'বাংলাদেশ এখন অনেক আত্মবিশ্বাসী'
>

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন নাসের হুসেইন। নব্বইয়ের দশকের শেষ দিকে ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাওয়া ইংলিশ দল ধারাবাহিক সাফল্য পায় নাসেরের নেতৃত্বে। এবারও বাংলাদেশে এসেছেন স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে চলার সময় ধারাভাষ্যকক্ষে কথা হলো তাঁর সঙ্গে। ৯৬ টেস্ট ও ৮৮ ওয়ানডে খেলা সাবেক এই ইংলিশ অধিনায়কের আলাপচারিতায় উঠে এল নানা প্রসঙ্গ।
* খেলোয়াড় হিসেবে বাংলাদেশে আপনার একমাত্র সফরটা ছিল ২০০৩ সালে। ওই সফরে বাংলাদেশের কোন বোলার আপনাকে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছিল?
নাসের হুসেইন: বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। চট্টগ্রাম টেস্টে (দ্বিতীয় ইনিংসে) ওকে যখন রিটার্ন ক্যাচ দিয়ে ফিরি, আমার রান তখন ৯৫। রফিক অসাধারণ বোলিং করেছিল আমাদের বিপক্ষে।
* ওই সিরিজে মাশরাফিও অসাধারণ বোলিং করেছিলেন...
নাসের: হ্যাঁ, সে তখন অনেক তরুণ। বলে ভালো গতি ছিল। অনেক সম্ভাবনা দেখেছিলাম তার মধ্যে।
* এরপর বাংলাদেশ দলে বিশেষ করে ওয়ানডেতে অনেক বদল এসেছে। আপনার চোখে কী কী পার্থক্য ধরা পড়েছে?
নাসের: বাংলাদেশ দলে খেলোয়াড় আসা-যাওয়া অনেক কম, যে কারণে তারা সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। প্রায় একই দল নিয়ে চট্টগ্রামেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল। তামিম-মাশরাফির মতো বেশি কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকায় ঘরের মাঠে বাংলাদেশ দল এখন অনেক আত্মবিশ্বাসী। দারুণ কিছু তরুণ পেসার এসেছে বাংলাদেশ দলে। তাসকিন, রুবেল ইংল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করেছে। আর মাশরাফি তো আছেই।
* এবার শুরু থেকেই বাংলাদেশ-ইংল্যান্ড খেলাটা প্রতিপ্রন্দ্বিতাপূর্ণ হচ্ছে। তা বাংলাদেশের কোন কোন খেলোয়াড় আপনার দৃষ্টি কেড়েছে বেশি?
নাসের: হ্যাঁ, মাঠের খেলাটা দুর্দান্ত হচ্ছে। একতরফা নয়, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখছি। খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবটা ভালো লাগছে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ইমরুল কায়েসের খেলা ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ ও সিরিজের প্রথম ওয়ানডেতে সে সেঞ্চুরি করেছে। মাহমুদউল্লাহকে অনেক গোছানো মনে হয়েছে, চারে সে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান।
* খেলোয়াড়ি ক্যারিয়ারের শুরুতে আপনি ছিলেন লেগ স্পিনার। কিন্তু এসেক্সে এসে লেগ স্পিন ছেড়ে ব্যাটসম্যান হয়ে গেলেন। ক্রিকেটের এই শিল্পটা কেন ছেড়ে দিলেন?
নাসের: ১৪ বছর বয়সে উচ্চতার কারণে নিখুঁতভাবে বল ছুড়তে পারতাম না। লম্বা ক্যারিয়ারের কথা চিন্তা করেই ওটা বাদ দিয়ে মনোযোগ দিই ব্যাটিংয়ে।
* এবার আপনার অধিনায়কত্ব প্রসঙ্গ। অ্যালেক স্টুয়ার্টের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ড দলের চেহারা বদলে দিতে আপনার অনেক অবদান। আপনার নেতৃত্বে টানা চারটি টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা কী ছিল?
নাসের: আমি মোটেও সফল অধিনায়ক ছিলাম না (হাসি)! অ্যাশেজ জিততে পারিনি, দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারিনি। তবে হ্যাঁ, ডানকান ফ্লেচারের অধীনে আমরা কিছু কাজ করতে পেরেছিলাম। খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা, খেলোয়াড়েরা ইংল্যান্ড দলকেই বড় করে দেখবে, কাউন্টি দল নয়—এই ধারাটা তৈরি করেছিলাম। দলীয় চেতনা, নিজস্ব বৈশিষ্ট্য দাঁড় করানো, যোগ্য খেলোয়াড়কে দলে নেওয়া—এসব বিষয়ে ভীষণ গুরুত্ব দিয়েছিলাম। এ কারণেই উপমহাদেশে বিশেষ করে শ্রীলঙ্কা ও পাকিস্তানে টেস্ট সিরিজ জিতেছিলাম। ওয়েস্ট ইন্ডিজে ৩১ বছরে প্রথম সিরিজ জিতেছিলাম (২০০০ সালে)। এরপর মাইকেল ভন অধিনায়কত্ব করেছে, সাফল্য পেয়েছে। অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালিস্টার কুকও তা-ই।
* অথচ যখন অধিনায়কত্ব পেলেন, শুরুতেই আপনাকে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। এমনিতে কঠিন একসময়ে নেতৃত্ব পান, তার ওপর আবার দর্শকদের দুয়ো। তখন নিজেকে উজ্জীবিত করেছেন কীভাবে?
