>

দেশের ফুটবলের জন্য শক্ত একটা ভিত্তি তৈরি করতে চায় বাফুফে। সেই চাওয়া পূরণে এই প্রথম একসঙ্গে চার বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রণয়নে বড় ভূমিকা রেখেছেন পল স্মলি। ব্রিটিশ এই টেকনিক্যাল ও স্ট্র্যাটিজিক্যাল ডিরেক্টর আশাবাদী, সব ঠিকঠাক চললে দেশের ফুটবলে একটা ইতিবাচক পরিবর্তন আসবে
*বাংলাদেশের ফুটবলের পথরেখা তৈরির জন্য বাফুফে আপনার সহায়তা নিয়েছে। সবার সামনে তা উপস্থাপনও করা হয়েছে। এ নিয়ে আপনার মূল্যায়ন কী?
পল স্মলি: আমার মূল্যায়ন পরিষ্কার। নিজেদের ফুটবল উপযোগী পরিকল্পনাই করা উচিত বাংলাদেশের। আমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কাজ করেছি। ওখানে যেভাবে কাজ করেছি, এখানে নিশ্চয়ই সেভাবে করব না। কারণ দুটি ভিন্ন প্রেক্ষাপট এবং চাওয়াও আলাদা।
*পরিকল্পনায় কোন দিকটির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন?
স্মলি: অবশ্যই তৃণমূলে বেশি নজর দিতে হয়েছে। ওটাই এখন আমাদের অগ্রাধিকার। কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হওয়ার পর থেকে এ পর্যন্ত সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করেছি।
*সেটা কেমন?
স্মলি: প্রথম চার বছরে তিনি লিগ নিয়মিত মাঠে রাখার দিকে বেশি নজর দিয়েছেন। সেটিই ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটার বাস্তবায়নও আপনারা দেখেছেন। পরের মেয়াদে সভাপতি সাহেব জাতীয় দলের দিকে নজর দিয়েছেন বেশি। দুর্ভাগ্য, জাতীয় দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। সেটা ভিন্ন বিষয়। এখন আমরা তৃতীয় ধাপে এসে তৃণমূলে চোখ রাখছি।
*তৃণমূলে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। সেটি আসলে কেমন? অগ্রাধিকারই বা কোনটি?
স্মলি: ছোটদের জন্য প্রচুর কর্মসূচি রাখা হয়েছে। এখন থেকে অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ পর্যায়ে ক্যাম্প হবে। মেয়েদের নিয়েও আমরা ক্যাম্প করব। এগুলো আমাদের অগ্রাধিকার পাবে। স্কুল ফুটবলও আছে অগ্রাধিকার তালিকায়। একই সঙ্গে শিক্ষিত কোচ তৈরির পাশাপশি মহিলা ফুটবলের সাম্প্রতিক সাফল্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
*প্রথম কাজটা কী হবে?
স্মলি: জানুয়ারিতেই ৫টি বিভাগে বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ কর্মসূচি আছে। প্রতি বিভাগে সর্বোচ্চ সময় এক সপ্তাহ।
*বাংলাদেশের ফুটবল-কাঠামো অনেক দুর্বল। এখানে ক্লাব ও জেলা পর্যায়ে অনেক কিছুই করা হয় না। তারা ঠিকভাবে সহযোগিতা না করলে এই কর্মসূচি বাস্তবায়ন কতটা কঠিন হবে মনে করেন?
স্মলি: অবশ্যই কঠিন হবে। তবে ক্লাব সহযোগিতা করবে আশা করি। এ পরিকল্পনা প্রণয়নের আগে আমরা ২২টি ক্লাবের সঙ্গে বসেছি। জেলার সঙ্গেও কথা হয়েছে। সবাই ইতিবাচক। আসলে ক্লাব, বাফুফে, জেলা, মিডিয়া, খেলোয়াড় সবাইকে একসঙ্গে চলতে হবে। সবার মধ্যে একটা সেতু গড়ে তোলা জরুরি। একই সঙ্গে বলতে পারি, আমরা তথ্য নিশ্চিত করব। স্বচ্ছভাবেই সব করা হবে।
*এই কর্মসূচি থেকে বাফুফে আসলে কী পেতে চায়?
স্মলি: মূল কথা হলো ফুটবলের উন্নয়ন। সেটি একদিনে হবে না। তবে এটা বলতে পারি, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হলে কিছু ফল দেখবেন। ২০১৭-১৮ মৌসুমের দিকে যদি তাকান, আমরা যেসব পিরকল্পনা দিয়েছি এগুলো নিয়মিত হলে খেলোয়াড়দের মান আরও বাড়বে আশা করি। জাতীয় দলও ভালো করবে।