বছর বছর দল পাল্টাচ্ছেন। এটা হয়তো আর্থিকভাবে লাভবান হওয়ার বড় সুযোগই। কিন্তু স্ট্রাইকার হিসেবে কাঙ্ক্ষিত উচ্চতায় তো যেতে পারছেন না জাহিদ হাসান এমিলি। নিজেও তা বুঝতে পারছেন
আটটি পেশাদার লিগে আপনি ছয়বার দলবদল করলেন। এত অস্থিরতা কেন?

জাহিদ হাসান এমিলি: পেশাদার লিগে নিয়ম আছে, একজন খেলোয়াড়ের সঙ্গে দু-তিন বছরের জন্য চুক্তি করতে পারে ক্লাব। সেটা আমাদের দেশে হয় না। এখানে এক বছরের চুক্তি। দেখা যায়, এক বছর একটা দলে খেলার পর ওই টিমটা আর ওইভাবে প্রস্তাব দেয় না। অন্য টিম প্রস্তাব দিলে তখন যাই।
কিন্তু প্রতিবছরই কেন?
এমিলি: আর্থিক ব্যাপারটা আপনি এড়িয়ে যাবেন কীভাবে? গতবার যেমন মোহামেডানে খেলেছি, এবার তারা বড় বাজেটে দল গড়েনি। যখন বুঝলাম, মোহামেডান ভালো টিম হবে না, টাকাপয়সাও পাওয়া যাবে না, এখন অন্য দলে যেতেই হয়েছে।
এভাবে দলবদল করতে থাকায় আপনার নিজের তো ক্লাব-পরিচয় গড়ে উঠল না। কোনো ক্লাবের সঙ্গেই আপনার কোনো বন্ধন নেই...
এমিলি: খেলোয়াড়দের সঙ্গে অফিশিয়ালদের দায় আছে। শেখ রাসেলে এবার আছি, আগামীবার তারা ভালো দল না গড়লে আমাদের আর বিকল্প থাকবে না, দল ছাড়তেই হবে। ইউরোপে প্রতি মৌসুমে, দুতিনজনের বেশি খেলোয়াড় বদল করে না দলগুলো। মূল টিমটাই ধরে রাখে। আমাদের অফিশিয়ালদের মানসিকতাও ওই রকম হওয়া উচিত।
অফিশিয়ালরা তো প্রশ্ন তোলেন খেলোয়াড়দের মানসিকতা নিয়ে। আপনাদের কাছে নাকি টাকাই সবকিছুর আগে। অথচ মোনেম মুন্নারা বড় প্রস্তাব পেয়েও দল ছাড়েননি...
এমিলি: মুন্না ভাইদের সময় আর এই সময় এক নয়। তখন মাত্র দুটি বড় দল ছিল। এখন চার-পাঁচটি। সবাই দল গড়তে চায়। তাই আমাদের সামনে সুযোগ বেশি। এটা বড় এক আকর্ষণও।
কিন্তু এমন তো শোনা যায়, আপনারা পর্দার আড়ালে ছয় মাস আগেই দলবদলের কাজ সেরে ফেলেন। ক্লাবকে তো সুযোগ দেন না!
এমিলি: আপনার কথা বুঝতে পেরেছি। ধরুন, আমি তিন মাস অপেক্ষা করলাম। কিন্তু তিন মাস পর দেখা গেল, ওই টিমটা ভালো টিম করল না। তখন আমি কী করব?
কিন্তু এমনও তো আমরা দেখি, ক্লাব টাকা নিয়েও পরে আর খেলোয়াড় পায় না। তাহলে এত আগে কেন অন্য দলে চলে যান?
এমিলি: শেখ রাসেল যেবার ট্রেবল জিতল, আমরা ঠিক করলাম এই দলেই থাকব। কিন্তু শেখ রাসেল চ্যাম্পিয়ন টিম করল না শেষ পর্যন্ত। বাধ্য হয়ে দল পাল্টেছি (মোহামেডান)। উপায় তো ছিল না।
এটাও তো সত্য যে খেলোয়াড়দের মধ্যে ক্লাবপ্রীতি এখন নেই বা খুবই কম। আপনি কি একমত?
এমিলি: হ্যাঁ, এই জায়গায় আমি খুব দ্বিমত করব না। তবে ধরুন, মোহামেডানের প্রতি খুব ভালোবাসা দেখালাম, মোহামেডানকেও তো তা দেখাতে হবে। সেটা কি দেখায়?
প্রথম তিনটি পেশাদার লিগে আপনার ১২, ১৩ ও ১৯ গোল। এরপর ৬, ৫, ৬, ৭ এবং এবার এখন পর্যন্ত ৪। আপনার পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী
এমিলি: একটা দলে ধারাবাহিকভাবে খেললে পারফরম্যান্সের গ্রাফ ওপরে উঠবে। আমি বছর বছর দল পাল্টানোয় কম্বিনেশন সমস্যায় ভুগছি। একেক বছর নতুন নতুন খেলোয়াড় পাই। আমারও ভালো লাগে না প্রতিবছর ক্লাব বদলাতে। নিজের কাছেই অপরাধী লাগে।
অভিযোগ আছে, চোটের কথা বলে কোনো কোনো খেলোয়াড় মাঠেই নামেন না। সিন্ডিকেট করে এক দলে যাওয়ার অভিযোগও তো আছে...
এমিলি: আমি কখনো অমন করিনি। এ বছর শেখ রাসেলের ১৪ ম্যাচে এক মিনিটও বসিনি। তবে ক্লাবের উচিত, আগেই সবকিছু বলে নেওয়া। খেলোয়াড়েরও দায়বদ্ধতা থাকতে হবে। ক্লাবের সঙ্গে চিট করা একেবারেই অনুচিত। আর আমি, মামুন, জাহিদরা একসঙ্গে খেললে তো জাতীয় দলের জন্যই লাভ।