'ফিফার দণ্ড, কিছু করার নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ
আগামী ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রস্তুতিটা যেমন হওয়া দরকার ছিল, তা হয়নি। অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিত নন লোডভিক ডি ক্রুইফ। বরং আর সবার মতোই রোমাঞ্চিত বাংলাদেশ দলের ডাচ কোচ

* এখনো তো প্রস্তুতিতেই নামতে পারলেন না। নিশ্চয়ই হতাশ?
লোডভিক ডি ক্রুইফ: দল নিয়ে অনুশীলনে নামা হয়নি ঠিক, তবে ব্যক্তিগত প্রস্তুতিটা সেরে ফেলেছি। অস্ট্রেলিয়া দলের ভিডিও দেখেছি, সব তথ্য-উপাত্ত জোগাড় করছি। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনো একসঙ্গে একটা সেশনও করতে পারিনি। এটা মেনে নিয়েও প্রস্তুতি নিয়ে হতাশার কিছু দেখছি না।
* কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার আগে ভালো প্রস্তুতি দরকার ছিল বলে মনে করেন না?
ডি ক্রুইফ: দরকার তো ছিলই। কিন্তু সমস্যাটা হয়েছে লিগ চলার কারণে। কালই (আজ) লিগের শেষ ম্যাচে খেলছে শেখ জামাল ও আবাহনী। শেখ জামালেই ১৪ জন খেলোয়াড় আছে জাতীয় দলের। আবাহনীরও কয়েকজন আছে। কাজেই ওদের বাদ দিয়ে তো প্রস্তুতি সম্ভব নয়। তবে আশা করি পরশু (কাল) থেকে আমরা অনুশীলন শুরু করতে পারব।
* ২৬ আগস্ট দল মালয়েশিয়া যাওয়ার কথা। মাঝে এই তিন দিন দলটাকে গোছাতে পারবেন?
ডি ক্রুইফ: আরও দু-এক দিন আগে মালয়েশিয়া যাওয়া যায় কি না সেই চেষ্টা হচ্ছে। তা ছাড়া আমার একাদশের বেশির ভাগ খেলোয়াড়ই শেখ জামালের, ওরা কিন্তু এএফসি কাপে উঁচু মানের দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে। এটা আমার জন্য বড় একটা সুবিধা।
* অস্ট্রেলিয়া ম্যাচটাকে কোচ হিসেবে আপনি কীভাবে দেখছেন?
ডি ক্রুইফ: অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক অ-নে-ক এগিয়ে। এই ম্যাচটা ছেলেদের জন্য বড় এক চ্যালেঞ্জ। খুব কঠিন ম্যাচ খেলতে হবে ওদের। ভালো খবর হলো, ছেলেরা খেলার মধ্যে আছে, নতুন করে তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই। এসব চিন্তা করলে আমি দল ও প্রস্তুতি নিয়ে অখুশি নই।
* অস্ট্রেলিয়ার ঘোষিত ২৩ জনের দলটা দেখেছেন?
ডি ক্রুইফ: হ্যাঁ, দেখেছি। গত ম্যাচে খেলতে না পারা ওদের আক্রমণভাগের কয়েকজন খেলোয়াড় ফিরেছে। আবার সাতজনকে বাইরেও রেখেছে। আসলে ওরা কাকে নিল কাকে বাদ দিল, এসব বড় কিছু নয়। অস্ট্রেলিয়া আমাদের ধরাছোঁয়ার বাইরে, এটা বুঝতে হবে।
* ফিফার নিষেধাজ্ঞায় আপনি নিজে অস্ট্রেলিয়া ম্যাচে ডাগ-আউটে থাকতে পারবেন না। খারাপ লাগছে না?
ডি ক্রুইফ: ভীষণ খারাপ লাগছে। এই ম্যাচটা বাংলাদেশের ফুটবলারদের জন্য যেমন শিহরণ জাগানো, ব্যক্তিগতভাবে আমার নিজের জন্যও। কিন্তু আমি বেঞ্চে বসতে পারব না, অন্যভাবে দেখলে ওখানে থাকলেই বা আমি কী করতাম? চিৎকার-চেঁচামেচি করতাম খেলোয়াড়দের? হ্যাঁ, তাই করতাম। তবে যেটাই করতাম, ডাগ-আউটে থাকা মিস করব অবশ্যই।
* ফিফা তো আপনাকে সাড়ে ৮ হাজার সুইস ফ্রাঁ (৬ হাজার ৭০০ ডলার) জরিমানাও করেছে। বাফুফে বলেছে, টাকাটা আপনাকেই দিতে হবে...
ডি ক্রুইফ: ফিফার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আপিল করতে চেয়েছিলাম, সেটিও করা যাবে না বলেছে ফিফা। কিরগিজস্তান ম্যাচে আমি আমার খেলোয়াড়দের চিৎকার করে নির্দেশনা দিয়েছি, অসন্তোষ প্রকাশ করেছি, রেফারির সঙ্গে তো কিছু হয়নি। এমন চিৎকার কি হোসে মরিনহো, ওয়েঙ্গাররা করেন না? ইউরোপের বড় বড় কোচরা কি করেন না? কই, তাঁদের ফিফা এভাবে শাস্তি দিয়েছে শুনেছেন?
* আপনাকে তো চিৎকার করার জন্য নিষিদ্ধ করেনি ফিফা। চতুর্থ রেফারির সঙ্গে অশোভন আচরণ করেছেন বলেই...
ডি ক্রুইফ: অশোভন কিছু করিনি। করলে আমি নিজেই শাস্তিটা মেনে নিতাম। কিন্তু ফিফার দণ্ড, কিছু করার নেই। ভাগ্যই খারাপ আমার, সামনেই পড়ে গেল অস্ট্রেলিয়া ম্যাচ!