'প্রতিটা ম্যাচকেই আলাদাভাবে দেখি'

৪১-এ পা দিয়েছেন ১৬ আগস্ট। আজকের দিনটা ধরলে বয়স হয়ে গেছে ৪০ বছর ১৬ দিন। টেস্ট ক্রিকেটে বর্তমানে তাঁর চেয়ে বয়স্ক ক্রিকেটার আর একজনও নেই। তার পরও ১৯৯৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম ব্যাটিং-স্তম্ভ শিবনারায়ণ চন্দরপলের মাথায় এখনো আসেনি অবসরের চিন্তা। পরশু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন তারেক মাহ্মুদ—
ওয়ানডে না খেললেও নিশ্চয়ই খেলা দেখেছেন। আপনার দৃষ্টিতে মাঠে বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায় ছিল?
শিবনারায়ণ চন্দরপল: কয়েকটা ম্যাচ দেখেছি। আমার মনে হয়েছে তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। সে জন্য হয়তো আরও একটু বেশি সময় উইকেটে থাকা জরুরি ছিল। আবহাওয়া, জলবায়ুর পার্থক্যও একটা ব্যাপার।
আপনার কি মনে হয় সাকিব আল হাসানকে তারা কিছুটা হলেও মিস করেছে?
চন্দরপল: অবশ্যই। আপনারাও জানেন সাকিব বিশ্বমানের খেলোয়াড়। বোলার, ব্যাটসম্যান—একজন প্রকৃত অলরাউন্ডার। বাংলাদেশ অবশ্যই তাকে মিস করেছে এবং করবে।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে তো বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তো আপনি গায়ানার মানুষ হয়েও এই দলে খেলছেন যে...
চন্দরপল: আমার নিজের ম্যাচ প্র্যাকটিসের ব্যাপারটা তো আছেই। এই ম্যাচটা খেললে সেটা হয়ে যাবে। সে সঙ্গে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের তরুণ দলটাকে সাহায্য করাও একটা ব্যাপার।
ম্যাচের আগে বা ইনিংসের আগে আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করেন? মানসিক এবং শারীরিক কী কী কাজ করেন?
চন্দরপল: মৌলিক জিনিসগুলো প্রতিদিনই করি। নেটে যাই, নিজেকে প্রস্তুত করি। কঠোর পরিশ্রম করি নেটে। জিমে যাই। ম্যাচের আগেও এসবই করি। আলাদা কিছু করি না। তবে লম্বা সময় নিয়ে ব্যাটিংয়ের জন্য পরিকল্পনার দরকার হয়। আপনাকে তো উইকেটটা আঁকড়ে ধরে রাখতে হবে।
শুনেছি নেটে একটানা চার-পাঁচ ঘণ্টাও সময় কাটান আপনি...
চন্দরপল: (হেসে) চার-পাঁচ ঘণ্টা নয়। তবে অনেকটা সময় কাটাই, এটা ঠিক। প্রতিদিন হয়তো এক ঘণ্টার মতো নেট করি। এটা নির্ভর করে কখন কতটা করা প্রয়োজন মনে করি তার ওপর।
অনুশীলন করা, চর্চা করা এসব তো আছেই। এর বাইরে একজন ব্যাটসম্যানকে তার খেলায় উন্নতি আনতে হলে আর কী করা প্রয়োজন? আপনার উদাহরণটাই দিন...
চন্দরপল: এখানে আসলে কঠোর পরিশ্রমটাই মূল ব্যাপার। আমি সেটাই করেছি। নেটে গিয়ে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করি। পরিশ্রম না করলে আসলে আপনি কিছুই করতে পারবেন না।
আপনার ক্রিকেট ক্যারিয়ারে আপনার বাবার ভূমিকা কতটুকু?
