'ফিফা কেলেঙ্কারি নিয়ে আমার মাথাব্যথা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান ঘুরে এখন পিএসজিতে। বর্ণাঢ্য ক্যারিয়ারে লিগ শিরোপা জিতেছেন প্রতিটি ক্লাবের হয়ে। তিনি ইব্রাহিমোভিচ। ৩৩ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার মাঠে ও মাঠের বাইরেও এক বর্ণিল চরিত্র। পিএসজির হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই স্পোর্টস ইলাস্ট্রেটেড সাময়িকীর সঙ্গে এক সাক্ষাৎকারে খুঁজে পাওয়া গেল সেই বর্ণিল ইব্রাকে—
ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচ

* আপনার তো অনেক খেলোয়াড় বন্ধু। এঁদের মধ্যে কি কোনো আমেরিকান খেলোয়াড় আছেন?
ইব্রাহিমোভিচ: ও রকমভাবে কেউ না। তবে আমি এসি মিলানে ওগুচি ওনিয়োর (আমেরিকান ডিফেন্ডার) সঙ্গে খেলেছি। কিন্তু ওর সঙ্গে আমার একবার মারামারি হয়ে গেল।
* হ্যাঁ, ওই ঘটনা তো খুব আলোড়ন তুলেছিল। আসলে কী হয়েছিল?
ইব্রাহিমোভিচ: বেশ ভালোই মারামারি করেছিলাম আমরা। আবার আমার জন্য খুব একটা উপভোগ্যও ছিল না সেটা। কারণ, সে আমার মতোই বড়সড় শরীরের। তবে পরে আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম।
* তাহলে বন্ধু হওয়ার আগে আপনার মারামারিটা জরুরি?
ইব্রাহিমোভিচ: (হাসি) কখনো কখনো।
* কে জিতেছিলেন সেই লড়াইয়ে?
ইব্রাহিমোভিচ: আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সে বলবে, ও-ই জিতেছিল। আমি বলব, আমি জিতেছিলাম (হাসি)।
* অনেক দিন পর মাঠে ফিরলেন। ফিওরেন্টিনার বিপক্ষে নিউজার্সিতে প্রীতি ম্যাচে গোলও করলেন। কেমন লাগছে?
ইব্রাহিমোভিচ: ভালো লাগছে। প্রাক্-মৌসুমের এই প্রস্তুতিটা খুব কাজে দেয়। আমরা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অনুশীলন করছি, প্রীতি টুর্নামেন্ট খেলছি। সময়টা ভালো উপভোগ করছি।
* এমনিতে যুক্তরাষ্ট্রে বেড়াতে কেমন লাগে?
ইব্রাহিমোভিচ: বেশ ভালো লাগে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, মায়ামি শহরগুলো আমার খুব প্রিয়। এটা আসলে অন্য রকম পৃথিবী আমার কাছে। যখন ছোট ছিলাম, আমেরিকান সিনেমায় এ শহরগুলো দেখতাম, এখানকার জীবন দেখতাম। সেটাই এখন বাস্তবে দেখা, আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
* আপনার প্রিয় আমেরিকান সিনেমা কোনটা?
ইব্রাহিমোভিচ: অনেক। কমেডি, অ্যাকশন, রোমান্টিক সব ধরনের ছবিই আমি দেখি।
* আপনাকে জীবন নিয়ে কোনো সিনেমা বানালে সেটার নায়ক কে হবেন?
ইব্রাহিমোভিচ: (হাসি) অ্যাকশন সিনেমা হবে তো, হয়তো সিলভেস্টার স্ট্যালোন নায়ক হলে ভালো হবে।
* আপনার সাবেক সতীর্থ ডেভিড বেকহাম তো মায়ামিতে এমএলএসের একটা দল কিনেছেন। তাঁর দলের হয়ে কখনো খেলার কথা ভেবেছেন?
ইব্রাহিমোভিচ: তার দলে খেলার জন্য আমিই প্রথম খেলোয়াড় হতে রাজি (হাসি। দেখা যাক কী হয়।
*ম ্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আপনাকে জড়িয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যিই কি ইউনাইটেডে খেলার কথা ভাবছেন?
ইব্রাহিমোভিচ: আরে আমার কাছে তো ডেভিড বেকহামের প্রস্তাবই আছে। ইউনাইটেডে যাওয়ার কী দরকার (হাসি)! না, আসলে আমি পিএসজিতে খুব খুশি। ওখানে আমার আরও এক বছরের চুক্তি আছে। ক্লাবের সবার সঙ্গে আমার সম্পর্কও দারুণ। শেষ পর্যন্ত কী হবে সেটা আমি জানি না। কিন্তু এই মুহূর্তে আমি পিএসজি খেলোয়াড়। এখানেই ভালো আছি।
* আপনার সঙ্গে ইউনাইটেড কোচ লুই ফন গালের সম্পর্ক কেমন?
ইব্রাহিমোভিচ: ভালো না।
* কেন?
ইব্রাহিমোভিচ: আমি যখন আয়াক্সের খেলোয়াড়, তিনি তখন আয়াক্সের পরিচালক ছিলেন। তিনি যেভাবে কাজ করেন, আমার কাজের ধরন সেটা নয়।
* আপনি আপনার বইয়ে লিখেছেন, তিনি খুব কঠোর। বাচ্চাদের যেভাবে কঠোর শাসনে রাখা হয়, তিনি খেলোয়াড়দের সঙ্গে সে রকম আচরণ করেন। এটাই কি সমস্যা? এ কারণেই ইউনাইটেডে খেলতে আগ্রহী নন?
ইব্রাহিমোভিচ: বড় সমস্যা তো অবশ্যই। তবে দিন শেষে তিনিও পেশাদার, আমিও পেশাদার। আমি যাঁর সঙ্গেই কাজ করি, ও রকম কোনো সমস্যা হয়নি। কারণ, তিনি তাঁর কাজ করবেন, আমি আমার কাজ করব। হ্যাঁ, ঝগড়াঝাঁটি হতেই পারে, আমি সেটা পছন্দও করি (হাসি)।
* একটু অন্য প্রসঙ্গে যাই। ফিফা কেলেঙ্কারির খবরগুলো অনুসরণ করছেন কি?
ইব্রাহিমোভিচ: কিছু শুনেছি। কিন্তু আসলে সব জানি না। কয়েক দিন আগে দেখলাম, একটা সংবাদ সম্মেলনে একজন এসে অন্যজনের দিকে অনেক টাকা ছুড়ে মারল। মজা পেয়েছি দেখে। দেখেন, আমার কাজ ফুটবল খেলা, মানুষকে আনন্দ দেওয়া। যদি আমি সত্যি কথা বলি, আসলে ফিফা কেলেঙ্কারি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এটা তো আমার সমস্যা নয়, ওদের সমস্যা।
* কিন্তু এই কেলেঙ্কারির খবরে ফুটবল নিয়ে আপনি কি উদ্বিগ্ন নন?
ইব্রাহিমোভিচ: দেখুন, আমার কাজ তো মাঠে। এটা যাঁরা অফিসে বসেন, তাঁদের ব্যাপার। আমার কাছে ফুটবল এমন একটা ধর্ম, যেখানে এসে সব জাত, বর্ণ এক হয়ে যায়। আমি শুধু বলতে পারি, এই খেলাটার সবকিছুতে স্বচ্ছতা থাকা উচিত।