'ফুটবল সম্পর্কে অনেক জানলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইসরাত জাহান ইভা
ইসরাত জাহান ইভা
ফুটবল রেফারিংয়ে আগ্রহী হচ্ছেন মেয়েরা। সারা দেশের ৬৩ জন মেয়েকে নিয়ে স্থানীয় রেফারিদের পরিচালনায় ঢাকায় চলছে মহিলা রেফারিং কোর্স। যেটির অংশ হলেন ২০০৪ সালে দেশের দ্রুততম মানবী ইসরাত জাহান ইভা। কাল বাফুফে ভবনে কোর্সের ফাঁকে এসব নিয়ে কথা বললেন লালমনিরহাটের মেয়ে

* একটু আগে দেখছিলাম বই নিয়ে কী যেন পড়ছেন। কোনো পরীক্ষা ছিল নাকি?
ইসরাত জাহান ইভা: মৌখিক পরীক্ষা দিলাম। তার জন্যই একটু বই-টই দেখছিলাম। বুঝতেই পারছেন, ফুটবল সম্পর্কে তেমন ধারণা ছিল না এত দিন। এখানে এসে অনেক ধারণা পেলাম।
* মৌখিক পরীক্ষায় কী জানতে চাওয়া হয়েছিল?
ইভা: ফুটবলের নানা রকম নিয়ম-কানুনই মূল বিষয় ছিল। ধরুন কর্নার হলে ফ্ল্যাগটা কীভাবে তুলে ধরতে হবে, গোলের সংকেত কী হবে, সহকারী রেফারি এ সময় কীভাবে মুভ করেন, এগুলোই মূলত জানতে চাইলেন পরীক্ষকেরা।
* এসব সম্পর্কে পূর্বধারণা ছিল?
ইভা: তেমন ধারণা ছিল না। থাকার কথাও নয়। ফুটবল এমনিতে দেখেছি। গোল, ফাউল...এগুলো বুঝি। কিন্তু রেফারির কাজ অনেক বড়। ম্যাচটা তাঁকে পরিচালনা করতে হয়। সবকিছুই তাঁর জানা দরকার। এখানে রেফারিংয়ের সেই টেকনিক্যাল বিষয়গুলোই শেখানো হচ্ছে।
* কতটা কী শিখলেন?
ইভা: অনেক কিছুই শিখলাম। রেফারিংয়ে ১৭টি নিয়ম আছে। প্রতিটি সম্পর্কেই ধারণা পেয়েছি। যেমন ফাউল, কর্নার...। তা ছাড়া কোন পরিস্থিতিতে রেফারি কীভাবে সাড়া দেন, অফসাইড কীভাবে ধরে আগে এগুলো জানতাম না। এখানে তা জানলাম, বুঝলাম।
* আপনি তো অ্যাথলেট, তা হঠাৎ ফুটবল রেফারি হতে আগ্রহী হলেন কেন?
ইভা: এমন একটা কোর্স ফুটবল ফেডারেশনে হচ্ছে শুনে ভাবলাম করলে ক্ষতি কী? এর আগে বিউটি আপাও (অ্যাথলেট) এটা করেছেন। তাই এলাম, এসে দেখি ভালোই তো। অনেক কিছু জানার আছে। কোর্স পরিচালকেরা খুব ভালোভাবে সব বোঝাচ্ছেন আমাদের।
* আপনার সঙ্গে একটু আগে সাইক্লিস্ট শিলা আর এক অ্যাথলেটকে দেখা গেল। ফুটবলের বাইরের আর এমন কয়জন কোর্সটা করছেন?
ইভা: জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে ফুটবলের বাইরে মনে হয় আমরা এই তিনজনই। আমাদের জন্য বিষয়টা খুবই ইন্টারেস্টিং। ভালোই লাগছে সবাই মিলে কোর্সটা করতে। অন্য রকম অভিজ্ঞতাও হচ্ছে।
* কী মনে হয় ফুটবল রেফারি হতে পারবেন?
ইভা: আমার তো মনে হয় পারব। তবে কিছু পরীক্ষায় পাস তো করতে হবে। এর মধ্যে ফিটনেস পরীক্ষায় মনে হয় সমস্যা হবে না আমার। বাকিগুলোও শিখলে খুব কঠিন কিছু নয়। তবে রেফারি না হলেও এই কোর্সটা সামনে বিপিএড করতে আমার অনেক কাজে আসবে।
* ২০০৪ সালে দ্রুততম মানবী হয়েছিলেন। একবার জুঁইকে হারিয়ে, আরেকবার চুমকিকে। সেই চুমকি এবারও এসএ গেমসের ক্যাম্পে আছেন। অথচ আপনি আড়ালে চলে গেলেন...
ইভা: আমি আসলে ২০১০ সালে ঢাকা এসএ গেমস করার পর আর সেভাবে থাকিনি। সেবার গেমসে দুটি রিলেতে রুপা ও ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলাম। তবে এখন আমার দল বিজেএমসির অভ্যন্তরীণ গেমসগুলো করি। তা ছাড়া কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, সেটা নিয়েও একটু ব্যস্ততা আছে।