডারেশন ইদানীং বিদেশি কোচের দিকে ঝুঁকছে। এটা কি দেশি কোচের অযোগ্যতার কারণে?
কামাল: ব্যাপারটা ঠিক তা নয়। আমরাও একসময় দেশি কোচদের ওপর আস্থা রাখতে পারব। আস্থা রেখেছিও। মামুনের (জাতীয় দলের সহকারী কোচ মামুনুর রশীদ) কথা ধরুন। সে ঊষা ক্লাবে ছিল। জামাল ভাই, কাওসার ভাই বিকেএসপি, আবাহনী, মোহামেডান ও ঊষাকে কোচিং করিয়েছেন। যেকোনো দলকে চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে থাকতে হলে অবশ্যই ভালো কোচ দরকার। যখন সেটা পাওয়া যায় না তখনই বিদেশি কোচের দ্বারস্থ হেত হয়। এ ছাড়া বিদেশি কোচের সঙ্গে সুসম্পর্কের ওপরও নিয়োগের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে। অনেক সময় শুধু বিমান টিকিট পাঠিয়ে দিলেই তারা অনেক খুশি থাকে।