'নৈতিকতা কমিটিরই নৈতিকতা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মিশেল প্লাতিনি
মিশেল প্লাতিনি

হঠাৎ করেই ধেয়ে আসা ঝড়ে লন্ডভন্ড মিশেল প্লাতিনির স্বপ্ন। আট বছরের জন্য নিষিদ্ধ ফরাসি ফুটবল কিংবদন্তি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই লড়াই নিজেকে নির্দোষ প্রমাণ করার, ফিফা সভাপতি পদে নির্বাচন করারও

* নিষিদ্ধ হওয়ার পর কেমন লাগছে?

মিশেল প্লাতিনি: আমি এখনো ভাবছি, কিন্তু বুঝে উঠতে পারছি না। কেন? এটা কীভাবে হলো? আমি কিছু কাজ করে দিয়েছিলাম। বিনিময়ে আমার কিছু পাওনা ছিল। আমাকে পাওনা বুঝিয়েও দেওয়া হয়েছে। আমি এই অর্থ থেকে আয়করও পরিশোধ করেছি। ওটা ২০১১ সালের ঘটনা। এটা পুরোপুরিই পাওনা বুঝে পাওয়ার ব্যাপার। ঘটনা ওখানেই শেষ। ২০১৫ সাল এল, সুইস বিচারিক কর্তৃপক্ষ আরও কিছু তথ্য চাইল। এরপর এটা ফিফায় গেল, ফিফার অনেক মানুষ ভাবল যাক শেষ পর্যন্ত একটা বিষয় পাওয়া গেল। আর এখন আমি আট বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ হলাম। ফিফার নৈতিকতা কমিটি ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে কী কাজ করেছে? এরা কি ঘুমিয়ে ছিল? হঠাৎ করেই এদের ঘুম ভাঙল...একেবারে ফিফার নির্বাচনের বছরে, যখন আমি আবার প্রার্থী। অবিশ্বাস্য!

·* আপনি কি লড়াইয়ের  মধ্যে আছেন?

প্লাতিনি: আমি অবিচারের বিরুদ্ধে লড়ছি। অন্য কিছুর বিপক্ষে নয়। আমি বুঝতে পারছি না, যে প্রতিষ্ঠান রসিদ লিখে আমার পাওনা শোধ করল, সেই প্রতিষ্ঠানই কীভাবে আমাকে নৈতিকতা কমিটির সামনে হাজির করল। আর এরা আজ আমাকে উয়েফায় কাজ করতে দিচ্ছে না। প্যারিসে ইউরো ২০১৬-এর ড্রতে থাকতে পারলাম না, থাকতে পারছি না টুর্নামেন্টের প্রস্তুতিতেও।

·* এরপর কী করবেন?

প্লাতিনি: আমি এই অবিচারের বিরুদ্ধে আদালত থেকে আদালতে যাব। তবে এর আগেই তো আমার গায়ে কাদা লেগে গেল। আমার সুনামহানি হলো। আমার সঙ্গে গুরুতর অন্যায় করা হয়েছে। আমাকে ব্ল্যাটারের সঙ্গে এক কাতারে ফেলা হয়েছে।

·* নৈতিকতা কমিটিতে আপনাদের দুজনের নাম তো একসঙ্গেই জড়িয়েছে...

প্লাতিনি: নৈতিকতা কমিটির লক্ষ্যই ছিল আমাকে ফিফা সভাপতি নির্বাচন থেকে দূরে রাখা। এদেরই নৈতিকতা বলতে কিছু নেই, এরা নিচু মানসিকতার।

·* দুর্নীতির অভিযোগটা তো দায়ের হয়নি...

প্লাতিনি: আমি খুব খুশি! এই বিষয়টিতে কোনো দুর্নীতি নেই। আমি বিশ্বাস করি সত্য প্রকাশ হবেই, আমিও নির্দোষ প্রমাণিত হব।

·* আপনি ফুটবলার হিসেবে হার না মানা মানসিকতার ছিলেন। এ ঘটনাকে কি হার হিসেবে দেখেন?

প্লাতিনি: কিসের হার। যেখানে আমাকে আজীবন নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল, সেখানে আমি এটাকে জয় হিসেবেই দেখি। আজীবন নিষেধাজ্ঞা! কী মজা।

·* আপনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন?

প্লাতিনি: আমি ক্ষতিপূরণ চেয়ে সুইজারল্যান্ডের আদালতে যাব। তবে এর আগে যাব আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।

·* সব ঝামেলা চুকিয়ে ফিফা নির্বাচনে যেতে সময় পাওয়া যাবে কি?

প্লাতিনি: সমস্যা হলো কতটা সময় লাগতে পারে, তা নিয়ে আমার কোনো ধারণাই নেই। আমাকে কেন নিষিদ্ধ করা হলো সেটা না জেনে আমি ক্রীড়া আদালতে আপিল করতে পারব না। তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে লড়াই চালিয়ে যাব।

* ফিফার নির্বাচনে দাঁড়ানোর চেয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই কি বেশি জরুরি?

প্লাতিনি: আমি এখনো মর্যাদা ধরে রেখেছি। আমার বিবেক পরিষ্কার। যদিও অনেক লোক আমাকে নিয়ে বাজে কথা বলছে। তবে আমি অনেক ফেডারেশন থেকে সমর্থনও পাচ্ছি, যারা আমাকে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যেতে বলেছে। প্রশ্ন একটাই, এই জাল ছিঁড়ে আমি কখন বেরোতে পারব? আর লড়াইয়ে জিতলে কি ২৬ জানুয়ারির আগেই দমেনিকো স্কালার (ফিফার প্রধান নির্বাচন কমিশনার) কাছে প্রার্থিতা পেশ করতে পারব? যা হলো তাতে যথেষ্ট ক্ষতি হয়েছে, বিশেষ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ধুলায় মিশেছে। আমি সব সময়ই বলে আসছি, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান অনেক বড়।