'ফিনিশার হয়েই ফিরতে চাই'

গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এসেই দলের অপরিহার্য অংশ হওয়া, ‘ফিনিশার’ হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা। টানা রানখরার কারণে জিম্বাবুয়ে সিরিজে দলে জায়গা হারালেও ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দিয়ে ফিরলেন বিশ্বকাপের দলে। নাসির হোসেনের প্রতিজ্ঞা, পুরোনো পরিচয়েই তাঁকে পাবে বাংলাদেশ দল। সাক্ষাৎকার নিয়েছেন আরিফুল ইসলাম
দল ঘোষণার আগে এবং ঘোষণার পরেও বলেছেন, বিশ্বকাপ মাথায় ছিল না। আসলেই সেটা সত্যি?
নাসির হোসেন: মাথায় ছিলই না, তা নয়। মাথায় ছিল বলেই প্রিমিয়ার লিগে ভালো করতে চেয়েছি। এই বিশ্বাস ছিল যে প্রিমিয়ারে ভালো করলে বিশ্বকাপ দলে জায়গা হবেই। তবে সারাক্ষণ মাথায় বিশ্বকাপ ঘুরঘুর করলে চাপ হয়ে যেত। এ জন্যই বেশি ভাবিনি।
এখন রোমাঞ্চটা কেমন?
নাসির: সেটা তো বলে বোঝানোর নয়। বিশ্বকাপ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। গত বিশ্বকাপ দেশের মাটিতে আমি স্টেডিয়ামে বসে দেখেছি। তখনই ঠিক করেছি, একদিন বিশ্বকাপ খেলতে হবে। সেই লক্ষ্য পূরণ হচ্ছে, অসাধারণ একটা অনুভূতি।
গত বিশ্বকাপের সময় তো আপনি জাতীয় দলে ঢুকি ঢুকি করছেন। ওই সময় গ্যালারি থেকে বিশ্বকাপ দেখতে কেমন লেগেছে?
নাসির: মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা দেখেছিলাম। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাইনি, জুয়েল স্ট্যান্ডে ছিলাম। মনে আছে, মাঠে ঢোকার সময় ঘণ্টা খানেক লাইনে থাকতে হয়েছিল। পরে ভেতরেও দেখেছি কানায় কানায় পূর্ণ। মানুষের সে কী উত্তেজনা! ম্যাচ জেতার পর তুমুল আনন্দ হয়েছিল। তখন আরও ভালো করে বুঝেছি বিশ্বকাপ কত বড় ব্যাপার আর এই দেশের মানুষ ক্রিকেটকে কত ভালোবাসে। আরও ভালো করে প্রতিজ্ঞা করেছি যে বিশ্বকাপে খেলতেই হবে। আমার খেলা দেখতেও এভাবে লোক আসবে। অনুপ্রেরণা আসলে অনেকভাবেই আসে। ছোট ছোট ব্যাপার থেকেও আসে। ওই ম্যাচ থেকে আমি অনেক প্রেরণা পেয়েছিলাম।
প্রথমবার বিশ্বকাপ দেখার স্মৃতি মনে পড়ে?
নাসির: প্রথম স্মৃতি সেভাবে মনে নেই। তবে ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচটির কথা খুব মনে পড়ে। আমি তখন বিকেএসপিতে। মুশফিক ভাই তখনো বিকেএসপির ছাত্র, বিশ্বকাপে খেলছেন। আমরা হলরুমে ৪০০-৫০০ জন একসঙ্গে খেলা দেখেছি। মুশফিক ভাই ফিফটি করেছিলেন। শেষ দিকে আমাদের একেকটি রানকে মনে হচ্ছিল এক হাজার রান। ম্যাচ শেষে রাতেই মিছিল করেছিলাম আমরা। ওই স্মৃতি কখনো ভোলার নয়। জীবনে অনেক ম্যাচ দেখেছি, নিজে কত খেলেছি। কিন্তু অত মজা কখনো পাইনি।
দলের বাইরে থাকার সময়টা সবার জন্যই কঠিন। আপনি এসেই যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, সেখানে বাইরে থাকাটা মেনে নেওয়া নিশ্চয়ই আরও বেশি কঠিন ছিল!
নাসির: খুব কঠিন ছিল। খুব খুব কঠিন। বলা যায় যে কঠিন, কিন্তু আসলে ওই পরিস্থিতিতে পড়লেই কঠিনের মাত্রাটা বোঝা যায়। দেশের মাটিতে খেলা হচ্ছে, আমি নেই, মানতেই পারছিলাম না। খুব একা একা লাগত, মনে হতো কেউ নেই। ভাই, বন্ধু কেউ নেই। কিচ্ছু ভালো লাগত না। ভালো কথাও ভালো লাগত না। অনেকে হয়তো এসে ভালো কিছু বলল, তবু খারাপ লাগত। মনে হতো দয়া দেখাচ্ছে। পরে বুঝতাম এসব ঠিক না। কিন্তু মানসিক অবস্থা আসলে এমনই ছিল। মাথা কাজ করত না।
সেই অবস্থাটা কাটালেন কীভাবে?
