'বিন্দ্রাকেও হারানো সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ হেল বাকি
আবদুল্লাহ হেল বাকি

গ্লাসগোগামী বিমানে ওঠার আগে ফেডারেশন ঘোষণা দিয়েছিল সোনাজয়ী শ্যুটারদের ১০ লাখ, রুপাজয়ীদের ৭ লাখ আর ব্রোঞ্জ জিতলে ৫ লাখ টাকা দেওয়া হবে। জুলাইয়ে কমনওয়েলথ গেমসে ছেলেদের ১০ মিটার এয়াররাইফেলে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি পুরস্কারের ৭ লাখ টাকা হাতে পেলেন সম্প্রতি। এটা তাঁকে অনুপ্রাণিত করছে আরও।
l প্রতিশ্রুত ৭ লাখ টাকা তো পেয়ে গেলেন?
আবদুল্লাহ হেল বাকি: হ্যাঁ। ফেডারেশন আমাকে অ্যাকাউন্টপেয়ি চেক দিয়েছে। আসলে টাকাটা পেয়ে খুবই ভালো লাগছে। ঘোষণার পর পরই প্রতিশ্রুত টাকা দিয়ে দিল ফেডারেশন, এ জন্য একটু বেশিই খুশি। এটা খুবই ভালো একটা দিক।
l সেপ্টেম্বরে এশিয়ান গেমস। এই পুরস্কার নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা জোগাবে?
বাকি: তা তো অবশ্যই। শুধু আমার জন্যই নয়, পুরো শ্যুটিংয়ের জন্যই এটা একটা ইতিবাচক দিক। এখন অন্য শ্যুটাররাও একটু বাড়তি অনুশীলন করছে। আরও বেশি মনোযোগী হচ্ছে।
l আপনার অনুশীলন কেমন চলছে?
বাকি: অনুশীলন খুবই ভালো হচ্ছে। এখানে আমরা বিদেশি কোচের (কোরিয়ান কোচ লি) অধীনে অনুশীলন করছি। আমার পদক জয়ে কোচের অনেক অবদান। গত ৭-৮ মাস ওনার পরিকল্পনামতোই আমি এগোচ্ছি।
l কমনওয়েলথে রুপা জিতলেন। নিজের আরও কতটুকু উন্নতির জায়গা আছে বলে মনে করেন?
বাকি: আসলে উন্নতির তো শেষ নেই। এখন আমার একটাই লক্ষ্য অনুশীলনে যে স্কোর করছি সেটাই যেন গেমসে গিয়ে করতে পারি। আপাতত শুধু নিজের পারফরম্যান্স নিয়েই ভাবছি। আরও ভালো রেজাল্টের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।
l রুপা জয়ের পর এলাকায় গিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন দেখলেন?
বাকি: সে এক অন্য রকম অনুভূতি। মনে হলো একটু হলেও আমার চারপাশের জগৎটা বদলে গেছে। সবাই আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। এটা খুবই ভালো লেগেছে। সবাই এগিয়ে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে। অনেককে হয়তো চিনিও না, দেখা হলে হাসিমুখে কথা বলছে। সত্যি বলতে কী, এমন রেজাল্টের জন্য অনেক দিন অপেক্ষায় ছিলাম। রুপা জিতেছি বলে অনেক বন্ধু খুব খুশি। আবার অনেকে অসন্তুষ্টও।
l অসন্তুষ্ট কেন?
বাকি: আসলে ওরা চেয়েছিল আমি যেন সোনা জিতি।
l খেলোয়াড়দের উৎসাহ দিতে আর্থিক পুরস্কারের ঘোষণার প্রথাটা তো আগে চালু ছিল না ফেডারেশনে...।
বাকি: ফেডারেশন এটা করে খুবই ভালো কাজ করেছে। এ ঘোষণা দেওয়ার পর থেকে শ্যুটারদের মধ্যে অন্য রকম কিছু করার তাড়না কাজ করছে। এমনিতেই শ্যুটিংয়ে তেমন টাকাপয়সা পাওয়া যায় না। শ্যুটিং করে জীবন ধারণ করা যায় না। আমরা যারা এই খেলায় এসেছি, খেলাটাকে ভালোবেসেই এসেছি। এখন আর্থিক পুরস্কারের ঘোষণা শ্যুটিংয়ের প্রতি সবার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। শুনেছি, অলিম্পিকও (বিওএ) এমন ঘোষণা দেবে। তাহলে তো সেটি আমাদের জন্য আরও বেশি অনুপ্রেরণাদায়ক হবে।
l ইদানীং আপনি অনুশীলনে যোগব্যায়াম করছেন...
বাকি: শ্যুটিংয়ে মনোযোগটা বড় একটা বিষয়। আর যোগব্যায়াম মানুষের মনোজগতে অনেক পরিবর্তন এনে দেয়। ইয়োগার ক্লাস করলে মানসিক অবস্থা শক্তিশালী হয়। এটা করে অনেক উপকার পাচ্ছি।
l গ্লাসগোতে অলিম্পিকে সোনাজয়ী ভারতের অভিনব বিন্দ্রার কাছে হেরেছেন। তাঁর সঙ্গে তো অনেকবার খেলেছেন। কখনো কি মনে হয়েছে বিন্দ্রাকে হারানো সম্ভব?
বাকি: আমি মনে করি, বিন্দ্রাকেও হারানো সম্ভব। এর আগে একবার ইরানে গিয়ে বিশ্বকাপে বিন্দ্রার চেয়ে ভালো স্কোর করেছিলাম। গ্লাসগোতে যাওয়ার আগে যদি আরও ভালো অনুশীলন করতে পারতাম, হয়তো ওকে হারাতেও পারতাম। তবে এটা সত্যি, এখন আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে।