'বিশ্বকাপ দিয়ে নিজেকে চেনাতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌম্য সরকার
সৌম্য সরকার

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুটি বিশ্বকাপ খেলেছেন তিনি। খেলেছেন ২০১০ ও ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবার যাচ্ছেন আসল বিশ্বকাপেই। আলোচনায় যদিও ছিলেন, তার পরও বাংলাদেশের বিশ্বকাপ দলে ছোটখাটো চমক তাঁর নামটিই। সৌম্য সরকার জানালেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুভূতি ও বেড়ে ওঠার কথা
দল ঘোষণার পর বলেছিলেন, অনুভূতি বুঝে উঠতে পারছেন না। এখন কি একটু হজম হলো?
সৌম্য সরকার: সত্যি বলতে, এখনো হয়নি। একটা ঘোরের মধ্যে আছি যেন। ছোট থেকেই চারপাশে বিশ্বকাপ বিশ্বকাপ শুনে এসেছি, টিভিতে দেখেছি। কত আলোচনা, কথা, উন্মাদনা বিশ্বকাপ নিয়ে। সেই বিশ্বকাপ খেলতে যাচ্ছি আমি। স্বপ্নের ভেতর আছি যেন।
অভিনন্দনের বন্যায় ভাসছেন নিশ্চয়ই?
সৌম্য: তা তো হবেই, বিশ্বকাপ বলে কথা। চারপাশের সবাই, সাতক্ষীরার অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আমার মা সাতক্ষীরায় থাকেন, বাবা সরকারি কর্মকর্তা, থাকেন চুয়াডাঙ্গায়। দুই ভাইয়ের সঙ্গে আমি ঢাকায় থাকি। সবাই অনেক অ-নে-ক খুশি।

প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন, তবু বিশ্বাস কতটা ছিল?

সৌম্য: জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হলো, তখন বুঝলাম যে আমাকে নিয়ে হয়তো ভাবা হচ্ছে। এর আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান করেছিলাম। ভাবলাম যে বিশ্বকাপের ৩০ জনের দলে অন্তত থাকব। প্রিমিয়ার লিগে রান পেলে মূল দলেও থাকতে পারি। এ জন্য ইচ্ছে ছিল লিগে ভালো করার। সেটা করেছি, তার পরও নিশ্চিত ছিলাম না। খবরটা শুনে তাই অসম্ভব ভালো লেগেছে।

বেড়ে ওঠার কথা বলুন, ক্রিকেটের শুরু কীভাবে?

সৌম্য: আমার বড় ভাই ক্রিকেট খেলতেন, ছোট থেকেই ওর সঙ্গে মাঠে যেতাম। খেলতে ভালো লাগত আমার। ২০০৪ সালে প্রথম ক্রিকেট বলে খেলি, পরের বছর অনূর্ধ্ব-১৩ খেলতে প্রথমবার এলাম ঢাকায়। ২০০৬‍ সালে বিকেএসপিতে। ওখানেও প্রথম বছর সিরিয়াস ছিলাম না, তখন মনের আনন্দে খেলতাম। একবার অনূর্ধ্ব-১৭ দল করতে গিয়ে বাদ দেওয়া হলো আমাকে। তখন জেদ চেপে গেল মনে। সেখান থেকেই সিরিয়াসলি শুরু। বিকেএসপির হয়েই ঢাকার ক্লাব ক্রিকেটে খেলি, এরপর ভিক্টোরিয়া হয়ে এবার তো প্রাইম ব্যাংক।

বড় ভাই পুষ্পেন সরকার তো আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা?

সৌম্য: তারহাত ধরেই খেলা শুরু। অনেক দিন খেলেছে সে, ঢাকার ক্লাব ক্রিকেট, করপোরেট ক্রিকেটে খেলেছে। পরে ইনজুরির কারণে চালিয়ে যেতে পারেনি। এ জন্য খুব করে চেয়েছে আমাকে বড় ক্রিকেটার বানাতে। বিকেএসপিতে দেওয়াসহ আমাকে দেখাশোনা সব ভাইয়াই করেছেন। আমিও চেয়েছি ভাইয়ের জন্য হলেও ভালো করতে।

ক্রিকেটে আদর্শ কেউ ছিল?

সৌম্য: দেশে সব সময়ের আদর্শ মাশরাফি ভাই। সাকিব ভাইও। দেশের বাইরে ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা ও যুবরাজ সিং।

নির্বাচকেরা আপনাকে অলরাউন্ডারের ভূমিকায় দেখতে চান, কতটা পারবেন বলে বিশ্বাস আপনার?

সৌম্য:বোলিংআগেও করতাম, তবে গত কিছুদিনে একটু বেশি জোর দিয়েছি। এবার লিগে ভালোই হয়েছে বোলিং। আশা করি, নির্বাচকদের চাওয়া পূরণ করতে পারব।

২০১০ সালে নিউজিল্যান্ড, ২০১২ সালে অস্ট্রেলিয়ায় যুব বিশ্বকাপ খেলেছেন, ওই অভিজ্ঞতা কতটা মনে আছে?

সৌম্য:শুরুতেমানিয়ে নিতে একটু সমস্যা হয়েছিল। আস্তে আস্তে ঠিক হয়েছে। দুটি বিশ্বকাপেই আমি খুব খারাপ করিনি, খুব ভালোও না। তখনকার চেয়ে আমার খেলায় উন্নতি হয়েছে। মূল বিশ্বকাপের চ্যালেঞ্জটাও অনেক বেশি। আমরা তো আগেভাগেই যাচ্ছি। আশা করি, মানিয়ে নিতে পারব দ্রুত।

বিশ্বকাপে স্বপ্ন, লক্ষ্য?

সৌম্য:প্রথমলক্ষ্য অবশ্যই সেরা একাদশে ঢোকা। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চাই। এমন খেলতে চাই যেন বিশ্বকাপ দিয়ে দেশের মানুষ আমাকে চিনতে পারে।