
গত জুন থেকে ১০টি টুর্নামেন্ট খেলেছেন বিশ্বের নয়টি দেশে। ক্যারিয়ারের তৃতীয় এশিয়ান ট্যুর ট্রফি দুবার তাঁকে হাতছানি দিয়ে মিলিয়ে গেছে হতাশায়। তবে হতাশার মধ্যেও প্রাপ্তি খুঁজে পাচ্ছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান
* টানা টুর্নামেন্ট খেলতে খেলতে নিশ্চয়ই ক্লান্ত আপনি?
সিদ্দিকুর রহমান: ক্লান্তি তো অবশ্যই আছে। এতগুলো টুর্নামেন্ট একটানা খেলা সহজ নয়। এমনিতেই অনেক শক্তি ক্ষয় হয় গলফ কোর্সে। এরপর আছে ভ্রমণক্লান্তি। যদিও এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি। আমি আসলে নিজের পারফরম্যান্স আরেকটু উন্নত করতে চাই। এ জন্যই এত বেশি টুর্নামেন্টে খেলছি। পারফরম্যান্স আরেকটু ভালো হলে খেলা আরও কমিয়ে দিতাম।
* এরপর কোথায় খেলবেন?
সিদ্দিকুর: এবার প্রথমে খেলব ভিয়েতনামের হো ট্রাম ওপেনে। এ জন্য সোমবার দুপুরেই ঢাকা ছাড়ব। ভিয়েতনাম থেকে যাব থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপে খেলতে। বছরের শেষ টুর্নামেন্টটা খেলব ফিলিপাইন ওপেনে। এই তিনটি টুর্নামেন্টেই এখন সব নজর। ওখানে শতভাগ উজাড় করে খেলতে চাই। দেখি, ভাগ্যে কী আছে। এই তিনটি টুর্নামেন্টের যেকোনো একটিতে চ্যাম্পিয়ন হতে চাই।
* সিঙ্গাপুর ক্লাসিকে তিন রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিলেন। সবার প্রত্যাশা ছিল হয়তো আরেকটি শিরোপা জিততে যাচ্ছেন। কিন্তু শেষ রাউন্ডে শীর্ষ থেকে অবিশ্বাস্যভাবে ৩০তম হলেন কী করে?
সিদ্দিকুর: আমার মনে হয় সেদিন একটু বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। কখনো কখনো নিজেও বুঝতে পারি না, সত্যিই কি মনের অজান্তে চাপটা বেশি নিয়ে ফেলছি! তখন আমার মনের মধ্যে কেমন লাগে বা কী কাজ করে এটা অনেক সময় কাউকে বোঝাতে পারি না। এগুলো যাঁরা অভিজ্ঞ খেলোয়াড় তাঁরাই বুঝতে পারেন। দিল্লি আর সিঙ্গাপুরে আমার প্রায় একই অবস্থা হয়েছিল।
* এমন পরিস্থিতিতে কি কোচের কোনো পরামর্শ নেন?
সিদ্দিকুর: দিল্লিতে প্যানাসনিক ওপেন, সিঙ্গাপুরে ও ফিলিপাইনে ম্যানিলা মাস্টার্স—এই তিন সপ্তাহেই সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন আমার কোচ (যুক্তরাষ্ট্রের শেন গিলেস্পি)। তিনি আমার পারফরম্যান্সে হতাশ নন। তিনি বলেছেন এভাবেই একসময় জয়ের অভ্যাসটা হবে। জানেন তো, আমি এখনো পিঠের ইনজুরিতে ভুগেছি। এখন যদিও সেটা অনেক ভালো। কিন্তু লিডারবোর্ডে শীর্ষে থেকে খেলার চাপের সঙ্গে অভ্যস্ত হওয়া সহজ নয়। আমি এখনো এটা নিয়ে লড়াই করে যাচ্ছি।
* কোচ নিশ্চয়ই আপনার দুর্বলতার জায়গা খুঁজে পেয়েছেন?
সিদ্দিকুর: হ্যাঁ। তিনি যেটা বললেন, তা হলো আমি সব সময় মানসিকভাবে ক্লান্ত থাকি। টানা খেললে এমনিতেই চাপ পড়ে। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আমার খেলা ঠিক আছে। খেলা দেখে তিনি খুশি।
* মানসিক ক্লান্তির কথা বলছিলেন। সে ক্ষেত্রে কি মনোবিদের শরণাপন্ন হবেন?
সিদ্দিকুর: তেমনটাই ভাবছি। এটা নিয়ে আমাকে এখন অনেক কাজ করতে হবে।
* এভাবে বারবার শিরোপার কাছ থেকে ফিরে আসাটা কতখানি হতাশার?
সিদ্দিকুর: যেকোনো টুর্নামেন্টেই কাছে গিয়ে যদি শিরোপা না জেতা যায়, তার চেয়ে হতাশার কিছু হতে পারে না। তবে বিশ্বের অনেক বড় বড় গলফারেরই এমন ঘটনা আছে। মানুষ হয়তো ভাবে আমি খুব বাজে খেলছি। আসলে তা নয়। অনেক বড় গলফারেরও এমন বিপর্যয় দেখা যায়। ব্রিটিশ ওপেনে অ্যাডাম স্কট শেষ চার হোল বগি করেছিলেন। পিজিএতে জেসন ডাফনার, ইউএস ওপেনে ডাস্টিন জনসন শেষ মুহূর্তে এসে ডাবল, ট্রিপল বগিও মেরেছেন। গলফে এসব হয়। আমি এটি বিপর্যয় না ভেবে, অভিজ্ঞতা হিসেবে নিচ্ছি। এটা ভবিষ্যতে কাজে লাগবে। ওই ভয়টা, নার্ভাসনেসটা দেখা যাবে পরে আর থাকবে না।