'বাবা-মাকে নিজে গাড়ি চালিয়ে ঘোরালাম'
>সাকিব’স ডাইনে সেদিন হাসতে হাসতে বলেছিলেন, ‘কবে বাড়ি যাব কাউকে বলব না। বাসায়ও না। বললেই একটা হইচই বেধে যাবে।’ সে আশায় গুড়ে বালি। নিজের শহর সাতক্ষীরায় ছুটি কাটাতে গিয়ে সৌম্য সরকার হয়ে পড়েছেন দারুণ ব্যস্ত। লোকজন তো দেখা করতে আসছেই, কখনো তিনি নিজেও যাচ্ছেন কারও খোঁজখবর নিতে। সেসবেরই একফাঁকে কাল মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান জানালেন তাঁর বদলে যাওয়া জীবনের কথা—

নিজের শহর সাতক্ষীরায় আছেন। কেমন সময় কাটছে?
সৌম্য সরকার: খুবই ব্যস্ত সময় পার করছি। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে হচ্ছে। এখানে যাওয়া, সেখানে যাওয়া। আজ (গতকাল) একটা স্কুলে গেলাম বাচ্চাদের সঙ্গে কথা বলতে।
আপনাকে কাছে পেয়ে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কী?
সৌম্য: তারা তো সবাই রেগে আছে আমার ওপর। বাসায় এসেও ঠিকভাবে সময় দিতে পারছি না। সবাই চাচ্ছে, তাদের আলাদা করে সময় দিই। কিন্তু অন্যান্য ব্যস্ততায় সেটা হচ্ছে না।
নতুন গাড়ি নিয়ে গেছেন। বাবা-মা কী বললেন আপনার গাড়ি দেখে?
সৌম্য: খুব খুশি তাঁরা। সাতক্ষীরায় এসে বাবা-মাকে নিজে গাড়ি চালিয়ে ঘোরালাম।
এখন তো আপনি তারকাই হয়ে গেছেন। নিজের শহরে আগের জীবনের সঙ্গে এখনকার জীবনের পার্থক্য কী?
সৌম্য: আসলে এখন সবাই চেনে তো...ইচ্ছে করলেই সবকিছু করা যায় না। সব জায়গায় যাওয়া যায় না। মানুষ ভিড় করে। কিছু কিছু সময় তো থাকেই, যেটা ব্যক্তিগতভাবে কাটাতে ইচ্ছে করে। তখন হয়তো একটু সমস্যা হয়। তবে আমার এসবে এখন পর্যন্ত ভালোই লাগছে।
একসময় রবিউল ইসলাম ছিলেন জাতীয় দলে সাতক্ষীরার একমাত্র প্রতিনিধি। তাঁকেও সেখানে সবাই চেনে। তখন কি মনে হতো, যদি আপনিও এ রকম তারকা হতে পারতেন?
সৌম্য: রবিউল ভাইয়ের সঙ্গে কখনো নিজেকে তুলনা করিনি। তবে এ রকম স্বপ্ন তো ছিলই। সব সময়ই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, বড় ক্রিকেটার হব। আমাকে সবাই চিনবে।
আপনার গ্রামের বাড়িতে আগে বিদ্যুৎ ছিল না। আপনার কারণেই নাকি এখন বিদ্যুতের আলোয় আলোকিত সেই গ্রাম...
সৌম্য: আসলে আমার কারণে হয়েছে কি না জানি না। হয়তো বা কেউ শুনেছেন যে সৌম্য সরকারের গ্রামে বিদ্যুৎ নেই, তখন তিনি ব্যবস্থা নিয়েছেন, এটা হতে পারে।
আপনাদের কারণে সাতক্ষীরায় ক্রিকেটের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে বলে শোনা যায়। আগের চেয়ে অনেক বেশি ছেলে এখন ক্রিকেটে আসছে। আপনি নিজেও কি তেমন দেখছেন?
সৌম্য: হ্যাঁ, সবার মধ্যেই আগ্রহ বেড়েছে। বেশ কয়েকটা নতুন একাডেমি হয়েছে। নতুন নতুন ছেলেরা আসছে। সাতক্ষীরায় অনেক মাঠ আছে, যেখানে ছেলেরা চাইলেই টেপ টেনিস দিয়ে খেলতে নেমে যেতে পারে। তবে ক্রিকেট বলে খেলার মাঠ কম। লিগও নিয়মিত হয় না। আগে অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল। নিয়মিত খেলা না হওয়ায় অনেকে খেলা ছেড়ে দিয়েছে। তা ছাড়া ক্রিকেট খেলার জন্য যেসব আধুনিক সুযোগ-সুবিধা প্রয়োজন, সেগুলোও এখানে তেমন একটা নেই।
খেলার প্রসঙ্গে আসি। আন্তর্জাতিক ক্রিকেটে এর মধ্যেই ১৬টি ওয়ানডে খেলে ফেলেছেন। টেস্টও খেলেছেন তিনটি। এখন পর্যন্ত অভিজ্ঞতা কেমন?
