'ফিক্সারদের খেলতে দেওয়া উচিত নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন

ইংল্যান্ড দলে তাঁর দুয়ার বন্ধ হয়ে গেছে, আন্তর্জাতিক ক্যারিয়ারই হয়তো শেষ। তবে নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জন কম নয় কেভিন পিটারসেনের। সাক্ষী হয়েছেন অনেক ক্রিকেটীয় উত্থান-পতনেরও। ইউকে স্পোর্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ফিক্সিং-স্লেজিংসহ নানা বিষয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত সাবেক ইংল্যান্ড অধিনায়ক-

মজার স্লেজিং
মার্ক বাউচার কদিন আগেই আমাকে বলেছে যে মাঠে ও কখনোই আমাকে খারাপ কিছু বলার কথা ভাবেনি। ও শুধু আমার অহংবোধ নিয়ে খেলা করত। মনে আছে এজবাস্টনে আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছিলাম। আমার রান যখন ৯৪, উইকেটের পেছন থেকে বাউচার বলে উঠল, ‘ছক্কা মেরে সেঞ্চুরিটা করে ফেলো।’ ওর কথা শুনে পরের বলটায় আমি সজোরে ব্যাট চালিয়ে মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলাম। বাউচার হো-হো করে হাসতে লাগল আর আমি মাঠ থেকে বেরিয়ে গেলাম।

অধিনায়ক হিসেবে ভন

চাপের মুখে সব সময় শান্ত ছিলেন ভন। মানুষকে বোঝার ক্ষমতা ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি বলে সব সময় আমার মনের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করত। আমার প্রথম ওয়ানডে সিরিজটাই ছিল প্রোটিয়াদের ডেরায়। সে জন্য অধিনায়ক ও কোচের সমর্থন প্রয়োজন ছিল। ভন পুরো দলকে ডেকে বলেছিলেন যে দর্শকেরা আমার সঙ্গে বিরূপ আচরণ করবে। সবাইকে নির্দেশ দিয়েছিলেন প্রিয়তম বন্ধুর মতো আমার পাশে দাঁড়াতে। এ ব্যাপারটা আমাকে অনেক সাহস জুগিয়েছিল। আমার দেখা সেরা অধিনায়ক তিনিই।

সেরা টেস্ট ইনিংস

২০১২ সালে কলম্বোতে যে সেঞ্চুরিটা পেয়েছিলাম, সেটিই আমার ক্যারিয়ারের কঠিনতম। তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি। আর্দ্রতাও ছিল শতভাগ। সে অবস্থায় সেঞ্চুরি পেতে কঠোর পরিশ্রম ছিল জরুরি। আমি তা-ই করেছিলাম।

তবে যদি স্মরণীয় ইনিংসের কথা বলেন তা ছিল ওভালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮। ২০০৫ সালে ওই ইনিংস খেলার আগে লোকে ভেবেছিল আমাকে দিয়ে টেস্ট খেলা হবে না। সেবার বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরি পাইনি। সেঞ্চুরিটা সে জন্য অনেক স্বস্তির ছিল। সেবারের অ্যাশেজে আমার উদ্ভট চুলের স্টাইল বাদ দিলে অনেক সুখস্মৃতি ছিল।

স্পট ফিক্সিং কেলেঙ্কারি

সেই রোববারে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। আমার খেলা অন্যতম খারাপ আবহ ছিল সেদিন। নিউজ অব দ্য ওয়ার্ল্ডফিক্সিংয়ের খবরটা ফাঁস করে দেওয়ার পর টেস্ট ম্যাচটি নিয়ে কারও কোনো আগ্রহ ছিল না। আমাদের বোলাররা সেদিন বলই করতে চায়নি। উইকেট পেলেও ছিল না কোনো উদ্‌যাপন। আমরা সেদিন খুবই ক্ষুব্ধ ছিলাম। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি। কিন্তু ওই ঘটনাটির পর ফিক্সারদের বিরুদ্ধে আমার অবস্থান আরও দৃঢ় হয়েছে। আমি মনে করি, ওদের আর কখনো খেলতে দেওয়া উচিত নয়।

ভবিষ্যৎ নিয়ে

প্রায় ১৮ মাস ধরে হাঁটুর চোটটা আমাকে বেশ ভোগাচ্ছে। এ নিয়েই পৃথিবীজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমি সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ছিলাম। যত দিন পর্যন্ত আমি অনুশীলন উপভোগ করব তত দিন খেলে যাব। কুমার সাঙ্গাকারা কিংবা জ্যাক ক্যালিসের ব্যাপারটা দেখুন, ক্যারিয়ারের সায়াহ্নে এসে তারা সেরা কিছু ইনিংস খেলেছে। আমার বয়স এখন ৩৫। কিন্তু আরও ১০টি টেস্ট সেঞ্চুরি আমার নামের পাশে থাকতে পারত। আমি কিন্তু নেতিবাচক মানুষ নই। যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট এবং আমার জীবনটা এককথায় দুর্দান্ত।