চন্দরপল: আমার ক্রিকেটার হওয়ার পেছনে বাবার অবদান অনেক। শুরুতে অন্যদের মতো মাঠে গিয়ে আনুষ্ঠানিক অনুশীলন করিনি আমি। রাবারের বল দিয়ে হয়তো রাস্তায় খেলেছি। বাবা আমাকে অনেক উৎসাহ দিতেন। চেষ্টা করতেন আমি যেন কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি, সেটা খেলায় বা জীবনের যেকোনো ক্ষেত্রেই হোক। অনুশীলন তো করতামই, সঙ্গে কীভাবে আমি মানসিক ও শারীরিক দৃঢ়তা বাড়াব, সেগুলো তিনিই আমাকে বলতেন।
আপনার ছেলেও তো ক্রিকেট খেলে। বাবা হিসেবে কি আপনিও তার ক্ষেত্রে একই ভূমিকা পালন করছেন?
চন্দরপল: তা তো করবই...। তবে এসবের সঙ্গে খেলার দক্ষতাও বাড়াতে হবে। এর জন্য সময় দরকার। রাতারাতি কোনো কিছুই হয় না। তার সামনে এখনো অনেকটা পথ পড়ে আছে। তাকে তার কাজগুলো ঠিকভাবে করে যেতে হবে।
তরুণ ক্রিকেটার হিসেবে ছেলে ত্যাগ নারায়ণকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?
চন্দরপল: সন্দেহ নেই সে অনেক প্রতিভাবান। তবে প্রতিভাই সব নয়। তাকে ভালো পারফর্ম করতে হবে, দিনে দিনে খেলায় উন্নতি আনতে হবে। আমার আশা, সে এখন যা করছে ভবিষ্যতে তার চেয়েও ভালো করতে পারবে।
৪০ বছর হয়ে গেছে। আপনার সমসাময়িক ক্রিকেটারদের বলতে গেলে কেউই আর টেস্ট খেলছেন না। তো বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হওয়ার অনুভূতিটা কেমন?
চন্দরপল: এটা আসলে সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে। এর জন্য আলাদা কোনো অনুভূতি নেই। যত দিন পারব খেলা চালিয়ে যাব।
অবসরের ভাবনা তাহলে এখনো আসেনি...। ভবিষ্যৎ পরিকল্পনা কী?
চন্দরপল: আমি প্রতিটা ম্যাচকেই আলাদা আলাদাভাবে দেখি। বোঝার চেষ্টা করি ম্যাচটা আমার জন্য কেমন গেল। তারপর পরের ম্যাচ নিয়ে ভাবি।
কিন্তু ৪০ বছর বয়সেও আপনি একজন তরুণ ক্রিকেটারের মতোই ফিট। রহস্যটা কোথায়?
চন্দরপল: আগেও বলেছি, আমি প্রতিদিন জিমে যাই, নিজের কাজগুলো করি। নেটে কাজ করি। এভাবেই নিজেকে ফিট রাখছি। একজন খেলোয়াড়ের যা যা করা দরকার, তার বাইরে কিছু করি না।
২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হওয়ার পর প্রথম টেস্টেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন। অধিনায়কত্বটা আপনার জন্যই কখনোই চাপ ছিল না। তার পরও পরের বছর নেতৃত্ব ছেড়ে দিলেন কেন?
চন্দরপল: আমার মনে হয়েছিল অধিনায়ক হিসেবে আমার যতটুকু দেওয়ার আমি দিয়েছি। তা ছাড়া অধিনায়কত্ব ছাড়ায় আমি ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পেরেছি।
শেষ প্রশ্ন। আপনার ব্যাটিং স্টান্সটা একটু অদ্ভুত। এভাবে স্টান্স নিয়ে ব্যাটিংয়ে কি বাড়তি কোনো সুবিধা পান?
চন্দরপল: এটা নিয়ে বহু বছর ধরেই কাজ করেছি। একজন ব্যাটসম্যান ব্যাটিং স্বাচ্ছন্দের জন্য অনেক কিছু করে। এটাও তেমনই একটা কিছু, যা আমাকে অনেক সময় ব্যাটিংয়ে সাহায্য করে। কখনো ভারসাম্য ধরে রাখতে, কখনো শট খেলতে...। অনেক সময় আবার সাহায্য করেও না।