সৌম্য: অভিজ্ঞতা ভালোই। অল্প সময়ের মধ্যেই বিশ্বকাপের মতো একটা বড় আসরে খেলে ফেলেছি। আমার চোখে এটাই বড় অর্জন—দেশের হয়ে বিশ্বকাপ খেলেছি। কারণ, বিশ্বকাপে খেলা সবার ভাগ্যে থাকে না।
বিকেএসপির ছাত্র থাকা অবস্থায়ই ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন। এরপর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, এখন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মূল পার্থক্য কী মনে হয়?
সৌম্য: পার্থক্য তো অনেক। চাপ, উইকেট, প্রতিপক্ষ, প্রত্যাশা—সবকিছুতেই পার্থক্য। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন একটা জগৎ। এর সঙ্গে আসলে অন্য কিছুর তুলনা চলে না।
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও আপনার ব্যাটিং দেখলে সেটা মনে হয় না। ভয়ডরহীন একটা ব্যাপার আছে আপনার ব্যাটিংয়ে, এটির কী রহস্য?
সৌম্য: আসলে ছোটবেলা থেকেই আমি এভাবে খেলি। আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবেই খেলার চেষ্টা করছি। খেলার ধরনে আমি কোনো পরিবর্তন আনিনি, বাড়তিও কিছু করিনি। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলি, সেই স্বাভাবিক ব্যাটিংটাই জাতীয় দলের হয়েও করছি।

একটা সাক্ষাৎকারে বলেছেন, একসময় আপনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। পরে বাঁহাতি হয়ে গেছেন। ব্যাপারটা একটু খুলে বলবেন?
সৌম্য: আসলে সে রকম কিছু নয়। ডানহাতি বলতে আমি কিন্তু কখনো ডান হাতে খেলিনি। তবে সবকিছু আমি ডান হাতেই করি, কারণ, আমার শক্তি ডান হাতে বেশি। ছোটবেলায় সৌরভ গাঙ্গুলীর বড় ভক্ত ছিলাম। ব্রায়ান লারার খেলাও ভালো লাগত। সে জন্যই চেয়েছিলাম ডান হাতে না করে যদি বাঁ হাতে ব্যাট করা যায়। বাঁ হাতে ব্যাটিং এভাবেই শুরু।
সবকিছু যেখানে ডান হাতে করেন, বাঁহাতি ব্যাটসম্যান হতে গেলে তো সমস্যা হওয়ার কথা...
সৌম্য: কোনো সমস্যা হয়নি। ওই যে বললাম, গাঙ্গুলীর খেলা খুব দেখতাম। তাঁকে খুব ভালো লাগত। আমি যেমন ডান হাতে বল করি, তিনিও তো ডান হাতেই বল করতেন। আমার যেহেতু ডান হাতেই শক্তি বেশি, ব্যাটিং ছাড়া অন্য সব...বোলিং-থ্রো সব ডান হাতেই করি।
ক্রিকেটার হওয়ার পেছনে পরিবারের অবদান কতটুকু?
সৌম্য: পুরো অবদানই পরিবারের। পরিবারের জন্যই আজ আমি এখানে। খেলার ব্যাপারে তারা সব সময় আমাকে সমর্থন দিয়ে গেছে। আর এখন তো সবাই সমর্থন দিচ্ছে।
জাতীয় দলে আসার পর অনেক ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। পরিবারকে কতটা মিস করেন?
সৌম্য: অনেক বেশি। আমি প্রচণ্ড হোমসিক একটা ছেলে। খেলা চলাকালীন কোনো সমস্যা হয় না। কারণ, তখন তো সবাই একসঙ্গে থাকি। কিন্তু খেলা শেষে যখন ছুটি হয়, ওই সময়টা আমি ঢাকায় থাকতে পারি না। বাসায় চলে আসি। বিকেএসপিতে থাকতেও তা-ই করতাম।
আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ কোনো লক্ষ্য কি আছে? ধরুন, ক্যারিয়ার শেষে টেস্টে নিজের নামের পাশে কত রান দেখতে চান বা এ রকম অন্য কিছু...
সৌম্য: লক্ষ্য সবারই কিছু না কিছু থাকে, আমারও আছে। সেটা প্রকাশ্যে বলতে চাচ্ছি না। তবে আমি চাই, দলে একজন অলরাউন্ডার হিসেবে থাকতে। ব্যাটিং-বোলিং দুটিতেই যেন দলকে সার্ভিস দিতে পারি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত নিজের সেরা ইনিংস মনে করেন কোনটিকে?
সৌম্য: বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি। ওয়ানডেতে প্রথম ফিফটি তো ওটাই!