নাসির: কাটাতেই হতো। এভাবে তো সব সময় চলে না। বাংলাদেশ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি, কোচদের সঙ্গে কথা বলেছি। সবাই নানা পরামর্শ দিয়েছে, কথা বলেছে। আমিও বুঝেছি যে হতাশ হলে লাভ নেই। রান ছাড়া উপায় নেই।
কার কার সঙ্গে কথা হয়েছে, বলা যাবে?
নাসির: বাদ পড়ার পর প্রথমেই এমন একজনের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে চমকে গেছি। সাকিব আল হাসান! সাকিব ভাই প্রথম আমাকে ফোন করে বলেন, ‘মন খারাপ করিস না। তুই অবশ্যই ফিরবি। লেগে থাক। কষ্ট কর।’ ওনার মতো একজন ক্রিকেটারের এটা না করলেও চলত। কিন্তু উনি এটুকু করেছেন। আমারও মনে হয়েছে, সাকিব ভাইয়ের মতো একজন যখন আমাকে ফোন করে এসব বলছে, নিশ্চয়ই আমি কিছু পারি। অনেক আত্মবিশ্বাস পেয়েছি। পরেও সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইদের সঙ্গে কথা বলেছি। তামিম ভাই ব্যাটিং নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। কোচদের মধ্যে ফাহিম স্যার, ইমরান স্যার, সালাউদ্দিন স্যারের সঙ্গে কথা বলেছি।
টেকনিক্যাল কোনো পরিবর্তন বা কাজ করেছেন?
নাসির: নাহ, কারণ সবাই বলেছে টেকনিকে পরিবর্তনের দরকার নেই। মানসিক ব্যাপারগুলোই আসল। আমি মানসিকভাবে আবার আগের মতো থাকার চেষ্টা করেছি।
মানসিক ব্যাপারটা কেমন ছিল? একসময় যেসব শটে রান পেতেন, হুট করে দেখলেন কিছুই ঠিক হচ্ছে না। ম্যাচের পর ম্যাচ রান নেই, ওই অবস্থায় কতটা অসহায় লাগে?
নাসির: ক্রিকেটে মানসিক ব্যাপারটিই বড়। যখন ভালো খেলছিলাম, দলে জায়গা নিয়ে প্রশ্ন নেই, নিজের মতো খেলেছি। কী হবে না হবে ভাবিনি। তখন সবকিছু ভালোও হয়েছে। রান না পাওয়ার পর থেকে টেনশন শুরু—জায়গা নিয়ে টান পড়ে কি না। এটার সঙ্গে তখন আরও অনেক কিছু, অনেক চিন্তাভাবনা চলে আসে মাথায়। তখনই আসল সমস্যা। হার্টবিট বেড়ে যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বলে নানা ভাবনা চলে আসে। খেলব না ছাড়ব, আউট হলে উপায় কী, কত রান করতে পারছি বা পারব...হাত-পা কাজ করে না, শরীর চলে না। বাদ পড়ার পর তো আর চিন্তার কিছু নেই। আবার আগের মতো ভেবেছি। সেটার ফলও পেয়েছি লিগে। টেকনিক পরিবর্তন না করে, শুধু মাথাটা ঠিক করেই কিন্তু রান পেয়েছি।
আপনার বাইরে থাকার সময়ে সাব্বিরের উত্থান হয়েছে। তাঁকেও ফিনিশার হিসেবে দেখা হচ্ছে, আপনার মতোই স্পিন করতে পারে এবং দুর্দান্ত ফিল্ডার। সাব্বিরের উত্থানকে কীভাবে দেখেন?
নাসির: ইতিবাচকভাবেই দেখি। প্রতিযোগিতা থাকলে দলের জন্য ভালো, আমার জন্যও। এখন জানি একাদশে ঢুকতে হলে বা ঢুকলে ধরে রাখতে ভালো খেলতেই হবে। আগের চেয়ে দ্বিগুণ খাটতে হবে। এ ছাড়া ওর সঙ্গে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই। সাব্বির তো আমার খুব ভালো বন্ধু।
বিশ্বকাপে সুনির্দিষ্ট লক্ষ্য আছে কিছু?
নাসির: আমি আসলে ওভাবে লক্ষ্য ঠিক করি না। আর আমি যেখানে ব্যাট করি, লক্ষ্য ঠিক করাও কঠিন। হাতে ওভার কম থাকে, সেঞ্চুরি করার তো উপায় নেই। ইচ্ছা থাকবে যেন দলের চাওয়া পূরণ করতে পারি। আগে ব্যাট করি বা পরে, শেষ পর্যন্ত থাকতে চাই। আবার ফিনিশার হয়েই ফিরতে চাই।