
গতবার লিগের মাঝপথে এসে সুবিধা করতে পারেননি। তবে শেখ রাসেল ক্রীড়া চক্রকে কলম্বোতে এএফসি প্রেসিডেন্টস কাপে গ্রুপ চ্যাম্পিয়ন করে তুলেছেন চূড়ান্ত পর্বে। সেটিরই পুরস্কারস্বরূপ এবারও
দ্রাগান দুকানোভিচকে কোচ করেছে শেখ রাসেল। কাল বাফুফে ভবনে দলবদলের পর নানা বিষয়ে কথা বললেন এই মন্টেনেগ্রিয়ান
শেখ রাসেলের এই উৎসবমুখর দলবদল কার্যক্রম দেখে কেমন লাগছে?
দ্রাগান দুকানোভিচ: খুব মজা পাচ্ছি। এটা আমার জন্য ব্যতিক্রমী ছবি। বাংলাদেশে না এলে হয়তো দেখা হতো না। গোটা ব্যাপারটাই উপভোগ করলাম এতক্ষণ।
কিন্তু মাঠে ভালো করার ব্যাপারটা নিশ্চয়ই ভুলে যাচ্ছেন না?
দুকানোভিচ: অবশ্যই। এখানে বসে (বাফুফে ভবনে) ভাবছিলাম, মাঠে তো ভালো করতেই হবে। কর্মকর্তারা এবার অনেক উৎসাহ নিয়ে দল গড়েছেন। এর প্রতিদান তাঁরা পেতে চাইবেন। আমিও চাই গতবারের চেয়ে এবার ভিন্ন চোহারায় শেখ রাসেলকে তুলে ধরতে। সবগুলো ট্রফির দিকেই চোখ রাখছি।
মাঠের প্রতিদ্বন্দ্বী ভাবছেন কাকে?
দুকানোভিচ: শেখ জামাল খুবই ভারসাম্যপূর্ণ দল গড়েছে শুনেছি। আবাহনীও তা-ই। এই দুটি দলই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। অন্যদেরও খাটো করে দেখছি না।
গতবারের চেয়ে এবার শেখ রাসেলের মধ্যে কী পার্থক্য দেখছেন?
দুকানোভিচ: অনেক পার্থক্য। গতবার আসলে দলটার ভেতরে নানা সমস্যা ছিল। সেসব নিয়ে আমি এখন কিছু বলতে চাই না। দলটা শক্তিতেও অনেকটা পিছিয়ে ছিল। এবার এসে সাংগঠনিকভাবে বেশ অগ্রগতি দেখছি। নিজস্ব মাঠ, থাকার ভবন পাচ্ছে শেখ রাসেল। এগুলো একটা দলের প্রাথমিক চাওয়া। বাস্তবতা হলো, বাংলাদেশের বেশির ভাগ ক্লাবেরই তা নেই। শেখ রাসেলের মতো বড় দলও সেই দলে ছিল এত দিন। তাই এই পরিবর্তন দেখে বেশ ভালো লাগছে।
এক মৌসুম আগে এমিলি, জাহিদদের নিয়ে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। এই খেলোয়াড়েরা আবার ফিরেছেন শেখ রাসেলে। তাঁদের কেমন দেখছেন?
দুকানোভিচ: ওরা ভালো খেলোয়াড়। গত বছর খেলা দেখেছি ওদের। আশা করি, মাঠে ওরা এক শ ভাগ দেবে। আসলে আমি শুধু পরিকল্পনাই করতে পারি, মাঠে খেলবে খেলোয়াড়েরাই। তাদের ওপরই নির্ভর করছে সাফল্য-ব্যর্থতা।
কদিন পরই শেখ রাসেলকে নিয়ে তাজিকিস্তান যাবেন এএফসি কাপের প্লে-অফ খেলতে। প্রস্তুতি কেমন?
দুকানোভিচ: আগামীকাল (আজ) আমরা বিকেএসপি যাচ্ছি ক্যাম্প করতে। সেখানেই ১০ ফেব্রুয়ারি এএফসি কাপের প্লে-অফের প্রস্তুতি চলবে। তবে তাজিকিস্তানের ঠান্ডা নিয়ে খুব চিন্তায় আছি। এটা আমাদের জন্য বড় সমস্যা হতে পারে।
কোচ হিসেবে এবার আপনার কাছ থেকে নতুন কী আশা করতে পারি?
দুকানোভিচ: আমি চেষ্টা করি নতুন কিছু করতে। খেলোয়াড়েরা সেটা মাঠে ফুটিয়ে তুলতে পারলে তবেই আমি সফল। কোচ হিসেবে সব সময়ই টিম স্পিরিটের ওপর জোর দিই। খেলোয়াড়দের প্রত্যেকের ব্যক্তিগত নৈপুণ্য বের করে আনার চিন্তা থাকে সব সময়ই। আশা করি, নতুন কিছুই আপনারা দেখবেন শেখ রাসেলের খেলায়।
কাউকে অনুসরণ করেন?
দুকানোভিচ: কার্লো আনচেলত্তি। তাঁর সবকিছুই আমার ভালো লাগে। ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে খুন করেন। সব সময়ই তাঁকে অনুসরণ করে আনন্দ পাই।
একটা ব্যাপার ঢাকার ফুটবলে বেশ আলোচিত এখন। এই যে আপনিসহ বেশ কয়েকজন বিদেশি কোচ এসেছেন, এতে বাংলাদেশের ফুটবল উপকৃত হচ্ছে মনে করেন?
দুকানোভিচ: আমি তো মনে করি এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। একেক কোচ একেক রকম ধারণা নিয়ে আসছেন। সেসব মাঠে প্রয়োগ করছেন তাঁরা। বাংলাদেশের ফুটবলের এগিয়ে যাওয়ার পথে যা বড় ভূমিকাই রাখছে বলে মনে করি।