'বাংলাদেশ যেভাবে খেলেছে, প্রশংসা করা উচিত'
বাংলাদেশের খেলার প্রশংসা তো করেছেনই, ক্রিকেটনেক্সটডটকমকে দেওয়া এই সাক্ষাৎকারে ভারতের সাবেক নির্বাচক কিরণ মোরে কথা বলেছেন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ও দলের সিরিজ হার নিয়ে—

বাংলাদেশ সফরে ভারতীয় দলে সমস্যা কোথায়?
কিরণ মোরে: প্রথমত, খেলোয়াড়েরা খুব পরিশ্রান্ত। বিশ্বকাপে তাদের মধ্যে যে উদ্দীপনা ছিল, এই দলের মধ্যে সেটা দেখছি না। বিশ্বকাপে ভালো খেলেছি আমরা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে হারিয়ে জায়গা করে নিয়েছি সেমিফাইনালে। তবে এটাও একটা ব্যাপার যে বাংলাদেশ ধারণাতীত ভালো ক্রিকেট খেলছে। দুটি ওয়ানডেতেই তারা হারিয়েছে আমাদের। আমার তো মনে হয়, এটাই আমার বলা উচিত যে তারা পুরোপুরি আমাদের ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে। সত্যিই, এই সফরে আমরা বাজে ক্রিকেট খেলেছি। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং—তিন বিভাগেই আমরা শোচনীয়ভাবে ব্যর্থ।
বাংলাদেশ তো ভারতকে প্রায় বশ করে ফেলেছে, ঠিক নয় কি?
মোরে: সত্যি বলতে কী, যে দলটি বিশ্বকাপে এত সুন্দর খেলল, তারা বাংলাদেশের বিপক্ষে এভাবে ভেঙে পড়বে, এটা কখনোই আশা করিনি আমি। ঘরের মাঠে খেলছে বাংলাদেশ, তাই তাদের দিক থেকে ভালো একটা লড়াইয়ের প্রত্যাশাই ছিল, কিন্তু ভারত যেভাবে খেলেছে, সেটা নয়। বাংলাদেশ যেভাবে খেলেছে, আমাদের উচিত তার প্রশংসা করা। অনেক বছরের মধ্যে এটাই আমার দেখা সেরা বাংলাদেশ। মাঠে তারা ছিল ইতিবাচক এবং সবকিছুতেই প্রাধান্য ছিল তাদের।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ, এবার জিতল ভারতের বিপক্ষে। আপনার মন্তব্য?
মোরে: বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বড় একটা অর্জন। বিশ্ব ক্রিকেটের জন্যও এটা বড় একটা বার্তা—যে দলটা বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে, তারাই ঘরের মাঠে টানা দশটা ম্যাচ জিতল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে তারা, এবার জিতল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এটা ভারতের জন্য বড় একটা হতাশাও।
দ্বিতীয় ওয়ানডেতে অজিঙ্কা রাহানের জায়গায় নেওয়া হয়েছিল অম্বাতি রায়ডুকে, আপনার মতামত কী?
মোরে: রায়ডুকে খেলানোটা মোটেও বড় সমস্যা নয়। সে ভালো খেলোয়াড়, ফর্মেও আছে। আইপিএল মৌসুমটাও ভালো কেটেছে তার। কিন্তু রাহানেকে বাদ দেওয়াটা একটু হতাশাজনকই। বিশ্বকাপে সে ভালো খেলেছে, ভালো খেলেছে আইপিএলেও। প্রশ্ন হলো, যখন জাদেজা ও ভুবনেশ্বর ফর্মে নেই, তখন তাদের দলে রাখা কেন? অস্ট্রেলিয়া সফরে এবং বিশ্বকাপেও দুজনকে সংগ্রাম করতে হয়েছে। ভুবনেশ্বরের ফর্ম এতটাই খারাপ যে দুই ম্যাচের একাদশে রাখাটা খুবই হতাশাজনক।
সিরিজ হারের পর ধোনি বলেছেন অধিনায়কত্ব ছেড়ে দিতে প্রস্তুত। এটা কি গা বাঁচানোর জন্য?
মোরে: আমি মনে করি, সে ঠিকই বলেছে। যখন কেউ তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে, দলের হারের জন্য তাকে দায়ী করে, তার প্রেক্ষিতেই তার (ধোনির) এই উত্তর। তার বিবৃতিতে সমস্যার কিছু দেখি না।
ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, ওয়ানডে থেকেও তাঁর অবসরের কথা ভাবা উচিত কি?
মোরে: আমি সেটা মনে করি না।
মুস্তাফিজুর তো অবাকই করে দিলেন ভারতকে...
মোরে: মুস্তাফিজুরের জন্য এটা ছিল স্বপ্নিল অভিষেক। সে খুবই সম্ভাবনাময়। প্রথম ওয়ানডেতে সে নিয়েছে ৫ উইকেট, পরের ম্যাচে ৬টি। তার কাছ থেকে অসাধারণ বোলিং দেখলাম আমরা।