নাসের: আমি মনে করি, নিজস্ব মতামত প্রকাশ করতে দর্শকদের দুয়ো দেওয়ার অধিকার আছে। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ দেখতে তারা অনেক পয়সা খরচ করে। আমাদের বাজে পারফরম্যান্স নিশ্চয়ই তারা দেখতে চায় না। হতাশা কাটিয়ে ওঠার একটাই উপায়—উন্নতি। ফুটবলে আমি আর্সেনালের সমর্থক। তারা খারাপ খেললে হতাশায় টিভির সামনে চিত্কার-চেঁচামেচি করি। একজন দর্শকের এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা একটা বিষয় অনুধাবন করেছি তখন—খেলায় পরিবর্তন আনতে হবে।
* অধিনায়ক হিসেবে আপনার সেরা অর্জন বলবেন কোনটিকে?
নাসের: শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয় (২০০১ সালে)। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলাম আমরা। মুত্তিয়া মুরালিধরন দুর্দান্ত বোলিং করেছিল। শেষ পর্যন্ত সিরিজটা জিতি ২-১ ব্যবধানে। অসাধারণ এক সিরিজ ছিল সেটা।
* মাশরাফিকে বলা হচ্ছে বাংলাদেশের সফলতম অধিনায়ক। একজন সাবেক অধিনায়ক হিসেবে তাঁর অধিনায়কত্ব মূল্যায়ন করবেন কীভাবে?
নাসের: দেশের মাঠে তার নেতৃত্বে টানা ছয়টা সিরিজ জিতেছে বাংলাদেশ। দারুণ! নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে হারানো এখন অনেক কঠিন। সে অনেক বুদ্ধিদীপ্ত অধিনায়ক। পরিস্থিতি বুঝে স্পিনার-পেসার ভালোভাবে কাজে লাগাতে পারে। নিজের দায়িত্ব ঠিকভাবে করতে নিজেকে সে যেভাবে ফিট রাখছে, সেটা অসাধারণ। কয়েক বছর আগে আমি বিশ্বকাপে (টি-টোয়েন্টি) বোলিং করার সময় ওকে খেয়াল করছিলাম। ওর শরীর ভেঙে পড়ছিল, প্রায় এক পায়ে বল করছিল। তার পরও সে এখনো বোলিং করছে, এত আবেগ নিয়ে খেলছে! সে খুব বিচক্ষণ, অসাধারণ অধিনায়ক।
* মাত্র চার টেস্টের জন্য ১০০ টেস্ট খেলতে পারলেন না। এ নিয়ে আপনার আক্ষেপ নেই?
নাসের: না, মোটেও আক্ষেপ নেই। আমার শেষ ইনিংসে সেঞ্চুরি করেছি, দলও ম্যাচটা জেতে (নিউজিল্যান্ডের বিপক্ষে)। আমি অনেক সুযোগ পেয়েছি। ওই সময় ভন-স্ট্রাউসের মতো অসাধারণ কিছু খেলোয়াড় ছিল। দলের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্তই নিয়েছি।
* খেলা ছাড়ার পরপরই স্কাই স্পোর্টসের ধারাভাষ্য দলে যোগ দিলেন। নিশ্চয়ই অন্য পেশাও বেছে নিতে পারতেন?
নাসের: (হেসে) আমি যেটা পছন্দ করি সেটা করি। ধারাভাষ্য অনেক পছন্দ করি। আমার অধিনায়ক ও কাছের বন্ধুদের দেখেছি ধারাভাষ্য দিতে। আমার নায়ক ডেভিড গাওয়ার ও ইয়ান বোথামের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার সুযোগটা হাতছাড়া করিনি। পছন্দের চাকরির প্রস্তাব পেলে আপনি নিশ্চয়ই সেটি লুফে নেবেন!
* কদিন আগে এউইন মরগানের বাংলাদেশে না আসা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা কেমন দেখছেন?
নাসের: চমৎকার নিরাপত্তাব্যবস্থা! হোটেল, মাঠ সব জায়গায় নিরাপত্তা অসাধারণ। ইংল্যান্ড দলের নিরাপত্তা ব্যবস্থাপক রেগ ডিকাসনের সিদ্ধান্ত সঠিক। আসলে বিশ্বের কোথাও আপনি শতভাগ নিরাপদ নন। বাংলাদেশের দর্শকেরা যেভাবে শান্তিপূর্ণভাবে খেলা দেখছে তাদের স্বাগত জানাই। এটা না হলে বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতো হতো, ঘরের মাঠে খেলতে পারত না। আর ক্রিকেটের জন্য সেটি হতো খুব বাজে একটা ব্যাপার। পাকিস্তানকে এর মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা ক্রিকেটের জন্যই খারাপ।