'ফেডারেশন-ক্লাব সবারই দায় আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইমতিয়াজ সুলতান জনি
ইমতিয়াজ সুলতান জনি

সাফ ফুটবলের ব্যর্থতায় বিষণ্ন দেশের ফুটবল অঙ্গন। বিষণ্ণতাটা যেন বেশি করে ছুঁয়ে গেছে ইমতিয়াজ সুলতান জনিকে। ১৯৮৫ সালের সাফ গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক দুঃখিত আফগানিস্তান-মালদ্বীপের মতো দলের কাছে তাঁর উত্তরসূরিদের নাস্তানাবুদ হতে দেখে...


*১৯৮৫ সাফ গেমসে আপনার অধিনায়কত্বে মালদ্বীপকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৩০ বছর পর সেই মালদ্বীপ বাংলাদেশকে ৩-১ গোলে হারাল। আপনার মূল্যায়ন কী?
ইমতিয়াজ সুলতান জনি: যে সময়ে মালদ্বীপকে ৮ গোলে হারিয়েছিলাম সেই সময়টা কিন্তু বদলে গেছে। মালদ্বীপের মতো দেশগুলো দ্রুত উন্নতি করছে। আমরা পিছিয়ে পড়ছি। এবারের সাফে বাংলাদেশের যে ফল, সেটা অনুমিতই ছিল। সামর্থ্য অনুযায়ী প্রত্যাশাটাই বরং বেশি করা হয়েছিল। আমি একেবারেই অবাক নই এই ফলে। তবে কষ্ট পেয়েছি। আমার অধিনায়কত্বে যে দলকে ৮ গোলে হারিয়েছি, তাদের কাছে যখন আমাদের পরবর্তী প্রজন্ম নাস্তানাবুদ হয়, তখন কতটা কষ্ট লাগে বুঝতেই পারেন।
*আমাদের ফুটবলের সমস্যাটা আসলে কোথায়?
জনি: সমস্যা সব জায়গাতেই। এ দেশের ফুটবলে কখনোই কোনো নির্দিষ্ট পদ্ধতিতে খেলোয়াড় তৈরি করে আনার ইতিহাস নেই। আমাদের কথাই ধরুন। আমরা কোনো পদ্ধতির মধ্য দিয়ে আসিনি। মাঠে-ঘাটে খেলতে খেলতে কীভাবে যেন সর্বোচ্চ পর্যায়ে খেলে ফেলেছি। খেলোয়াড় তৈরি না করতে করতে দুই দশক ধরেই আমাদের এই তীব্র খেলোয়াড়-সংকট। আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করার মতো ফুটবলার না থাকার কারণেই জাতীয় দলের ফল এত খারাপ হচ্ছে।
*খেলোয়াড় উঠে না আসার দায়টা কি ফেডারেশনের কাঁধে বর্তায় না?
জনি: ফেডারেশন-ক্লাব সবারই দায় আছে। ক্লাবগুলোতে বয়সভিত্তিক কোনো কার্যক্রম নেই। ফেডারেশনেরও যেন এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা কোনো ক্লাবকেই এ ব্যাপারে চাপ দেয় না। প্রিমিয়ার লিগের প্রতিটি দলেই বয়সভিত্তিক দল বাধ্যতামূলক করা উচিত। কিন্তু এ ধরনের উদ্যোগ কখনোই আমরা দেখিনি।
*অনেকে বলছেন জাতীয় দলের খেলা কিছুদিন বন্ধ রেখে আমাদের আমাদের দলটাকে তৈরি করা উচিত...
জনি: খুব বাজে ভাবনা এটা। আমি কোনোভাবেই এর পক্ষে নই। জাতীয় দলকে খেলার মধ্যেই রাখতে হবে। এর মধ্য দিয়েই দল তৈরি করতে হবে। কিন্তু জাতীয় দলের খেলা বন্ধ করা উচিত নয়। নব্বইয়ের দশকে এমন একটা কিছু অঘোষিতভাবে করা হয়েছিল। আমরা দুটি এশিয়ান গেমসে দল পাঠাইনি। কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি।
*ফুটবল নিয়ে বাফুফের পরিকল্পনাকে কীভাবে মূল্যায়ন করেন?
জনি: বাফুফের আদৌ কোনো পরিকল্পনা আছে বলে তো মনে হয় না। ফুটবলের উন্নতিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা উচিত। এমন কিছু আমরা কখনোই দেখি না। কোচ আসে কোচ যায়। আমাদের পাইপলাইন কতটা সচল, সেটা জানি না। আমাদের নতুন খেলোয়াড় উঠে আসছে না। ৩০-৪০ জন খেলোয়াড়ের বাইরে আমাদের হাতে আর কেউ নেই। এসব তো পরিকল্পনা না থাকার কারণেই হয়েছে।
*এ মুহূর্তে আমাদের করণীয় কী?
জনি: আমাদের গোড়ায় হাত দিতে হবে। খেলোয়াড় তৈরি করতে হবে। ৮ বছর বয়সীদের দিয়ে শুরু করতে হবে। অনূর্ধ্ব-১০, ১২, ১৪, ১৬ বছর বয়সীদের নিয়েও দল তৈরি করতে হবে। প্রতিটি ক্লাবকে এগিয়ে আসতে হবে। তাদের বয়সভিত্তিক দল তৈরি করতে হবে। আমাদের একটা লক্ষ্য স্থির করে এগোতে হবে। পাঁচ বছর পর আমরা নিজেদের কোথায় দেখতে চাই, ১০ বছর পর কোথায়, ১৫ বছর পর কোথায়। বড় স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজও করে যেতে হবে। ফুটবলটাকে ছড়িয়ে দিতে হবে দেশময়। জেলা লিগুগুলো নিয়মিত হতে হবে। এসব করতে পারলে ফুটবল টিকবে, নয়তো হারিয়ে যাবে।