'প্রত্যাশামতোই এগোচ্ছে সব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

কলকাতার আইএফএ শিল্ডের ফাইনালে উঠেও শেষ পর্যন্ত তরিডুবি। শেখ জামাল ধানমন্ডিকে সেই শোক ভুলিয়ে দিতে পারে ভুটানের কিংস কাপের শিরোপা। সেই পথে আজ সেমিফাইনাল খেলছে ঢাকার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কাল থিম্পু থেকে ফোনে দলের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বললেন শেখ জামালের কোচ মারুফুল হক
মোহনবাগানকে ৫ গোল দিয়ে সেমিফাইনালে উঠলেন। ফাইনালে ওঠার ম্যাচ নিয়ে কী ভাবছেন?
মারুফুল হক: এই টুর্নামেন্টে যেভাবে খেলছি আমরা, তাতে ফাইনালে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী। আমরা এখানে এসেছি ট্রফিটা ঢাকায় নিয়ে যেতে। এখন পর্যন্ত প্রত্যাশামতোই এগোচ্ছে সব। আমার দৃঢ়বিশ্বাস, খুব বাজে দিন না গেলে ইনশা আল্লাহ ফাইনালে যাব।
সেমিফাইনালের প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি দলটা কেমন?
মারুফ: ওদের খেলা আমি মাঠে বসে দেখিনি। তবে ভিডিওতে দেখে বুঝেছি, ভালো দল। তিনজন আফ্রিকান আছে। দলটা ৪-৪-২ ছকে খেলে। দুই স্ট্রাইকারের একজন আফ্রিকান, একজন নেপালি। এই দুজন আমাদের ভোগাতে পারে। ওদের নিয়ে বাড়তি কাজ করছি।
আপনার রণপরিকল্পনা একটু জানতে চাই...
মারুফ: রণপরিকল্পনা সাজানো বেশ কঠিনই এখানে। তীব্র ঠান্ডার কারণে ছেলেরা এক শ ভাগ দিতে পারছে না। দম ফুরিয়ে যাচ্ছে। তার পরও যতটা সম্ভব নিচ থেকে বিল্ডআপ করে খেলার পরিকল্পনা আমার। দ্রুত পাসিংয়ের দিকেও মনোযোগ দিচ্ছি।
কীভাবে সাজাচ্ছেন দল?
মারুফ: ৪-২-৩-১-এ যাচ্ছি, এটাই আমার প্রথম পছন্দের ফর্মেশন। সবার ওপরে এমেকা। পেছনের তিনজনের মধ্যে ডানে ওয়েডসন। লাল কার্ডের কারণে সেমিফাইনালে পাচ্ছি না ওয়েডসনকে, ওর জায়গায় হাইতির নতুন খেলোয়াড় ড্যানিয়েল খেলবে। বাঁয়ে সোহেল রানা, মাঝখানে ল্যান্ডিং। এরপর পেছনে থাকছে জামাল ও মোনায়েম রাজু। রক্ষণে ডানে রায়হান, বাঁয়ে ইয়ামিন মুন্না, দুই স্টপার নাসির ও ইয়াছিন।
আপনার দলে সবচেয়ে ভালো খেলছে কারা?
মারুফ: ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াকে পাওয়ায় খুব ভালো হয়েছে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ছেলেটা বেশ পরিপক্ব। জামালের পাশাপাশি নাসিরের কথাও আলাদা করে বলব। সেও বেশ আস্থার সঙ্গে খেলছে। আসলে গোটা দলই প্রত্যাশানুযায়ী পারফর্ম করছে।
তার পরও মোহনবাগানকে ওভাবে বিধ্বস্ত করবেন ভেবেছিলেন?
মারুফ: ৫ গোল করব এতটা ভাবিনি। মোহনবাগানও বেশ অবাক। যদিও তিনটি গোল ফেরত দিয়েছে। তবে ম্যাচের পর মোহনবাগানের টেকনিক্যাল ডাইরেক্টর সুভাষ ভৌমিক বললেন, আমরা যোগ্যতর দল হিসেবেই জিতেছি।
সনি নর্দের সঙ্গে কথা হয়েছে?
মারুফ: কথা হয়েছে অনেক। তবে সিরিয়াস কিছু নয়। বলল, বাংলাদেশে শেখ রাসেল ও শেখ জামালে খেলার সময় ওর অনেক বন্ধু হয়েছে। সবার কথা মনে পড়ে। আমাদের সঙ্গে গ্রুপ ম্যাচটায় সে খেলেনি, আমরা ও মোহনবাগান ফাইনালে উঠলে নর্দের সঙ্গে দেখা হবে মাঠে।
এমনিতে শেখ জামালকে নিয়ে ভুটানের আয়োজকদের ধারণা কেমন?
মারুফ: আমরা প্রথম ম্যাচে স্থানীয় ড্রুক ইউনাইটেডকে ৩ গোলে হারানোর পর ওরা বলতে শুরু করল, শেখ জামালই ট্রফিটা নিয়ে যাতে পারে। আমাদের নিয়ে আয়োজকদের ধারণা বেশ উঁচুই দেখছি।
কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশের আরেক প্রতিনিধি আবাহনী গ্রুপপর্ব থেকেই বিদায় নিল। আবাহনীর এই দুরবস্থার কারণ কী মনে হয় আপনার?
মারুফ: আবাহনীর খেলা দেখে মনে হয়েছে, ওদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। এ ধরনের টুর্নামেন্টে এলে বোঝা যায়, প্রস্তুতির গুরুত্ব আসলে কতটা। তা ছাড়া ফিনিশিংয়েও আবাহনীর দুর্বলতা ছিল।