'নেইমার পারবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে'

*আক্রমণাত্মক লেফটব্যাক হিসেবে আপনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এ যুগের রবার্তো কার্লোস কে? কার মধ্যে নিজের ছায়া দেখতে পান?
কার্লোস: মার্সেলো। সে-ই এ মুহূর্তে সেরা।
*ন্যু ক্যাম্পে নেইমারের উন্নতি কেমন দেখছেন?
কার্লোস: শিগগিরই সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। আমার মনে হয় সে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবে।
*আপনার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ কিছুদিন আগে কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে রাফা বেনিতেজকে নিয়োগ দিয়েছে। কেমন হয়েছে এই বদলটা?
কার্লোস: দেখুন, আনচেলত্তি খুবই ভালো কোচ। এখন নতুন এসেছেন বেনিতেজ। তিনিও ভালো এবং সাফল্যের অভিজ্ঞতাও আছে তাঁর। আমি তো মনে করি তিনি স্পেনে খুব ভালো করবেন। এখানেই তাঁর বাড়ি, সবকিছু চেনা, এ কারণে একটা বাড়তি সুবিধা তো পাবেনই।
*এখনকার রিয়াল খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ আছে? গত মৌসুমটা কেমন গেল রিয়ালের?
কার্লোস: মার্সেলো, সার্জিও রামোস আর ইকার ক্যাসিয়াসের সঙ্গে তো প্রায়ই কথা হয়। গত মৌসুমটা একটু খারাপ গেছে আমাদের। কিন্তু আমি আশাবাদী পরের মৌসুমেই দল ভালো করবে।
*ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিল ‘ই’ গ্রুপে শীর্ষে। কেমন লাগছে?
কার্লোস: ব্রাজিল তো খুবই ভালো খেলছে। আমাদের দলটাও ভালো। আশা করছি এরা এখানে ভালো করবে। এদের অনেকেই ভবিষ্যতে ব্রাজিলের হয়ে খেলবে।
*শোনা যাচ্ছে আপনি কাতারের আল আরাবি ক্লাবের কোচ হচ্ছেন? এ অঞ্চলে ফুটবল কতটা এগোচ্ছে? সম্প্রতি জাভিও কাতারের আল সাদ ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন...
কার্লোস: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কয়েক বছর পর কাতার বিশ্বকাপ আয়োজন করবে। ওরা যদি এ রকম তারকা ফুটবলার আনতে পারে তাহলে ওদের এখানে ফুটবল আরও বেশি ছড়াবে। আমি খুব খুশি কাতারের একটা ক্লাবের সঙ্গে আমার কথাবার্তা চলছে। আমি চাইব আমার অভিজ্ঞতা দিয়ে ওদের সাহায্য করতে, যাতে ওরা খুব ভালো একটা বিশ্বকাপ আয়োজন করতে পারে।
*ফিফা মহিলা বিশ্বকাপ শুরু হয়েছে কানাডায়। দেখবেন টুর্নামেন্টটা?
কার্লোস: আমি ফুটবলের প্রায় সব টুর্নামেন্টের খোঁজখবর রাখি। মহিলা বিশ্বকাপেও ব্রাজিল দলটা খুব ভালো। দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে আমাদের।