ঢাকা শহরে এসে অবাক মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দল। সবচেয়ে অবাক রিকশা দেখে। চারটি প্রীতি ম্যাচ খেলতে এসে এই রিকশাই হয়ে উঠল খেলোয়াড়দের কাছে দর্শনীয় বস্তু। কাল পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলার পর সেটিই বললেন অধিনায়ক শিজনা রশিদ

* ঢাকায় তো প্রথম এলেন। কেমন লাগছে?
শিজনা রশিদ: খুব ভালো। সফরটা উপভোগ করছি। সবচেয়ে বেশি উপভোগ করছি এখানকার রিকশা। এই জিনিস আগে কখনো দেখার সুযোগ হয়নি আমাদের। তাই প্রথম দেখেই আমরা অবাক, এটা আবার কেমন বাহন!
* রিকশায় চড়েছেন?
শিজনা: হ্যাঁ, আমরা সবাই চড়েছি। কাল (পরশু) অনুশীলনের পর একটু ঘুরেছিও রিকশায় চড়ে। আমরা এতে অভ্যস্ত নই, বসতে গিয়ে তাই একটু অস্বস্তি লাগছিল। পরে অবশ্য বেশ মজাই লেগেছে। পারলে দেশে একটা রিকশা নিয়ে যেতাম।
* সত্যিকার একটা রিকশা হয়তো নিতে পারবেন না, তবে স্যুভেনির হিসেবে নিতে পারেন...
শিজনা: তাই করতে হবে। দেখি, যাওয়ার সময় নিয়ে যাব। আমার দলের মেয়েদের খুব আগ্রহ এই জিনিসটার প্রতি। ওরা আমাকে বলল, ‘‘আপু, আর কিছু শপিং করি না করি, রিকশার একটা স্যুভেনির কিন্তু নিতেই হবে।’’
* আর কোথাও ঘুরেছেন?
শিজনা: ঘোরার সময় নেই। খেলা, অনুশীলন—এসব নিয়েই আছি। ঢাকা শহরটা বেশ জনবহুল লাগছে। এত্ত গাড়ি! এত্ত ট্রাফিক! এগুলো আমাদের কাছে নতুন একটা অভিজ্ঞতা।
* এখন তো ঈদের আমেজ। তাই একটু ফাঁকা। দুদিন পর দেখবেন ট্রাফিক কাকে বলে!
শিনজা: উফ্, বলেন কী! এখনই তো রাস্তাঘাটে অনেক গাড়ি। স্বাভাবিক চলাচল করা যায় না। সবকিছু কেমন যেন গায়ে গায়ে লাগা। আমাদের মালেতে এমন নয়, ওখানে লোকসংখ্যা তিন লাখের মতো। তার মধ্যে লাখ খানেক হবে বাংলাদেশেরই। কোথায় পাবেন না আপনি বাংলাদেশি! বিপণিবিতান, ফিশিং, ভবন নির্মাণ, হাসপাতাল, বাড়িঘর—সবখানেই বাংলাদেশি।
* তাহলে তো বাংলাদেশ সম্পর্কে আপনাদের জানাই ছিল আগে?
শিনজা: জানা বলতে এ দেশের হ্যান্ডবল চর্চাটা ২০-৩০ বছর ধরে চলছে, এটুকু খোঁজখবর নিতে পেরেছি। আমরা তো হ্যান্ডবল খেলাটা শুরুই করলাম গত বছর। এখন শিখছি। সামনে আমাদের ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমস আছে। সেটির প্রস্তুতি নিতে চেন্নাইয়ে আমরা কয়েক দিন ক্যাম্প করে এখানে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।
* এখানে খেলার অভিজ্ঞতাটা কেমন?
শিনজা: ভালোই। এখানকার কোর্টটা আমাদের পছন্দ হয়েছে। প্রথম ম্যাচে ভিকারুননিসা স্পোর্টস ক্লাবকে হারিয়েছি, আজ অবশ্য বিজেএমসির কাছে হেরে গেলাম। জয়-পরাজয়ের চেয়ে আমাদের কাছে বড় ভিন্ন একটা জায়গায় খেলার সুযোগ পাওয়া।
* মালদ্বীপে তো জনসংখ্যাই অনেক কম। ক্রীড়াঙ্গনটাও ছোট। হ্যান্ডবলে কতজন নারী খেলোয়াড় আছে?
শিনজা: হ্যান্ডবলে নারী খেলোয়াড় আছে জনা পঞ্চাশেক। তবে সবাই যে শুধু হ্যান্ডবলই খেলে তা নয়। বেশ কিছু খেলোয়াড় এসেছে বাস্কেটবল থেকে। মালদ্বীপে বাস্কেটবলটা জনপ্রিয়। তা ছাড়া এই দলের ছয়-সাতজন চাকরি করে।
* আর আপনি?
শিনজা: আমি মূলত বাস্কেটবল খেলোয়াড়, বর্তমানে বাস্কেটবল কোচ। হ্যান্ডবলের সূচনালগ্নে দলটার নেতৃত্ব দিতেই আমি হ্যান্ডবল খেলছি। বড় বোনের মতো আগলে রাখছি এই মেয়েদের।