বাংলাদেশের ক্রিকেটে যখন সবই আঁধারে ঢেকে যাওয়ার উপক্রম, টেস্ট ক্রিকেটে টিম টিম করে হলেও একটা আশার সলতে জ্বালিয়ে রেখেছেন তিনিই। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও করেছেন দুটি ফিফটি। সেই মুমিনুল হক এবার জিম্বাবুয়ে সফরে ছাড়িয়ে যেতে চান নিজেকেও

l টেস্ট র্যাঙ্কিংয়ে ওপরে ওঠার জন্য জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা নিশ্চয়ই আপনাদের মাথায়ও আছে...
মুমিনুল হক: সিরিজ জয়ের টার্গেট তো অবশ্যই আছে। সবাই জানে, এই সিরিজটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি ভালো কিছু করার। ভালো ফলাফল আশা করছি। দেখা যাক কী হয়!
l জিম্বাবুয়ের সঙ্গে খেলাটা সব সময়ই বাংলাদেশের জন্য চাপের হয়ে দাঁড়ায়। এবার দলের অবস্থা কী?
মুমিনুল: আপনি যদি চাপ নিয়ে নেন, তাহলেই চাপ। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আমাদের আসলে ভালো খেলতেই হবে। টেস্ট বলেন, ওয়ানডে বলেন—সব জায়গায় ভালো খেলতে হবে।
l ২০০৫ সালের পর এই প্রথম জিম্বাবুয়ে আবার বাংলাদেশে টেস্ট খেলতে এল। সর্বশেষ সিরিজটা বাংলাদেশ জিতেছিল। এবার নিশ্চয়ই জিম্বাবুয়ে প্রতিশোধ নিতে চাইবে...
মুমিনুল: দেখেন, আগে কী হয়েছে সেটা ভুলে যাওয়াই ভালো। তিনটি টেস্ট আছে। আমরা একটা একটা করে তিনটি টেস্টেই জিততে চেষ্টা করব।
l ওই সাফল্য তো আপনাদের জন্য অনুপ্রেরণা হিসেবেও কাজ করতে পারে...
মুমিনুল: অবশ্যই কাজ করবে। সেটাও হোম সিরিজ ছিল এবং আমরা ভালোভাবে জিতেছিলাম। সেই স্মৃতি এবার আমাদের অনুপ্রেরণা হতে পারে।
l ব্যাটসম্যানদের অনেকেই একসঙ্গে ফর্মে নেই। কিন্তু টেস্টে আপনি ব্যতিক্রম। এটা কি বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দিচ্ছে?
মুমিনুল: বাড়তি দায়িত্ব নয়। চ্যালেঞ্জও নয়। আমি টেস্টে তিনটা সেঞ্চুরি করেছি। আপনি যখন ভালো কিছু করবেন, মানুষ আপনার কাছে প্রত্যাশা করবেই। প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব। আগে যতটুকু করেছি, তার চেয়ে বেশি করার চেষ্টা করব।
l একসঙ্গে যে অনেকের খারাপ সময় যাচ্ছে, এ নিয়ে কি আপনাদের মধ্যে আলোচনা হয়?
মুমিনুল: দলে যখন সবাই একসঙ্গে থাকি, এটা নিয়ে আলোচনা হয়। আপনি যখন একটা পরিবারের মধ্যে থাকবেন, সেখানে খারাপ কিছু ঘটলে তা নিয়ে তো আলোচনা হবেই। কীভাবে এই সময়টা কাটিয়ে ওঠা যায়, সেটা নিয়ে আমাদের মধ্যেও আলোচনা হয়।
l সিরিজ শুরুর আগের এই সময়টাতে ড্রেসিংরুমে কী ধরনের আলোচনা হচ্ছে?
মুমিনুল: নানা বিষয় নিয়েই আলোচনা হয়। আমার মনে হয়, দলের সবাই এই সিরিজটার দিকে অনেক বেশি ফোকাসড। সবাই চাচ্ছে, এই সিরিজে ভালো কিছু করার জন্য। আমরা সিরিজটা খুব ভালোভাবে জিততে চাই।
l জিম্বাবুয়ে সিরিজে আপনার ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে?
মুমিনুল: ওয়েস্ট ইন্ডিজে আমি আমার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এখন আমার একটাই লক্ষ্য—প্রথম ম্যাচে যদি এক শ করি, তার পরের ম্যাচে আরও বেশি রান করা। প্রথম ম্যাচে যদি শূন্য করি, তার পরের ম্যাচে সেটার চেয়ে বেশি করা।