
২০০৫ করাচি সাফে ভারতের বিপক্ষে দুর্দান্ত গোল করে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন। সেই থেকে পাঁচটি সাফ খেলে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার এখন জাহিদ হাসান এমিলি। আরেকটি সাফ সামনে রেখে পরশু বিকেএসপির অনুশীলন ক্যাম্পে বসে অতীতে ফিরে তাকালেন এই স্ট্রাইকার
: পুরো ফিট থাকলে নিজের ষষ্ঠ সাফ খেলতে যাচ্ছেন আপনি। পেছনে তাকিয়ে বাংলাদেশকে কোথায় দেখেন?
জাহিদ হাসান এমিলি: খোলাখুলি বললে ২০০৫ সালে যে দলে আমি প্রথম খেলেছিলাম, সেটি ছিল অসাধারণ। ২০০৩ সালের ঢাকায় চ্যাম্পিয়ন দলটাই গেছে সেবার, অধিনায়ক ছিলেন জয় ভাই। নতুন মাত্র তিনজন—আমি, আবুল ভাই আর আরমান আজিজ। পরের সাফগুলোতে নতুন নতুন কোচ এসেছেন, পরীক্ষা-নিরীক্ষা করেছেন দেদার। নতুন খেলোয়াড় নেওয়া হয়েছে অনেক। গত চারবারের তিনবারই আমরা গ্রুপ থেকে বিদায়। এতেই বোঝা যায় আমরা এখন কোথায়।
: বাংলাদেশের পিছিয়ে পড়ার এটিই বড় কারণ?
এমিলি: অনেক কারণই অছে। যেমন প্রস্তুতিও খুব ভালো হওয়া চাই। ২০০৫ সাফের আগে আমরা মিয়ানমারে গিয়ে রয়েল চ্যালেঞ্জ কাপে চীন অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছি। এরপর নানা কারণে আমাদের প্রস্তুতি ভালো হয়নি। তা ছাড়া শেষ দু-তিনটি সাফে আমার মনে হয়েছে ভালো একটা একাদশই দাঁড় করানো যায়নি।
: আপনার অভিজ্ঞতা থেকে বলুন সাফ জিততে কোন জিনিসটা বেশি প্রয়োজন?
এমিলি: মানসিক শক্তি। কোচেরও বিরাট ভূমিকা থাকে। মারুফ ভাই এসেছেন, তিনি মানসিক শক্তিটা বাড়ানোর জন্য কাজ করছেন এবং আমাদের মুখের দিকে তাকিয়ে সাফের চ্যালেঞ্জটা নিয়েছেন। ঘরোয়া ফুটবলেও মারুফ ভাই আমাদের নিয়ে চ্যালেঞ্জ নিয়েছিলেন, যেটা আমরা জিতেছি।
: কোচ হিসেবে মারুফের কোন দিকটা আপনার বেশি ভালো লাগে?
এমিলি: আশিকে এক শ করতে পারেন। খেলাটা আদায় করে নিতে জানেন। একজন বিদেশি কোচের চেয়ে তাঁর অধীনে আমি নিজেও ভালো খেলতে পারি এবং পারব। আর বিদেশির কাছে সব সময় সবকিছু শেয়ার করা যায় না। মারুফ ভাইয়ের কাছে যেটা পারি।
: বিদেশি কোচ থাকলে কী সমস্যা হয়?
এমিলি: বিদেশি কোচ এসে খেলোয়াড়দের চেনার আগেই পরীক্ষা-নিরীক্ষা করেন। লোপেজ যেমনটা করলেন। গতবার ক্রুইফের অধীনে অনুশীলনসূচিও ছিল নানা সময়ে। দুপুরে অনুশীলন করতে হয়েছে। ঠিকমতো রিকভারিও হয়নি খেলোয়াড়দের।
: আপনার শুরুর সময়ে বাংলাদেশ ফেবারিট ছিল। সেই বাংলাদেশ এখন আর ফেবারিট হয়ে যেতে পারে না। এটা আপনার কাছে কেমন লাগে?
এমিলি: ফেবারিট হয়ে যেতে পারার মধ্যে আনন্দ আছে। সাম্প্রতিক সময়ে আমরা ওটা হারিয়ে ফেলেছি। তবে এবার মারুফ ভাই আমাদের বলেছেন, নিজেদের যেন চ্যাম্পিয়ন ভাবি। কল্পনায় যেন ট্রফিটা দেখি। এটা করতে গিয়ে দেখলাম, সত্যিই তো আমরা চ্যাম্পিয়ন হতে পারি।
: সাফে আপনার পাঁচটি গোল। সামনে লক্ষ্য কী? তার আগে বড় প্রশ্ন, সাফে আপনি যেতে পারবেন তো?
এমিলি: সম্প্রতি পেটের টিউমার অপসারণ হয়েছে আমার, তারপর এই ক্যাম্পে আসার আগে হাঁটুতে চোট পেলাম। তবে আমি আশাবাদী সাফে যেতে পারব।