'বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ঢুকে গিয়েছিলেন। যখন বের হলেন, পরনে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ট্রাউজার। বিগ ব্যাশে এবার অবশ্য খেলবেন মেলবোর্ন রেনিগেডসের হয়ে। তার আগে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। ফতুল্লায় কাল দারুণ বোলিং ও নেতৃত্বে জেতালেন লিজেন্ডস অব রূপগঞ্জকে। ম্যাচ শেষে সাকিব আল হাসান কথা বললেন কালকের ম্যাচ আর বিগ ব্যাশের রোমাঞ্চ নিয়ে
কতটা স্বস্তির আজকের এই জয়?
সাকিব আল হাসান: আজকে (গতকাল) হারলে শিরোপা লড়াই থেকেই ছিটকে যেতাম। এখন অন্তত সম্ভাবনাটা টিকে থাকল। পয়েন্টের ব্যবধান এখন নাগালের মধ্যেই। আর সুপার লিগে সব দলই সবাইকে হারাতে পারে। এখন যদি আমরা ধারাবাহিক পারফর্ম করতে পারি, পরের তিন ম্যাচ যদি জিততে পারি, কে জানে চ্যাম্পিয়ন হয়েও যেতে পারি। সেটাও যদি না পারি, অন্তত রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে। যতটা সম্ভব ভালো করার চেষ্টা করব।
বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন আবার, কতটা রোমাঞ্চিত?
সাকিব: রোমাঞ্চিত অবশ্যই। বিসিবিকে ধন্যবাদ জানাব। বিশেষ করে পাপন (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ভাইকে ধন্যবাদ জানাব। ওনাকে বলেছিলাম, এখনো এনওসি পেলে হয়তো বিগ ব্যাশে একটা দল পাব। উনি আমার কথায় বিশ্বাস রেখেছিলেন। একই সঙ্গে আমার এজেন্ট বা ম্যানেজারকেও ধন্যবাদ। এত অল্প সময়ের মধ্যে দল পাওয়া সহজ কিছু নয়। নিজেকে ভাগ্যবান মনে করছি এ জন্য। বেশ কয়েকটা মাঠে খেলার সুযোগ পাব। আবহাওয়া-পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারব। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না।
ক্রিকেট বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বিগ ব্যাশ কি তবু অন্য রকম?
সাকিব: অবশ্যই অন্য রকম এবং সবচেয়ে কঠিনও। টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে আমার মনে হয় বিগ ব্যাশ ওপরের দিকেই থাকবে। এই টুর্নামেন্টে ভালো করাটা আমার জন্য চ্যালেঞ্জ। আর সবচেয়ে বেশি জরুরি বিশ্বকাপের জন্য। বিগ ব্যাশে ভালো করতে পারলে বিশ্বকাপে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।
চ্যালেঞ্জটা নিতে কতটা তৈরি?
সাকিব: প্রতিটা ম্যাচ, টুনামেন্টই চ্যালেঞ্জ। আমি যদি মনে করি প্রিমিয়ার লিগের ম্যাচে রিল্যাক্সড থাকব, সেটা সম্ভব নয়। পেশাদার ক্রিকেটাররা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই রিল্যাক্সড হয়ে খেলতে পারে না। চ্যালেঞ্জটাই হলো ক্রিকেট খেলার মজা। চ্যালেঞ্জ না থাকলে খেলেও মজা নেই।
মাত্র চার ম্যাচের জন্য যাচ্ছেন, কতটা পার্থক্য গড়তে পারবেন বলে মনে হয়?
সাকিব: আমি যে ২০টি দিন বাড়তি অনুশীলন করতে পারব ওখানে, এটাই অনেক বড় পাওয়া। ম্যাচে ভালো করার চেষ্টা করব অবশ্যই। কিন্তু এটা ক্রিকেট খেলা...ভালো হতে পারে, খারাপও হতে পারে। প্র্যাকটিস সেশনগুলো হবে বেশি গুরুত্বপূর্ণ। ২০ দিনে অনেক কিছু শিখতে পারব। বিশেষ করে ওরা যেহেতু ওখানে খেলে, জানে ও বোঝে কীভাবে খেলতে হয় ওখানে, কীভাবে সফল হতে হয়। এসব কাছ থেকে দেখেশুনে কাজে লাগাতে পারব। বাংলাদেশ দলের সঙ্গে যদি ওখানে এত দিন অনুশীলন করি, তাহলেও অত কিছু জানতে পারব না যতটা পারব ওদের সঙ্গে অনুশীলন করে। আমার অভিজ্ঞতা পরে দলের সঙ্গে ভাগাভাগি করতে পারব। সব মিলিয়ে দলেরই উপকার হবে।
বিশ্বকাপের আগে তাহলে অস্ট্রেলিয়ান কন্ডিশন নিয়ে ক্লাস নিতে পারবেন...
সাকিব: ক্লাস নেওয়াটা জরুরি না। সাধারণ যেটা হয়, দেশের বাইরে খেলতে গেলেই আমরা খোঁজখবর নেই নানা জায়গা থেকে...কী অবস্থা ওখানে, পিচ কেমন। সেভাবে পরিকল্পনা সাজাই। সেসব যদি নিজেদের কারও কাছ থেকে জানা যায় তাহলে আরও ভালো।
রেনিগেডসে ফিঞ্চ, সিডল, ওয়েড, ফার্গুসন, প্যাটিনসনদের পাচ্ছেন সতীর্থ হিসেবে। পরিচয় আছে তাঁদের সঙ্গে?
সাকিব: ওদের যে দুজন বিদেশি আছে এখন, দুজনের সঙ্গেই অনেক ভালো সম্পর্ক। আন্দ্রে রাসেল তো আইপিএলে আমার সতীর্থ। বিপিএলেও একসঙ্গে খুলনায় খেলেছি। অস্ট্রেলিয়ারও কয়েকজনের সঙ্গে পরিচয় আছে। আর এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ নয়। মানিয়ে নিতে খুব সমস্যা হবে না।
তামিমও মেলবোর্নে আছে হাঁটুর অস্ত্রোপচারের জন্য...
সাকিব: দেখা হবে তামিমের সঙ্গে। যদি নম্বর দেয়, তাহলে কথা হবে, দেখা তো হবেই। যেহেতু মেলবোর্নে প্রথম যাচ্ছি, আশা করি দেখা হবে।