'বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ
২৭ জানুয়ারি বাংলাদেশে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের যুবাদের অনুশীলন শুরু হচ্ছে আজ থেকে। এ নিয়েই কথা বললেন যুব বিশ্বকাপে টানা দ্বিতীয়বার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

* বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি তো শুরু হয়ে যাচ্ছে...
মেহেদী হাসান: হ্যাঁ, সবাই কয়েকটা দিন ছুটি কাটালাম। বিশ্বকাপের আগে বিরতিটা দরকারও ছিল। এর আগে টানা কয়েকটি সিরিজ খেলেছি। একটু ক্লান্তি ভর করেছিল। ছুটি পাওয়ায় এখন সতেজ হয়ে অনুশীলন শুরু করতে পারব।
* আপনার দলের অবস্থা কী?
মেহেদী হাসান: ভালো। সর্বশেষ ভারত সফরে গিয়ে একটু ধাক্কা খেয়েছিলাম। তবে সেখান থেকে ফিরে বিসিবি একাদশের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর আল্লাহর রহমতে দলের অবস্থা এখন বেশ ভালো। ব্যাটসম্যানরা রান পেয়েছে। বোলাররা ভালো করেছে। কয়েকটি প্রস্তুতি ম্যাচ জিতেছি। সব মিলিয়ে ভালো অবস্থায় আছে দল।
* যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য তো প্লেটেই সীমাবদ্ধ। এই ‘চক্র’ থেকে বাংলাদেশ বেরোতে পারবে বলে মনে হয়?
মেহেদী হাসান: আমরাও প্লেটে খেলতে চাই না। কোনো দুর্ঘটনা না ঘটলে এবার কাপেই খেলব, ইনশা আল্লাহ। বিশ্বকাপের আগের সময়ে ছোট ছোট সমস্যাগুলো সমাধান হয়ে গেলে ভালো কিছু হবে। গত বিশ্বকাপে খুব সামান্য ভুলে অনেক বড় মাশুল দিতে হয়েছে। এবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এ তিনটি ম্যাচে ভালো করতে পারলে দারুণ কিছুই হবে।
* কাপ ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন?
মেহেদী হাসান: অবশ্যই কাপ ফাইনালে ওঠার স্বপ্ন দেখি। প্রথম রাউন্ডে শক্ত প্রতিপক্ষ বলতে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে যদি চ্যাম্পিয়ন হতে পারি, পরের পর্ব কিছুটা সহজ হতে পারে। আমরা তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যেতে চাই। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত এক বছরে আমাদের রেজাল্টও ভালো। এটাও উৎসাহিত করছে। তা ছাড়া ওদের ভালোভাবে জানার সুযোগ হয়েছে।
* ঘরের মাঠে বিশ্বকাপ, এটা কি বাড়তি চাপ?
মেহেদী হাসান: ক্রিকেটে সব সময়ই চাপ থাকে। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ, মানুষের প্রত্যাশাও থাকবে বেশি। তবে আমাদের চাপের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। আমরা যদি বড় স্বপ্ন দেখি, বড় ক্রিকেটার হতে চাই, তাহলে চাপ নিয়ে খেলতে হবে। আমাদের মনোযোগ ঠিক থাকলে আশা করি সমস্যা হবে না।
* আপনার দলের মূল শক্তি কী?
মেহেদী হাসান: মূল শক্তি অবশ্যই স্পিন। যেহেতু ঘরের মাঠে খেলা, এই কন্ডিশনে স্পিন ভালো ধরবে। আমাদের দলে মোট স্পিনার পাঁচজন। এর মধ্যে তিনজন ‘বিশেষজ্ঞ’, বাকি দুজন অলরাউন্ডার। দলের আরেকটা শক্তি হচ্ছে ব্যাটিং। ব্যাটসম্যানরা ভালো করলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।
* আপনার চোখে এই বিশ্বকাপে ফেবারিট কারা?
মেহেদি হাসান: এই কন্ডিশনে উপমহাদেশের সব দলই ফেবারিট। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার যেকোনো একটি চ্যাম্পিয়ন হতে পারে।
* নতুন বছরের শুরুতে নিশ্চয়ই বড় স্বপ্ন দেখছেন?
মেহেদি হাসান: ২০১৫ সালে খুবই ভালো সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। জাতীয় দল অনেক সাফল্য পেয়েছে। আমাদের অনূর্ধ্ব-১৯ দলও অনেকগুলো সিরিজ জিতেছে। নতুন বছরের শুরুতে স্বপ্ন দেখি, এ বছরটা আরও ভালো যাবে। আমার সবচেয়ে বড় স্বপ্ন, ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়া। যদি চ্যাম্পিয়ন হতে পারি, সারা জীবন মানুষ মনে রাখবে বছরটা।