'বার্ডস নেস্টে দৌড়ানো স্বপ্নের মতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজবাহ আহমেদ
মেজবাহ আহমেদ

প্রতিবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গিয়ে হতাশাজনক পারফরম্যান্সই করেন বাংলাদেশের অ্যাথলেটরা। এবার বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও হতাশা নিয়ে ফেরা বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ পুরোনো ঢঙেই আত্মপক্ষ সমর্থন করলেন
* এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতাটা কেমন হলো?
মেজবাহ আহমেদ: মোটেও ভালো নয়। প্রতিযোগিতা শুরুর আগে আমি কোথায় থাকি, কীভাবে অনুশীলন করি সেই খবর তো কেউই নেয়নি। শুধু টাইমিং খারাপ হলে বা হিটে বাদ পড়লেই সবাই সমালোচনায় মুখর হয়ে ওঠে।
* গত বাংলাদেশ গেমসে ইলেকট্রনিক স্কোরবোর্ডেই টাইমিং করেছিলেন ১০.৭৪ সেকেন্ড। অথচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১.১৩! এতটা অবনতির কারণ কী?
মেজবাহ: বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য অন্য দেশের অ্যাথলেটরা কমপক্ষে এক থেকে দেড় বছর আগে অনুশীলন শুরু করে। ওই সব দেশের অ্যাথলেটরা নির্দিষ্ট প্রতিযোগিতার জন্যই সারা বছর অনুশীলন করে। কিন্তু আমরা কী করি? যখন ফেডারেশনে চিঠি আসে যে অমুক তারিখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুরু হবে, তখন বাছাই করি অমুক খেলতে যাবে। কিন্তু সে অনুশীলন করল কি করল না, সেই খোঁজ রাখে না কেউ। একরকম জোর করেই খেলতে পাঠিয়ে দেওয়া হয়। আর টাইমিং খারাপ হলে ওই অ্যাথলেটের ওপরই দোষ আসে যে সে ভালো টাইমিং করতে পারে না।
* তাহলে কি ফেডারেশনের উদাসীনতাই খারাপ হওয়ার বড় কারণ?
মেজবাহ: অবশ্যই, ফেডারেশনকেই উদ্যোগ নিতে হবে সবার আগে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও (বিওএ) দায়িত্ব আছে। যদি নির্দিষ্ট একটি খেলার জন্য একজনকে অন্তত বছরব্যাপী ট্রেনিং করানো হয় তাহলে পারফরম্যান্স এমনিতেই ভালো হবে।
* আপনি অনুশীলনের মধ্যে থাকলে কি দশের কাছাকাছি স্কোর করতে পারতেন?
মেজবাহ: ট্রেনিংয়ের মধ্যে থাকলে অবশ্যই ভালো টাইমিং হতো। এমনকি পরের রাউন্ডেও খেলতে পারতাম। বেইজিংয়ে দেখেছি ১০.৯৪ সেকেন্ডে দৌড়েও কেউ পরের রাউন্ডে খেলেছে। এর চেয়েও ভালো টাইমিং আমি ঘরোয়া টুর্নামেন্টেই করেছি।
* নিজেও তো উদ্যোগী হয়ে অনুশীলন করতে পারেন?
মেজবাহ: নিজে নিজে আর কতটুকু করা সম্ভব! ফেডারেশন যদি কয়েকজনকে নিয়ে ট্রেনিং করায় তাহলে সবার পারফরম্যান্স ভালো হতো। আগামী জানুয়ারিতে এসএ গেমস শুরু হবে। অথচ আমাদের ক্যাম্পই শুরু হয়নি। এরপর এসএ গেমসে টাইমিং খারাপ হলে দোষটা আমাদের ওপর আসবে। গত এসএ গেমসের সময় বাংলাদেশে গেমস হলো বলেই ১৩ মাস অনুশীলন করেছিলাম। বেইজিংয়ে গিয়ে ভারতের অনেক বন্ধুর সঙ্গে কথা হলো। ওরা এসএ গেমসের জন্য গত ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করে দিয়েছে।
* বার্ডস নেস্ট স্টেডিয়ামে দৌড়ানোর অনুভূতি কী?
মেজবাহ: বার্ডস নেস্টে দৌড়ানো আমার কাছে স্বপ্নের মতো ছিল। বোল্ট-গ্যাটলিনসহ বড় অ্যাথলেটরা যেখানে দৌড়েছে সেখানে আমিও দৌড়ালাম। ভাবতেই ভালো লাগে। রেজাল্ট যা-ই হোক বার্ডস নেস্টে দৌড়েছি, এটা ভেবেই ভালো লাগছে।
* এবার কি বড় কোনো স্প্রিন্টারের সঙ্গে কথাবার্তা হয়েছে, কোনো পরামর্শ নিয়েছেন?
মেজবাহ: শুধু শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের (মেয়েদের ১০০ মিটারে সোনাজয়ী) সঙ্গে কথাবার্তা বলেছি। ছবিটবিও তুলেছি। শেলির সঙ্গে অনুশীলনও করেছি। এ ছাড়া অন্য আর কারও সঙ্গে কথা হয়নি। ট্রেনিং নিয়ে কারও সঙ্গে কথা বলিনি।
* যাওয়ার আগে বলেছিলেন বোল্টের সঙ্গে দেখা করবেন...
মেজবাহ: আসলে রেজাল্ট খারাপ হওয়ায় মন খুব খারাপ হয়ে গিয়েছিল। তা ছাড়া বোল্টের যেদিন ১০০ মিটার দৌড় ছিল তার এক দিন আগেই আমার দৌড় শেষ। তাই ইচ্ছে করেই মাঠে যাইনি ওর খেলা দেখতে। আমি অবশ্য গতবার রাশিয়ায় মাঠে বসে ওর খেলা দেখেছিলাম। সেবার মানুষের হইচইয়ের মধ্যে প্রাণভরে দৌড়টা উপভোগ করতে পারিনি। স্কোরকার্ডে দেখেই বুঝতে পেরেছিলাম বোল্ট সোনা জিতেছে। এবার তাই হোটেল রুমে বসে ওর দৌড় দেখেছি।