>

কুড়ি বছরের ক্যারিয়ারে মাত্র দুবার জাতীয় চ্যাম্পিয়ন। এর আগে মহিলা দাবায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০০ সালে। ১৫ বছর পর আবারও মুকুট ফিরে পেয়ে নিজেও কম বিস্মিত নন ফিদে মাস্টার নাজরানা খান ইভা
* ১৫ বছর পর দাবায় আবার চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে নিশ্চয়ই?
নাজরানা খান ইভা: খুবই ভালো লাগছে। এই আনন্দ ঠিক বলে বোঝাতে পারছি না।
* এত দিন ধরে দাবা খেলছেন, কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই কেন?
নাজরানা: আসলে এটিকে ধারাবাহিকতার অভাব বলব না। অনেক সময় শিরোপা জয়ের দোরগোড়ায় গিয়েও ফিরে এসেছি। অনেক সময় ভালো খেললেও জেতা যায় না, ভাগ্যেরও একটা ছোঁয়া লাগে। বেশির ভাগ সময়ই সেটি পাইনি।
* গতবারের চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা প্রবাসে। লিজা না থাকায় কি একটু সুবিধা হয়েছে?
নাজরানা: মোটেও তা নয়। লিজা অবশ্যই ভালো খেলে। কিন্তু এখন ফর্ম খুব ভালো যাচ্ছে আমার। লিজা থাকলেও হয়তো খুব সমস্যা হতো না।
* এবারের জাতীয় দাবা শুরুর আগে কি ভাবতে পেরেছিলেন চ্যাম্পিয়ন হবেন?
নাজরানা: আমি ভালো খেলছি, সেটা ঠিক আছে। কিন্তু চ্যাম্পিয়ন হয়ে একটু অবাকই লাগছে। খেলা শুরুর আগে মোটেও ভাবিনি যে চ্যাম্পিয়ন হব।
* রানী হামিদ, লিজাদের বাইরে নতুন দাবাড়ু উঠে আসছে না। বিষয়টি হতাশার নয়?
নাজরানা: আমাদের দাবায় সুযোগ-সুবিধা খুবই কম। অনেক নতুন দাবাড়ু আসে। কিন্তু তারা আর্থিকভাবে কিছু পায় না বলেই খেলা ছেড়ে দেয়। অনেকে এসে আমাদের প্রশ্ন করে—আপা, আপনারা কী পেয়েছেন দাবা খেলে? যখন বলি, কিছুই পাই না—এটা শুনে ওরা দাবার প্রতি বিমুখ হয়ে পড়ে। দাবায় আর্থিক সুযোগ-সুবিধা খুব দরকার।
* আপনি তো শিক্ষকতা করতেন, ছেড়ে দিলেন কেন?
নাজরানা: একটা বেসরকারি স্কুলে চাকরি করতাম। কিন্তু ওখানে সমস্যা হতো বলে চাকরি ছেড়ে দিলাম। দাবা খেললে তারা মনে করতেন কাজের ব্যাঘাত ঘটছে। আমি খেলি তা মেনে নিতে চাইত না কর্তৃপক্ষ। এ জন্য ভাবলাম, চাকরি ছেড়ে শুধু খেলা নিয়েই থাকি।
* আপনার দাবায় আসার গল্পটা বলবেন?
নাজরানা: ছোটবেলায় বাড়িতে টুকটাক দাবা খেলতাম। দাবার প্রতি উৎসাহ দেখে হঠাৎ একদিন আমার বড় বোন পত্রিকার কাটিং নিয়ে এসে বলে জাতীয় পর্যায়ে খেলা হবে। তুই কি খেলবি? মানিকগঞ্জ থেকে সরাসরি ঢাকায় চলে এলাম। বাছাই দাবায় খেলে প্রথমবারই চূড়ান্ত পর্বে সুযোগ পাই। এভাবেই শুরু।
* একজন মহিলা খেলোয়াড়ের জন্য মানিকগঞ্জ থেকে এসে দাবা খেলা তো খুব ঝামেলার?
নাজরানা: এটা খুবই কঠিন একটা কাজ। আমি তখন শুধু দাবা খেলব বলেই মানিকগঞ্জ থেকে ঢাকায় ইন্দিরা রোডের বড় বোনের বাসায় উঠি। আমার দুলাভাই আমাকে খেলতে অনেক সাহায্য করেছেন। উনি আমাকে ফেডারেশনে নিয়ে আসতেন নিয়মিত। মানিকগঞ্জ থেকে ঢাকায় আসতে প্রায় চার সাড়ে চার ঘণ্টা লাগে। ফেডারেশনে মেয়েদের থাকার সুব্যবস্থা নেই। এসব প্রতিকূলতা মেনেই খেলতে হয় আমাদের।
* ক্যারিয়ারে নিজেকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান?
নাজরানা: আমার রেটিং মাত্র ১৯৫৯। আগে আইএম (আন্তর্জাতিক মাস্টার) হতে চাই। এরপর না হয় জিএমের (গ্র্যান্ডমাস্টার) স্বপ্ন দেখব।