'প্রাপ্য সম্মান তাদের দেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সংবাদ সম্মেলনে হাশিম আমলা
সংবাদ সম্মেলনে হাশিম আমলা
হঠাৎই দেশে ফিরে গেছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে সিরিজে তাই দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক হাশিম আমলা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে কাল মিরপুরে আমলার সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ...

*ওয়ানডে সিরিজটা যেভাবে দেখছেন
হাশিম আমলা: গত কয়েক বছরে আমরা এখানে বেশ কয়েকবারই এসেছি। কাজেই আমি মনে করি, এই উপমহাদেশে খেলে সবাই প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। আমি সৌভাগ্যবান যে, এখানে খেলে বাংলাদেশের বিপক্ষে কিছু রান পেয়েছি। সিরিজটা নিজেদের করে নিতে সেসব অভিজ্ঞতা জোড়া লাগাব আমরা। ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে খুবই ভালো করেছে। এটা বাকি দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেবে।
*বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলোর প্রসঙ্গে
হাশিম আমলা: না, ব্যক্তিগতভাবে অনুসরণ করতে পারিনি। তবে আমি জানি, খুব ভালো ক্রিকেট খেলে ওরা গত কয়েকটা সিরিজ জিতেছে। টি-টোয়েন্টির চেয়ে বাংলাদেশের ওয়ানডে রেকর্ডটা অনেক ভালো। তাই প্রাপ্য সম্মান তাদের আমরা দেব।
*ডি ভিলিয়ার্সের অভাব অনুভব করছেন কি না
হাশিম আমলা: অবশ্যই, দলের মধ্যে কে ওর অভাব অনুভব করছে না! আমরা এবিকে মিস করব এবং অবশ্যই সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। ওর স্ত্রী সন্তানসম্ভবা। আমরা ওর জন্য শুভকামনা করছি। আমাদের দলে পরিবারই সবার আগে। লম্বা একটা সময় পর এই ধরনের সফরের আগে এবং সামনে অনেক ক্রিকেট রেখে এ ধরনের বিরতি খুবই ভালো, এটা কারও কারও জন্য ভালো সুযোগও বটে। বোলিং আক্রমণেও যেমন দলে অনেক নতুন মুখ এসেছে। ডেল (স্টেইন) ও মরনে (মরকেল) আমাদের সঙ্গে নেই। রাবাদা ও ক্রিস মরিসের মতো খেলোয়াড়দের জন্য একটা সুযোগও।
*ব্যাটসম্যানদের ওপর বাড়তি দায়িত্ব
হাশিম আমলা: ব্যাটসম্যানদের কাঁধে সব সময়ই দায়িত্ব থাকে, বিশেষ করে এই উপমহাদেশে। নেমেই মারতে শুরু করাটা ব্যাটসম্যানদের জন্য কঠিনই হয়। তবে আশা করি, যতটা সম্ভব দায়িত্ব নিয়েই আমরা ব্যাট করব। কাজেই দল যা-ই হোক, আমাদের জয়ের ধারায় রাখতে ব্যাটসম্যানদের ওপরই দায়িত্ব বর্তাচ্ছে।
*বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে
হাশিম আমলা: হ্যাঁ, এতে কিছু খেলোয়াড় ভালো একটা বিরতি পেয়েছে। টি-টোয়েন্টি বা ওয়ানডে দিয়ে খেলায় ফেরাটা তাদের জন্য বেশ শিহরণ জাগানোই। আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটের ওপর অনেকটা আলো থাকবে, কারণ চার বছর পর বিশ্বকাপ। এক দিনের ক্রিকেটে নতুন কিছু নিয়ম এসেছে। তাই প্রতিটি দলই দ্রুত চাইবে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে জয়ের ধারাটা গড়ে তুলতে। এটা একটা দিক, আরেকটি দিক হলো, অবশ্যই চার বছরের মধ্যে সঠিক দলটাও গড়ে তুলতে চাইবে সবাই।