'পুরো ছন্দে আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*চোট কাটিয়ে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়নস ট্রফির দলে ফিরলেন। ফিটনেসের অবস্থা এখন কী রকম?

শফিউল ইসলাম:  খুবই ভালো। আগের চেয়ে অনেক ফিট এখন। প্রিমিয়ার লিগে ম্যাচ খেলছি। ৮-১০ ওভার করে বল করছি। কম করলেও হয়তো প্রয়োজন পড়েনি বলেই করিনি। তবে আমার বোলিং করতে কোনো সমস্যা হচ্ছে না।

*প্রধান নির্বাচক বলেছেন, ফিট থাকলে হয়তো আপনি সাম্প্রতিক সময়ে সব কটি সিরিজেই দলে থাকতেন। কথাটা শুনে নিশ্চয়ই আফসোস হয়েছে...

শফিউল: তা তো অবশ্যই। ফিট না থাকলে সবচেয়ে বেশি ক্ষতি নিজের। বাংলাদেশ দল এখন যে রকম হয়ে গেছে, তাতে একবার দলের বাইরে গেলে ফেরা কঠিন। সব জায়গাতেই এখন প্রচুর বিকল্প খেলোয়াড়। ফিট থাকলে অন্তত দলে থাকার লড়াইটা করা যায়। সেটাও করতে না পারলে খারাপ তো লাগেই।

*অনেক দিন ধরে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে আছেন। চোট-আঘাত বাদ দিলেও আপনার ফিটনেস নিয়ে প্রায় সময়ই প্রশ্ন ওঠে। কেন?

শফিউল: দেখেন, শুরুর তিন বছর কিন্তু আমি চোটমুক্তভাবেই খেলেছি। এরপর থেকেই এটা-ওটা সমস্যা হতে লাগল। পরের তিন বছর আমি মনে হয় ৮-১০টার বেশি ম্যাচ খেলিনি। তবে ফিটনেসের অভাবেই যে এটা হয়েছে, তা নয়। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে যেতে পারলাম না যে কারণে, সেটা তো মাঠে ফিল্ডিং করতে গিয়ে হয়েছে। এ রকম চোটে যে-কেউ পড়তে পারে। এটা ফিটনেসের সমস্যা নয়।

*চার বছর ধরেই দলে আসা-যাওয়ার মধ্যে আছেন। বারবার এভাবে ফিরে আসা কতটা চ্যালেঞ্জিং মনে হয়?

শফিউল: আমি যখন দলে নিয়মিত ছিলাম, তখন অন্যরাও ভালো খেলেই আমার জায়গা নিয়েছে। সব সময় ভেবেছি, আমাকেও তা-ই করতে হবে। এই চ্যালেঞ্জ সব সময়ই ছিল, থাকবে।

*ইংল্যান্ড, আয়ারল্যান্ড মিলিয়ে এবার তো অনেক লম্বা সফর। ফিটনেস ধরে রাখা কঠিন হবে না তো?

শফিউল: আমার কখনোই মনে হয় না, আমি চোটে পড়ব। খেলতে গেলে এসব হয়ে যায়। আর এবার তো সব খেলাই ওয়ানডে। এখন যে অবস্থায় আছি, সমস্যা হওয়ার কথা নয়। এমন না যে এখন আমি বেশি খেললে ক্লান্ত হয়ে যাচ্ছি। শুধু আল্লাহ আল্লাহ করছি যেন মাঠে কোনো চোটে না পড়ি।

*আপনার বোলিংয়ের মূল অস্ত্র সুইং। যে কন্ডিশনে খেলতে যাচ্ছেন, সেখানে এটার ভালো সুযোগ পাবেন। বোলিং নিয়ে কতটা আত্মবিশ্বাসী?

শফিউল: এসব কন্ডিশনে বোলিং করা পেস বোলারদের স্বপ্ন। আমিও আশা করি, ভালো করব। তা ছাড়া লিগে বোলিং করে দেখলাম, যা করতে চাচ্ছি, তা-ই করতে পারছি। বলতে পারেন পুরো ছন্দে আছি।

*ব্রিস্টলে ২০১০ সালে ইংল্যান্ডকে হারানোয় আপনারই বড় অবদান ছিল। সেই স্মৃতি নিশ্চয়ই আত্মবিশ্বাসী করবে...

শফিউল: অবশ্যই। বললাম তো, ওখানে বোলিং করা যে কারও জন্য স্বপ্ন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আমাকে বলেছেন, আমি যেন শুধু ইন সুইং, আউট সুইং দুটো ঠিকমতো করাই। মানে ঠিক জায়গায় বল ফেলে সুইং করাই। আশা করি, সেটা করতে পারলে সুফল পাব।

*আপনার বোলিং নিয়ে ওয়ালশ আর কী বলেছেন?

শফিউল: আমি তো খুব বেশি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাইনি। তাই খুব বেশি বিষয়ে কথা হয়নি। তবে এবার অনেক সুযোগ পাব।