>

গত মৌসুমে চট্টগ্রাম লিগে চার ম্যাচের তিনটিতেই তাঁর সেঞ্চুরি অনেকের নজরে পড়েনি! লিস্ট ‘এ’ ম্যাচে শাহরিয়ার নাফীসের ব্যাটে অনেক বছর সেঞ্চুরি নেই, এটাই জানে সবাই। ২০১০ সালের পর প্রিমিয়ার লিগে কাল আবার সেঞ্চুরি করলেন ব্রাদার্স ওপেনার
* অনেক দিন পর সেঞ্চুরি পেলেন। নিশ্চয়ই খুব আনন্দিত?
শাহরিয়ার নাফীস: কোচ বলেছিলেন, ওপরের দিকের যেকোনো একজন ব্যাটসম্যান যেন কমপক্ষে ৪৫ ওভার পর্যন্ত খেলে আসে। সেই পরিকল্পনা অনুযায়ীই খেলার চেষ্টা করেছি। শুরুতে ওদের বোলাররা ভালো বোলিং করছিল। উইকেটেও সাহায্য ছিল। ওই সময়টুকু পার করার পর মনে হলো ৪৫ ওভার থাকা সম্ভব।
* গত ম্যাচেও ভালো খেলেছেন। সেঞ্চুরির অনুপ্রেরণা কি সেখান থেকেই পেলেন?
শাহরিয়ার: আগের তিনটি ম্যাচে ভালো শুরু করেও শেষ করতে পারিনি। লক্ষ্য ছিল আরেকবার ভালো শুরু করতে পারলে ইনিংসটা লম্বা করব। কোচের বা দলের যে পরিকল্পনা ছিল, সেটাও আমাকে ভালো ব্যাটিং করতে সাহায্য করেছে।
* লিগের বাকি ম্যাচগুলোর জন্য বিশেষ কোনো লক্ষ্য?
শাহরিয়ার: দুটি জিনিস চেষ্টা করব। একটা হলো, ভালো শুরু করতে পারলে সেটি টেনে নেওয়ার। এটা ব্যক্তিগত পরিকল্পনা। আরেকটা, দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করার।
* আগের চেয়ে অনেক ফিট মনে হচ্ছে। ওজনও অনেক কমিয়েছেন। এ জন্য বাড়তি কী করেছেন?
শাহরিয়ার: আসলে সময়ের সঙ্গে খেলাটা অনেক এগিয়েছে। আমাকে নিয়ে অভিযোগ ছিল, আমি ফিটনেসের দিক থেকে একটু দুর্বল। ভেবে দেখলাম, ক্যারিয়ার লম্বা করতে হলে এবং ভালো ক্রিকেট খেলতে হলে এর কোনো বিকল্প নেই। দুই-তিন বছর ধরেই চেষ্টা করছি সময়ের সঙ্গে সঙ্গে ফিটনেসে উন্নতি আনার। আলহামদুলিল্লাহ, গত এক বছরে ফিটনেস অনেক ভালো হয়েছে।
* তিন বছর হলো জাতীয় দলের বাইরে আছেন। ফিটনেস ধরে রাখা বা ভালো খেলার পেছনে তাহলে কি প্রেরণা কাজ করে?
শাহরিয়ার: আমি দীর্ঘ নয় বছর জাতীয় দলে খেলেছি এবং ১৬ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছি। নিজের নামের প্রতি সুবিচারেরও একটা ব্যাপার আছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যদি পারফর্ম না করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে খেলাটাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি চাই খেলা আমাকে ছেড়ে দেওয়ার আগে আমি খেলাটাকে ছাড়ব।
* জাতীয় দলে ফেরার আশা নিশ্চয়ই করেন এখনো...
শাহরিয়ার: আমার সব সময়ই লক্ষ্য ভালো পারফর্ম করা। আমি যদি ঘরোয়া ক্রিকেটের চারটি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি এবং সঙ্গে যদি জাতীয় দলে জায়গা খালি হয়, তাহলে সুযোগ আসবে। পারফর্ম না করতে পারলে কোনো দিনই সুযোগ আসবে না। অবশ্য সুযোগ না এলেও এই যে ভালো খেলছি, এতেই আমি খুশি থাকব। এখন ঘরোয়া ক্রিকেটে যে পরিমাণ ম্যাচ আর অর্থ...ভারতের অনেক খেলোয়াড় তো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেও সুপারস্টার! ক্যারিয়ার লম্বা করার চিন্তার এটাও একটা কারণ।
* জাতীয় দলে ঢোকার প্রতিযোগিতাটা কি এখন অনেক কঠিন মনে হয়?
শাহরিয়ার: এটা আসলে অনেক কিছুর ওপর নির্ভর করে। টিম কম্বিনেশনের ব্যাপার থাকে। তা ছাড়া আমরা সবাই চাই জাতীয় দল ভালো করুক, তখন তো জাতীয় দলে এমনিতেও জায়গা খালি হবে না। তবে ভালো খেলে নিজের কাজটা এগিয়ে রাখলে বোর্ড বা নির্বাচকেরা সহজে আমার কথা বিবেচনা করতে পারবেন। নয়তো জায়গা খালি হলেও সুযোগ আসবে না।